খবর: ৪ সেপ্টেম্বর স্ত্রীকে তুলে দিয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে পা পিছলে আহত হন সিরাজগঞ্জ-৪ আসনের সাংসদ তানভীর ইমাম। এ ঘটনায় তাঁর সমর্থকেরা সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার আবদুল বাতেনকে মারধর করেন। পরে সাংসদের অভিযোগের পরিপ্রেক্ষিতে স্টেশনমাস্টার সামছুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়। (সূত্র: প্রথম আলো, ৬ সেপ্টেম্বর ২০১৭)
আসলে এসবের কিছুই হতো না, যদি স্টেশনমাস্টার বুদ্ধি করে কিছু ব্যবস্থা নিতে পারতেন। বুদ্ধিগুলো ভেবেছেন মো. রায়হান কবির
ইনজুরি টাইমের সংকেত
স্টেশনমাস্টারের বক্তব্য অনুযায়ী, ট্রেন নির্দিষ্ট সময়ের চেয়ে ১ মিনিট দেরিতে ছাড়ার পরও সাংসদ মহোদয় ট্রেন থেকে নামতে পারেননি। তাই স্টেশনমাস্টার সাংসদকে ইনজুরি টাইমের সংকেত দিতে পারতেন। কিন্তু তিনি সেটা করেননি। কর্তব্যে নিদারুণ অবহেলার আরেক উদাহরণ এটা!
শুটিং স্পটের মতো ব্যবস্থা
সিনেমার মারামারির দৃশ্যে নায়কেরা ভিলেনকে মারতে মারতে উঁচু স্থান থেকে নিচে ঝাঁপ দেন। এর সবই হয় ফ্লোরে বা মাটিতে বিছানো ফোমের ওপর। স্টেশনমাস্টার সাংসদ আসার আগে পুরো রেলস্টেশন ফোমে মুড়িয়ে দিতে পারতেন। আফসোস, এখানেও তিনি মাথা খাটাননি!
রাজনৈতিক পদ্ধতির প্রয়োগ
রাজনীতিবিদেরা নির্বাচনের আগে প্রতিশ্রুতির বাঁধ খুলে দেন। কিন্তু নির্বাচিত হলে তাঁদের হার্ডডিস্ক ক্র্যাশ করে, কোনো কিছুই আর মেমোরিতে থাকে না। তাই স্টেশনমাস্টারের উচিত ছিল দারুণ একটা সময়সূচি দিয়ে সময়মতো ট্রেন না ছাড়া। অথচ তিনি এখানেও ব্যর্থ!
ফুলের বদলে আঠা দিয়ে বরণ
ভিআইপিদের ফুল দিয়ে স্বাগত জানানোর রেওয়াজ আছে। রেলস্টেশনে পা পিছলানোর ভয় ছিল, এটা নিশ্চয়ই স্টেশনমাস্টার জানতেন। তাই সাংসদের জন্য ট্রেন থেকে নামার পথটায় আঠা ছড়িয়ে দেওয়া যেত। এতে আঠায় জুতা আটকে যেত আর সাংসদ পা পিছলে পড়তেন না।
চেইন টানা পার্টির ব্যবহার
স্টেশনমাস্টার নিজ উদ্যোগে সাংসদ মহোদয় যে বগিতে ছিলেন, সেখানে কিছু লোক রাখতে পারতেন। গুরুত্বপূর্ণ সময়ে চেইন টেনে ট্রেন থামানোর জন্য যারা থাকত তৎপর। আর সেটা হলে কি এমন দুর্ঘটনা এড়ানো যেত না? আসলে সব দোষ স্টেশনমাস্টারের, সাংসদ মহোদয় না জানি কত ব্যথা সইছেন! আর তাঁর সমর্থকেরাও না জানি কত কষ্টে আছেন! আহারে!