স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে

ঘড়িতে ১০টা বাজে। ক্যাপ আর গাউন পরে বন্ধুদের সঙ্গে সারিবদ্ধভাবে স্ট্যানফোর্ডের ঐতিহাসিক মেমোরিয়াল চার্চ থেকে ধীরপদে এগোচ্ছি মেইন কোয়াডে তৈরি মঞ্চের দিকে। উদ্দেশ্য, ব্যাকলরিয়েট অনুষ্ঠানে যোগ দেওয়া। দিনটি ছিল ১৩ জুন, ২০১৫। চারদিকে মায়াবী সুরের মূর্ছনার সঙ্গে সঙ্গে তখন আমার স্মৃতিপটে উঁকি দিচ্ছিল গত চার বছরের অজস্র স্মৃতি।
২০১১ সালের সেপ্টেম্বরের এক বিকেলে প্রথমবারের মতো ক্যাম্পাসে পা রাখা থেকে শুরু করে প্রতিদিন সাইকেলে ক্লাসে যাওয়া, অ্যাসাইনমেন্ট শেষ করতে লাইব্রেরিতে নির্ঘুম রাত কাটানো, ভোরের স্নিগ্ধতায় লাগুনিতা লেকের চারপাশে হেঁটে বেড়ানো আর খেয়ালি কাঠবিড়ালির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকা, ল্যাবে গবেষণায় নিমজ্জ থাকা, সাইকেল চালানো—সবকিছু যেন চোখের সামনে সেলুলয়েডের ফিতার মতো একটির পর একটি ভাসছিল। আরও ভেসে উঠছিল সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের সঙ্গে ডিনার করা, অতিথি শিক্ষক হিসেবে আসা ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের ক্লাস করা, খান একাডেমির প্রতিষ্ঠাতা সালমান খানের সঙ্গে আলাপ করা, ডিএনএর গঠন আবিষ্কারকারী নোবেল বিজয়ী জেমস ওয়াটসন, জাতিসংঘের মহাসচিব বান কি মুন, টিভি ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে, গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গে ব্রিনের মতো মানুষের সান্নিধ্যে আসার দুর্লভ সব স্মৃতি।
এ বছর ব্যাকলরিয়েট বক্তা হিসেবে এসেছিলেন বর্ণবাদবিরোধী ও নাগরিক অধিকার আন্দোলনের নেতা ভার্নন জর্ডান জুনিয়র।
১৪ জুন ছিল স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির ১২৪তম সমাবর্তন অনুষ্ঠানের মূল পর্ব। সকাল আটটার মধ্যেই আমি আমার সবচেয়ে ঘনিষ্ঠ তিন বন্ধু জিমি, ডেভান ও জেসিকার সঙ্গে চলে যাই সমাবর্তনস্থল স্ট্যানফোর্ড স্টেডিয়ামে। স্ট্যানফোর্ডের সমাবর্তন অনুষ্ঠানের এক মজার ঐতিহ্য হলো ‘ওয়াকি ওয়াক’ যেখানে স্নাতক শিক্ষার্থীরা বিভিন্নভাবে নিজেদের সাজিয়ে দলগতভাবে পুরো স্টেডিয়ামে আধা ঘণ্টা ধরে ছোটাছুটি করে মূল অনুষ্ঠানের আগে। অনেকটা বাংলাদেশের যেমন খুশি তেমন সাজোর মতো। আমরা চার বন্ধু সেজেছিলাম তাস খেলার চরিত্র কিং, কুইন, জ্যাক ও হার্টের আদলে।
সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের প্রধান আন্তর্জাতিক প্রতিবেদক রিচার্ড এঙ্গেল, যিনি নিজেও এককালে স্ট্যানফোর্ডের শিক্ষার্থী ছিলেন। তিনি ইরাক, আফগানিস্তান, সিরিয়া যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ক্রান্তিকালে সাংবাদিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা তুলে ধরেন।
সমাবর্তনের পুরোটা সময়ই আমরা বন্ধুরা ছবি তুলতে ছিলাম মহাব্যস্ত। যুক্তরাষ্ট্রের শন, জিমি, ডেভান, জেসিকা; ভারতের আর্জাভ, ভিশেষ; মালয়েশিয়ার পেং হুই; কেনিয়ার ভবিন—সবাই মিলে ছিলাম চরম উচ্ছ্বসিত।
এখন চলছে গ্রীষ্মের ছুটি। গ্রীষ্মকালীন ছুটি শেষে আমি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে যোগ দেব মাস্টার্স শিক্ষার্থী হিসেবে। সামনের বছরে স্ট্যানফোর্ডের পরিসংখ্যান বিভাগের ট্রেভর হ্যাস্টি, জেরমে ফ্রেডমান, রব টিবিশরানি, ব্র্যাড এফ্রনের মতো বিশ্বখ্যাত পরিসংখ্যানবিদের কাছ থেকে অনেক কিছু শিখে নিজেকে পরিসংখ্যানবিদ হিসেবে গড়ে তুলতে এক ধাপ এগোব, এই প্রত্যাশায় আছি।