
২০১৩ সাল। আমি, আর দুই বন্ধু ঘুরছি বাণিজ্য মেলায়। ইতি-উতি দেখি। বড় বড় স্টলে যাই। একটা টিভি কত ইঞ্চি হলে আরাম করে দেখা যায়, এ নিয়ে অহেতুক বিতর্ক করি। ব্র্যান্ডের ফার্নিচারের চাইতে বানানো ফার্নিচারের গুণাগুণ করে বেড়াই। দুই-তিন ঘণ্টা হাঁটাহাঁটির পর আবিষ্কার করলাম হাতে কয়েকটা বিস্কিটের প্যাকেট কিছু প্লাস্টিকের ঘটিবাটি ছাড়া তেমন কিছু নেই। কেমন জানি হালকা হালকা লাগে। পকেটের অবস্থা আরও বেশি হালকা ! ‘ভারি’ কিছুর জন্য তো ‘ভারি’ কিছুই লাগে। এক বন্ধু হঠাৎ কম টাকায় ভারি কিছুর খোঁজ পেয়ে েগল। মাত্র ৩০০ টাকায় তিন বালতি মাটি। সঙ্গে তিনটি চারা।
স্ট্রবেরির সঙ্গে আমার প্রথম পরিচয় ২০০৪ সালে। স্ট্রবেরি নিয়ে একটা গল্প পড়েছিলাম। সেই গল্প স্ট্রবেরি দেখার জন্য প্রচণ্ড উৎসাহ দিয়েছিল। কিনে ফেললাম গাছ। তিন বালতি তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে বাসার পথে হাঁটা ধরলাম। জিগাতলার ছোট্ট বাসার বারান্দায় আমার স্ট্রবেরি গাছ। প্রতিদিন নিয়ম মেনে পানি দিই। গ্রামের বাড়িতে যেতে ভয় করে, যদি পানি দেওয়া মিস হয়ে যায়। বাড়িতে গেলেও ফোন করে বাসার অন্যদের দিয়ে পানি দেওয়ার বিষয়টা নিশ্চিত করি।
ধীরে ধীরে বেড়ে ওঠে আমার স্ট্রবেরি। এদিকে, অতি যত্নের ফলে তাদের সবুজ স্ট্রবেরি পাতা খয়েরি বর্ণ ধারণ করে। তারা উৎসাহ হারিয়ে ফেলে। আমি হারাই না। অতি যত্ন বাদ দিয়ে শুধু যত্ন করি। একসময় ফুল হয়। ফলও হয়। সবুজ থেকে টকটকে লাল স্ট্রবেরি।
ফেসবুক শেয়ার করি। সবাইকে ফোন করে জানাই। আব্বাকে জানাই। ছবি দেখাই। আমার বৃক্ষপ্রেমিক বাবা সেই থেকে উনাকে স্ট্রবেরি চারা এনে দেওয়ার তাগাদা দিতে থাকেন। দিন যায়। আমার আর আব্বার জন্য স্ট্রবেরি চারা কেনার কথা মনে থাকে না। বাড়িতে গেলে আব্বাকে দেখলেই মনে হয়, হায় হায় স্ট্রবেরি চারা তো আনা হয়নি। ইনিয়ে-বিনিয়ে কেন আনতে পারিনি এটার ব্যাখ্যা দাঁড় করাই।
হঠাৎ একদিন আমার বাবা অসুস্থ হয়ে পড়েন। বাবার বয়স যে সত্তর পার হয়ে গেছে সেটাও কখনো খেয়াল করিনি। বাসে করে বাড়ি যাচ্ছি আর আব্বার জন্য দোয়া করছি। সুস্থ হলেই আব্বার জন্য স্ট্রবেরি চারা নিয়ে যাব। আল্লাহর অশেষ রহমত। আমার আব্বা সুস্থ হলেন।
ঢাকায় এসেই স্ট্রবেরি চারা খুঁজতে লাগলাম। একটু দেরি হলেও খুঁজে পেলাম সেই কাঙ্ক্ষিত স্ট্রবেরি চারা। বন্ধু সৈকতকে দিয়ে দুটো চারা বাড়িতে পাঠালাম। একটা বাসায় রাখলাম। আমার আর আগের মতো উৎসাহ নেই। অতি যত্ন না, অযত্নেই নেতিয়ে পড়ছে আমার স্ট্রবেরি। আব্বা অনেক আয়োজন করে সময় নিয়ে স্ট্রবেরি পরিচর্যা শুরু করে দিলেন। ওয়েবসাইট থেকে ২২ পাতার স্ট্রবেরি চাষ পদ্ধতি প্রিন্ট করে দিলাম। মশা মারতে কামান দাগানোর মতো অবস্থা।
কিছুদিন পর ছোট ভাই ফেসবুকে ছবি দিল। সবুজ স্ট্রবেরি গাছে হলুদ ফুল। স্ট্রবেরি ফুল আমার দিকে তাকিয়ে আছে। আমাকে যেন বলছে, তোমার বাবার বয়স সত্তর হয়নি। তোমার বাবা চিরসবুজ।
প্রবাল মাহমুদ
ধানমন্ডি, ঢাকা