স্ট্রবেরি নিয়ে মোখলেছের স্বপ্ন
২০০১ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর অভাবের কারণে পড়ালেখা হয়নি মোখলেছের। সাত-আট বছর আগে টেলিভিশনে স্ট্রবেরির গুণাগুণ ও চাষাবাদ পদ্ধতির চিত্র দেখে তাঁর স্বপ্ন জাগে স্ট্রবেরি চাষ করে স্বাবলম্বী হওয়ার। কিন্তু নিজের জমি না থাকায় তাঁর সে স্বপ্ন পূরণ হয় না। পাঁচ বছর আগে রেলওয়ে থেকে বন্দোবস্ত নেওয়া পাঁচ শতক জায়গায় পরীক্ষামূলকভাবে স্ট্রবেরি চাষ শুরু করে এখন তিনি মোটামুটি সচ্ছল।সেই থেকে একই জমির ওপর স্ট্রবেরির চাষ করে মোটামুটি সফল হলেও পর্যাপ্ত জমির অভাবে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারছেন না তিনি। সরকারি-বেসরকারি পর্যায়ে কেউ জমি দিয়ে সাহায্যে এগিয়ে এলে প্রতি মৌসুমে ৭০ থেকে ৮০ লাখ টাকা আয়ের দৃষ্টান্ত স্থাপন করতে চান মোখলেছ। সরেজমিনে দেখা যায়, উপজেলার ভাটিয়ারি ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রামের রেললাইনের পূর্বপাশ ঘেঁষে মোখলেছুর রহমানের স্ট্রবেরি খেত। তিনজন শ্রমিক খেতে কাজ করছেন। শক্ত স্থানে পড়লে স্ট্রবেরি নষ্ট হয়ে যায়। তাই গাছের চারদিকে চাদরের মতো করে খড়কুটো বিছিয়ে রাখা হয়েছে যাতে স্ট্রবেরি পড়ে নষ্ট না হয়। এ সময় খেত থেকে পাকা স্ট্রবেরি তুলছিলেন মোখলেছ। মোখলেছ বলেন, ‘১৯৯৬ সাল থেকে পড়ালেখার পাশাপাশি ভাটিয়ারি গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে প্রথমে বল-বয়, বছর দুয়েক পর ক্যাডির (ব্যাগ বহন করা) দায়িত্ব পাই। সেখানে কিছু টাকা পাওয়া গেলেও কাজগুলো ভালো লাগত না। ২০০১ সালে এসএসসি পরীক্ষা দেওয়ার পর অভাবের কারণে আর পড়ালেখা হয়নি। এদিকে দুই ভাই ও চার বোনের মধ্যে আমি বড়। পারিবারিক ছোট একটি স্ক্র্যাপের দোকানের আয় দিয়ে সংসার চলে না। তাই ইচ্ছে হতো নিজে কিছু করি। একদিন টেলিভিশনে কৃষিবিষয়ক একটি অনুষ্ঠানে স্ট্রবেরি চাষের পদ্ধতি ও লাভের কথা জেনে এ ব্যাপারে আমার আগ্রহ জাগে। কিন্তু নিজের জমি না থাকায় সমস্যায় পড়ি। কারণ আমাদের নিজেদের জমি নেই। পরে রেলওয়ে থেকে মাত্র পাঁচ শতক জমি বন্দোবস্তি নিয়ে স্ট্রবেরি চাষ শুরু করি।’ মোখলেছ জানান, পাঁচ শতক জমিতে স্ট্রবেরি চাষ করার জন্য চারা ও মজুরি খরচ মিলে পাঁচ বছরে খরচ হয়েছে প্রায় ৫০ হাজার টাকা। প্রতি মৌসুমে এক লাখ থেকে এক লাখ ২০ হাজার টাকা পর্যন্ত স্ট্রবেরি বিক্রি হয়। গত বছর নভেম্বরে ছয় হাজার স্ট্রবেরি গাছের চারা রোপণ করেন। ফলন আসতে শুরু করে জানুয়ারি থেকে। পাওয়া যাবে এপ্রিল পর্যন্ত। তাঁর ভাই-বোনেরাও প্রায় সময় কাজে সহযোগিতা করেন। মোখলেছ জানান, শহরে তাঁর তেমন জানাশোনা লোকজন নেই। দালালদের মাধ্যমে প্রতিকেজি স্ট্রবেরি ৩৫০ টাকা দরে বিক্রি করেন। যদিও বাজারে দাম ৭০০ টাকার ওপরে।মোখলেছ বলেন, ‘প্রতি একরে স্ট্রবেরি চাষ করে বছরে ৭০-৮০ লাখ টাকা আয় করা সম্ভব। কিন্তু সম্প্রসারমান শিল্প এলাকা হওয়ায় আশপাশে খালি জমি পাওয়া যাচ্ছে না। একটু দূরে কুমিরার দিকে কেউ জমি বর্গা দিয়ে সাহায্য করলে এটা আমি দেখিয়ে দিতে পারব।’সীতাকুণ্ড উপজেলা কৃষি কর্মকর্তা তারেক মাহমুদুল ইসলাম বলেন, সীতাকুণ্ডের মাটি স্ট্রবেরি চাষের জন্য বেশ উপযোগী। এখানে প্রথম স্ট্রবেরি চাষ করে মোখলেছুর রহমান সবাইকে অবাক করে দিয়েছেন। লাভের সম্ভাবনা সম্পর্কে মোখলেছের দাবি অবাস্তব নয় মন্তব্য করে তিনি বলেন, ‘তাঁকে উৎসাহ জোগাতে উপযুক্ত ভূমির মালিকদের এগিয়ে আসা উচিত।’