স্ট্রবেরিতে অভাব জয়ের স্বপ্ন
তাঁরা কেউ শামুক-ঝিনুক আহরণ করতেন, কেউবা কাটতেন বনাঞ্চল ও সমুদ্রপাড়ের ঝাউগাছ। পরিবেশের ক্ষতি জেনেও পেটের দায়ে দিনের পর দিন এসব কাজ করেছেন কক্সবাজার শহরের পাহাড়ের পাদদেশে বসবাসকারী ছিন্নমূল মহিলারা। কিন্তু তাতেও কুলাত না। সংসারে অভাব লেগেই থাকত। আর এখন সেই মহিলাদের দিন পাল্টে যাচ্ছে। স্ট্রবেরি চাষে অভাব জয়ের স্বপ্ন দেখছেন তাঁরা।
বন বিভাগের ক্লাইমেট রেজিলিয়ান্ট ইকো সিস্টেম অ্যান্ড লাইভলিহুড (ক্রেল) প্রকল্পের মাধ্যমে এই স্ট্রবেরি চাষ করা হচ্ছে। প্রকল্প বাস্তবায়নে অর্থসহায়তা দিচ্ছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএআইডি।
সম্প্রতি দরিয়ানগর এলাকায় গিয়ে দেখা গেছে, পাহাড়ের পাদদেশে পরিত্যক্ত এক খণ্ড জমিতে স্ট্রবেরিখেত পরিচর্যা করছেন কয়েকজন নারী। তাঁদের পাশে আরও কয়েকজন গাছ থেকে টুকটুকে লাল স্ট্রবেরি তুলে প্যাকেটজাত করছেন।
গৃহবধূ আয়েশা বেগম (৩৭) জানান, দিনমজুর স্বামী জাফর আলমের আয়ে সংসার চলে না। তাই বাড়তি আয়ের জন্য সৈকত থেকে শামুক-ঝিনুক আহরণ করে মালা বানিয়ে বাজারে বিক্রি করতেন।
আর পর্যটক না থাকলে ঝিনুক মালা বিক্রি হতো না, তখন বনাঞ্চলের গাছ কেটে বিক্রি করতেন। তিনি এখন এসব করেন না। কারণ, স্ট্রবেরি চাষ করে লাভবান হচ্ছেন। তাঁর দেখাদেখি এগিয়ে এসেছেন অন্য মহিলারাও।
পাশের বড়ছড়া গ্রামের গৃহবধূ ফিরোজা বেগম (৩০) বলেন, ‘স্ট্রবেরির চাষ আমার ভাগ্য বদলে দিচ্ছে। চাষ আরও বাড়ানোর চিন্তা করছি।’
জানা যায়, এখানকার স্ট্রবেরি সরবরাহ করা হয় শহরের বিভিন্ন রেস্তোরাঁ ও হোটেলে। দাম প্রতি কেজি ৩২০ থেকে ৫৫০ টাকা।
দেখা গেছে, দরিয়ানগর ছাড়াও শহরের পাহাড়তলী, রামুর ফতেখাঁরকূল, চকরিয়ার মেধাকচ্ছপিয়া, ফাঁসিয়াখালী গ্রামের বিভিন্ন স্থানে স্ট্রবেরি চাষ করছেন অসহায় নারীরা।
ক্রেলের কক্সবাজার আঞ্চলিক সমন্বয়কারী মো. সফিকুর রহমান বলেন, চলতি সালের জানুয়ারি থেকে এই প্রকল্পের আওতায় জেলার বিভিন্ন স্থানে ১৯টি স্ট্রবেরি প্রকল্পের মাধ্যমে ১২০ পরিবার স্বাবলম্বী হচ্ছে। এর মধ্যে বেশির ভাগ অসহায় নারী। আগামী বছর স্ট্রবেরির চাষ দ্বিগুণ করা হবে।
ক্রেল সূত্র জানায়, প্রথমে রাজশাহী থেকে স্ট্রবেরি চারা কিনে এনে এখানে চাষিদের মধ্যে বিনা মূল্যে বিতরণ করা হয়। জমি লাগিয়ত, সার কীটনাশকসহ চাষের আনুষঙ্গিক সব খরচও বহন করা হয় প্রকল্পের আওতায়। ফল বিক্রি করে যা অর্জিত হয় তার অংশীদার চাষিরাই। তা ছাড়া যে কেউ এখান থেকে প্রতিটি স্ট্রবেরি চারা ২০ টাকায় কিনে চাষাবাদ করতে পারেন। ১০ শতক জমিতে চারা লাগে এক হাজার। স্ট্রবেরি চাষের ওপর প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার জন্য কেন্দ্রও খোলা হয়েছে।