স্ট্রবেরিতে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন জাহেদের

‘বেকার জীবন অসহ্য। নিজের পায়ে দাঁড়াতে না পারলে কোনো মূল্যই থাকবে না। তাই পড়ালেখার পাশাপাশি কিছু একটা করার ইচ্ছে থেকেই স্ট্রবেরি চাষের সিদ্ধান্ত নিই। আশা করি, স্ট্রবেরির চারা ও স্ট্রবেরি বেচেই একদিন আমি স্বাবলম্বী হব।’ এভাবেই নিজের ভবিষ্যতের স্বপ্নের কথা জানালেন মিরসরাই ডিগ্রি কলেজের বিবিএসের ছাত্র মোহাম্মদ জাহেদ।
জাহেদ হোসেনের বাড়ি উপজেলার খইয়াছরা ইউনিয়নের পূর্ব খইয়াছরা গ্রামে। ৭ মার্চ সকালে তাঁর নিজের তৈরি স্ট্রবেরি খেতে কথা হয় জাহেদের সঙ্গে। এ সময় তিনি খেত থেকে স্ট্রবেরি তুলছিলেন বাজারে নেওয়ার জন্য।
জাহেদ বলেন, ‘লেখাপড়া শেষে চাকরি পাওয়াটা কঠিন। তাই তিন বছর আগেই মনস্থির করি পড়ালেখার পাশাপাশি কিছু একটা করা চাই। এ ক্ষেত্রে মাথায় আসে স্ট্রবেরি চাষের কথা।’
২০১১ সালে স্ট্রবেরি চাষের ওপর চট্টগ্রামে ১০ দিন ও পরবর্তী সময়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মনজুরুল ইসলামের কাছে আট দিনের বিশেষ প্রশিক্ষণ নেন জাহেদ ও তাঁর বন্ধু আমজাদ হোসেন। আমজাদের আর্থিক সহযোগিতায় প্রথমে পরীক্ষামূলক চাষ করলেও গত বছর নভেম্বরে রাজশাহী থেকে তিন হাজার চারা এনে বাড়ির পাশে ২৩ শতক বর্গা জমিতে বাণিজ্যিকভাবে স্ট্রবেরি চাষ শুরু করেন জাহেদ। এর মধ্যে রয়েছে ফেস্টিবল, রাবি-৩ ও এওজি জাতের স্ট্রবেরি। ২০১৩ সালে উদ্ভাবিত এওজি জাতের স্ট্রবেরি চট্টগ্রাম জেলার মধ্যে মিরসরাইয়েই প্রথম চাষ হচ্ছে।
জাহেদ জানান, দুদিন পর পর স্ট্রবেরি তুলে চট্টগ্রামের খুলশি ও আগ্রাবাদের ফলের দোকানে পাইকারিভাবে বিক্রি করেন। এ ছাড়া, মিরসরাইয়ের বিভিন্ন ফলের দোকানেও জাহেদের স্ট্রবেরি বিক্রি হচ্ছে।
জাহেদ জানান, মিরসরাইয়ের আবহাওয়া স্ট্রবেরি চাষের জন্য বেশ উপযোগী। তিনি আগামী বছর আরও প্রায় এক একর ২০ শতক জমিতে স্ট্রবেরির চাষ করা, স্ট্রবেরি ফলের পাশাপাশি চারা বিক্রি এবং স্থানীয় বেকার যুবকদের স্ট্রবেরি চাষের ওপর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা করছেন।
একই গ্রামের বাসিন্দা বারইয়ারহাট ডিগ্রি কলেজের অধ্যাপক বোরহান উদ্দীন জানান, অত্যন্ত গরিব ঘরের ছেলে জাহেদ এই এলাকার বেকার যুবকদের জন্য মডেল। সে এখানকার মানুষের কাছে এই ফলকে পরিচয় করিয়ে দিয়েছে। সবাইকে স্ট্রবেরি খেতে ও চাষ করতে উৎসাহ দিচ্ছে। নিজেও প্রায় স্বাবলম্বী হয়ে উঠেছে। এ রকম বেকার যুবকদের সহযোগিতায় বিত্তশালীদের এগিয়ে আসার জন্য আহ্বান জানান তিনি। মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. শামীম হোসেন বলেন, মিরসরাইয়ে স্ট্রবেরি চাষ হওয়ার কথা তিনি শুনেছেন। কৃষি কার্যালয় থেকে ভবিষ্যতে জাহেদকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।