স্ট্রবেরির মৌসুমে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ট্রবেরি চিজকেক চারজনের জন্যউপকরণ: টক দই ৫০০ গ্রাম, ক্রিম চিজ ১৫০ গ্রাম, চিনি আধা কাপ, স্ট্রবেরি ব্লেন্ড করা এক কাপের তিন ভাগের এক ভাগ, স্ট্রবেরি কুচি আধা কাপ, চিনি এক টেবিল চামচ, লেবুর রস এক চা-চামচ, ডাইজেস্টিভ বিস্কুটের গুঁড়া এক কাপের তিন ভাগের দুই ভাগ, স্ট্রবেরি জ্যাম (ওভেনে ১০ সেকেন্ড গরম করে নেওয়া) সিকি কাপ।প্রণালি: টক দইয়ের পানি ঝরিয়ে নিন। এতে চিনি ও ক্রিম চিজ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিন। এতে আধা চা-চামচ লেবুর রস এবং ব্লেন্ড করা স্ট্রবেরি হালকা হাতে মিশিয়ে নিন। চারটি পরিবেশন বাটি নিন। বাটিগুলোতে প্রথমে বিস্কুটের গুঁড়া সমানভাবে বিছিয়ে দিন। এর ওপর দই-চিজের মিশ্রণ ঢেলে সমান করে চার ঘণ্টা ফ্রিজে রেখে দিন। পরিবেশনের ১০ মিনিট আগে অন্য বাটিতে স্ট্রবেরি টুকরা, আধা চা-চামচ লেবুর রস এবং এক টেবিল চামচ চিনি মিশিয়ে রাখুন। পরিবেশনের সময় এ মিশ্রণ চিজকেকের ওপর ঢেলে দিন। তারপর স্ট্রবেরি জ্যাম দিয়ে সাজিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।স্ট্রবেরি লেমোনেড চারজনের জন্যউপকরণ: ঠান্ডা সেভেন আপ অথবা স্প্রাইট ৫০০ মিলিলিটার, ঠান্ডা পানি তিন কাপ, স্ট্রবেরি ২৫০ গ্রাম, লেবুর রস তিন টেবিল চামচ, চিনি আধা কাপ, সাজানোর জন্য স্ট্রবেরি ও লেবুর টুকরা।প্রণালি: স্ট্রবেরির টুকরা, লেবুর রস ও চিনি ব্লেন্ড করে নিন। গ্লাসের অর্ধেক এটি ঢেলে ভরে দিন। বাকি অর্ধেকটা ভরে দিন স্প্রাইট বা সেভেন আপ দিয়ে। ওপরে স্ট্রবেরি আর লেবুর টুকরা দিয়ে সাজিয়ে ঠান্ডা পরিবেশন করুন।স্ট্রবেরি লেটুস সালাদ চারজনের জন্যউপকরণ: লেটুস পাতা তিনটি, শসা দেড়টি, পেঁয়াজ পাতা তিনটি, স্ট্রবেরি ২০০ গ্রাম, পোস্তদানা এক চা-চামচ।ড্রেসিংয়ের জন্য: জলপাই তেল সিকি কাপ, অ্যাপল সাইডার ভিনেগার সিকি কাপ, মধু তিন টেবিল চামচ, লবণ ও গোলমরিচের গুঁড়া স্বাদমতো।প্রণালি: পাত্রে ড্রেসিংয়ের উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে ফ্রিজে রেখে দিন। পরিবেশন পাত্রে প্রথমে লেটুস পাতা ছোট করে ছিঁড়ে বিছিয়ে দিন। এর ওপর কিউব করে কাটা শসা, পাতলা করে কাটা পেঁয়াজ পাতা এবং কুচি করা স্ট্রবেরি দিন। পরিবেশনের ঠিক আগে সালাদ ড্রেসিং বের করে এর অর্ধেক অংশ সালাদে হালকাভাবে মেশান। এর ওপর পোস্তদানা ছড়িয়ে দিন। বাকি অর্ধেক ড্রেসিং আলাদা বাটিতে পরিবেশন করুন।স্ট্রবেরি ক্রিম কেক ১২ জনের জন্যউপকরণ: কেকের জন্য: মাখন ৯০ গ্রাম, ডিম দুটি, চিনি এক কাপ, ভ্যানিলা এসেন্স এক চা-চামচ, দুধ আধা কাপ, ময়দা দেড় কাপের একটু বেশি, বেকিং পাউডার দেড় চা-চামচ, লবণ সিকি চা-চামচ।ফিলিংয়ের জন্য: ঠান্ডা ক্রিম তিন কাপ, আইসিং সুগার আধা কাপ, স্ট্রবেরি ৩০০ গ্রাম, চিনি দুই টেবিল চামচ, লেবুর রস এক চা-চামচ।প্রণালি: নয় ইঞ্চি ব্যাসের গোলাকার প্যানে মাখন মেখে নিন। এর ওপর বেকিং শিট বিছান। পেপারেও মাখন লাগান। ১৮০ ডিগ্রি সেলসিয়াস তাপে ওভেন প্রিহিট করুন। ময়দা, বেকিং পাউডার ও লবণ একসঙ্গে চেলে নিন।কেক তৈরির জন্য মাখন, ডিম আর দুধ স্বাভাবিক তাপমাত্রার থাকতে হবে। পাত্রে মাখন খুব ভালোভাবে ফেটিয়ে নিন। বৈদ্যুতিক মিক্সার ব্যবহার করলে ভালো। তিনবারে অল্প অল্প করে চিনি মিশিয়ে ফেটান। ডিমের কুসুম আলাদা করে নিন। মাখন-চিনি মিশ্রণে কুসুম দিয়ে আবার ফেটান। এবার ময়দার মিশ্রণ তিন ধাপে হালকাভাবে মেশান। প্রথম দুবার ময়দা দেওয়ার পর সিকি কাপ করে দুধ মেশান। শেষ বারে সব একসঙ্গে মিশিয়ে ফেলুন।এবার অন্য বাটিতে ডিমের সাদা অংশ খুব ভালোভাবে মেশান। এই বাটি উল্টো করলেও যদি ডিম না পড়ে, তাহলে বুঝবেন ফেটানো ঠিক হয়েছে। এবার এটি ময়দার মিশ্রণে মেশান, যাতে মিশ্রণের ফোলাভাব নষ্ট না হয়। এবার কেক প্যানে এই মিশ্রণ ঢেলে ২৫-৩০ মিনিট বেক করুন। বের করে ঠান্ডা হতে দিন। এবার বাটিতে ক্রিম নিয়ে ভালোমতো ফেটান। ঘন হয়ে এলে এক চামচ করে আইসিং সুগার দিয়ে ফেটতে থাকুন। সব চিনি মেশানো হলে ফ্রিজে রাখুন। স্ট্রবেরি লম্বা টুকরা করে লেবুর রস ও চিনি মিশিয়ে রাখুন। কেক ঠান্ডা হলে তা বড় ছুরি দিয়ে আড়াআড়িভাবে দুভাগ করুন। এক ভাগের ওপর ক্রিম ও স্ট্রবেরি বিছান। এবার এর ওপর অন্য ভাগটি দিয়ে আগের মতো স্ট্রবেরি ও ক্রিম মেশান। ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।