স্ট্রিট স্টোর: যে দোকানে উপহার মেলে

দোকান বটে কিন্তু টাকা-পয়সার কোনো লেনদেন নেই; নেই এ দোকানের কোনো দেয়ালঘেরা ঘর বা ছাদও। একেবারেই পথের ধারের দোকান আর ফুটপাতের দেয়ালই এর ‘শো-কেস’। নামটাও তাই ‘স্ট্রিট স্টোর’ বা রাস্তার দোকান। তবে, এখানে কোনো কিছু কেনার কোনো সুযোগই নেই ক্রেতাদের, চাইলে তাঁরা উপহার নিতে পারেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে সম্প্রতি উদ্বোধন হয়েছে একটি দাতব্য প্রতিষ্ঠানের এই নতুন উদ্যোগ। এক খবরে এ তথ্য জানিয়েছে ‘হাফিংটন পোস্ট’।
ফুটপাতের প্রাচীরে কার্ডবোর্ডের পোস্টারের ওপরই ঝুলছে জিনস, শার্ট-প্যান্ট, টি-শার্ট, কোট, জ্যাকেটসহ নারী-পুরুষ-শিশুদের হরেক রকমের কাপড়চোপড়। সামনের ফুটপাতে কার্ডবোর্ডের ওপর রাখা জুতো, ব্যাগসহ অন্যান্য ব্যবহারিক সামগ্রী। উন্মুক্ত এই দোকানে ঢুঁ-মারা ‘ক্রেতা’দের জন্য আছেন স্বেচ্ছাসেবক সহকারী।

কেপটাউনের গৃহহীন এবং ভাসমান দরিদ্র জনগোষ্ঠীর সেবায় ‘স্ট্রিট স্টোর’ নামের এই দোকান চালু করেছে স্বেচ্ছাসেবীদের একটি দল। সহায়তার প্রয়োজন, এমন মানুষদের যে কেউ ‘ক্রেতা’ হয়ে এই দোকানে এসে কাপড়চোপড় বা অন্যান্য দ্রব্যাদি নেড়েচেড়ে দেখতে পারবেন। পছন্দের পর ওই পোশাক বা সামগ্রী মোড়ক-বন্দী করে তাঁর হাতে তুলে দেবেন দোকানের স্বেচ্ছাসেবক সহকারী।
এ প্রসঙ্গে স্ট্রিট স্টোরের অন্যতম সংগঠক এবং একটি বিজ্ঞাপনী সংস্থার কপি রাইটার ক্যালি লেভিটান বলেন, ‘কারও মুখের ওপর পুরোনো কাপড়চোপড় ছুড়ে ফেলার বদলে এখানে গ্রহীতারা দোকানে কেনাকাটার অভিজ্ঞতা পাবেন। নিজের পছন্দসই সামগ্রী বেছে নিতে আমরা তাঁদের সাহায্য করব। আর বাছাই শেষে একটি মোড়কে পুরে তাঁদের হাতে উপহারটা তুলে দেব আমরা।’
সহায়তা গ্রহীতারা যেমন এখানে ‘ক্রেতা’ তেমনি সহায়তা প্রদানকারীরাই এখানকার ‘বিক্রেতা’। এই দোকান রাস্তার ধারে বলেই যেকোনো আগ্রহী ‘বিক্রেতা’ বা সহায়তাকারী সরাসরি এখানে এসেই স্বেচ্ছাসেবকদের হাতে পৌঁছে দিয়ে যেতে পারেন তাঁর ‘বিক্রয়যোগ্য’ উপহার সামগ্রী। চাইলে ইন্টারনেটে যোগাযোগের মাধ্যমেও পৌঁছে দেওয়া যাবে ‘ক্রেতাদের জন্য বিক্রেতাদের উপহার’।
এ উদ্যোগের সবচেয়ে দারুণ দিক হলো আয়োজকেরা এই রাস্তার দোকান কেবল কেপটাউনেই সীমাবদ্ধ রাখতে চান না। তাঁরা মনে করছেন, শুধু কেপটাউন বা আফ্রিকাতেই নয়, দুনিয়ার বহু দেশে বহু নগর-বন্দরেই সহায়তা প্রয়োজন এমন গৃহহীন ও ভাসমান মানুষের সংখ্যা বিপুল। তাই যে কেউ চাইলে এই ধারণাকে কাজে লাগিয়ে যেকোনো স্থানে এই রাস্তার দোকানের ‘শাখা’ খুলতে পারবেন। আয়োজকদের ওয়েবসাইট ‘দ্য স্ট্রিটস্টোর ডট ওআরজি’ (thestreetStore.org) থেকে লোগো এবং পোস্টারসহ সহ অন্যান্য প্রচারসামগ্রী ডাউনলোড করে ছেপে নিতে পারবেন উত্সাহীরা। এজন্য কোনো অনুমতির প্রয়োজন নেই, তবে উদ্যোক্তারা মনে করেন, স্থানীয় সরকারের অনুমতি নিয়েই এমন দোকান করা উচিত।