স্তন ক্যানসার নির্ণয়ে অন্তর্বাস
স্তন ক্যানসার হলে প্রাথমিক অবস্থায় তা জানার উপায় কী? অধিকাংশ নারীই এ নিয়ে উদ্বিগ্ন। তাদের এই দুশ্চিন্তা দূর করতে বিজ্ঞানীরা উদ্ভাবন করেছেন এমন এক অন্তর্বাস, যা স্তন ক্যানসার শনাক্ত করবে। এটিই জানিয়ে দেবে সব খবর। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ফার্স্ট ওয়ার্নিং সিস্টেম এই অন্তর্বাস আগামী বছর বাজারে ছাড়তে পারে।দেখতে সাধারণ অন্তর্বাসের মতো হলেও কার্যকারিতায় থাকবে ভিন্নতা। এই অন্তর্বাসের ভেতরে যুক্ত থাকবে একটি যন্ত্রাংশ। প্রাথমিক অবস্থায় স্তন ক্যানসার শনাক্ত করাই হবে এর প্রধান কাজ। স্তন ক্যানসার শনাক্ত করতে সাধারণত ম্যামোগ্রাম করা হয়। প্রতিষ্ঠানটি দাবি করেছে, স্তন ক্যানসারের টিউমারটি প্রাথমিক অবস্থাতেই শনাক্ত করা সম্ভব হবে। অন্তর্বাসের ভেতরের অংশে একটি সংবেদন যন্ত্র যুক্ত থাকবে, যা টিউমারের উপস্থিতি নির্ণয় করতে সক্ষম হবে। টিউমার বিস্তারের ফলে কোষের তাপমাত্রা পরিবর্তনও জানাবে এটি। এ জন্য ব্যবহূত সফ্টওয়্যার স্তনের কোষগুলোর পরিবর্তন লক্ষ করে টিউমারের উপস্থিতির কথা জানাতে পারবে। স্তন ক্যানসার পরীক্ষায় ম্যামোগ্রাম ও থার্মোগ্রাফি পদ্ধতি ব্যবহার করলে কেবল ওই নির্দিষ্ট সময়ের অবস্থা জানা যায়। কিন্তু নিয়মিত এটি ব্যবহারে ভুলভ্রান্তি হওয়ার সম্ভাবনা মোটেই থাকবে না। টাইমস অব ইন্ডিয়া।