স্তনব্যথায় আতঙ্ক নয়
শতকরা ৭০ ভাগ নারী জীবনে কোনো না-কোনো সময় স্তনব্যথা নিয়ে চিন্তিত বোধ করেছেন। কিন্তু সত্যিকার অর্থে স্তনে চিনচিনে ব্যথা নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নেই। অধিকাংশ ক্ষেত্রেই এই ব্যথা নারীদের মাসিক ঋতুচক্রের হরমোনের ওঠানামার সঙ্গে সম্পর্কযুক্ত। এই ব্যথাকে সাইক্লিক্যাল মাস্টালজিয়া বলা হয়। মাসিকের ঠিক আগে দুই স্তনই ভারী বোধ হয়, চিনচিনে ব্যথা করে। মাসিক শেষ হওয়ার পর তা ধীরে ধীরে সেরে যায়। তবে ৬০ শতাংশ নারীর পরবর্তী মাসিকের সময় আবারও এই ব্যথা হতে পারে। ৩০ থেকে ৫০ বছর বয়সী নারীদের এই ব্যথা বেশি অনুভূত হয়। তবে তীব্র ব্যথা, সঙ্গে জ্বর বা অন্যান্য উপসর্গ থাকলে অন্য কোনো গুরুতর কারণ আছে কি না, তা খুঁজে দেখতে হবে। স্তন্যদানকারী নারীর স্তনে সংক্রমণ বা প্রদাহ হলে এ রকম তীব্র ব্যথা হতে পারে। কারও কারও জন্মনিয়ন্ত্রণ বড়ি বা মেনোপজের পর হরমোন থেরাপি নিলে স্তনব্যথা হতে পারে। স্তনব্যথা হলে অধিকাংশ নারী ক্যানসারের ভয়ে ভীত হয়ে পড়েন। মনে রাখতে হবে, স্তনের অধিকাংশ ক্যানসার ব্যথাহীন চাকা নিয়ে নিজেকে জাহির করে, ব্যথা ক্যানসারের সাধারণ উপসর্গ নয়। সাইক্লিক্যাল স্তনব্যথার তেমন কোনো চিকিৎসা নেই। বেশি ব্যথা হলে ব্যথানাশক বড়ি বা মলম ব্যবহার করা যায়। প্রচলিত বিভিন্ন হরমোন ওষুধ, প্রাকৃতিক ওষুধ, যেমন ইভনিং প্রিমরোজ ওয়েল বা অ্যান্টিবায়োটিকের ভূমিকা নিয়ে এখনো প্রশ্ন আছে। হরমোন ও ডায়াবেটিস বিভাগ, বারডেম হাসপাতাল।