‘ছুঁচোর মতো স্বভাব’ বলে যে একটা প্রবাদ আছে, তা বোধ করি জীবনে বহুবার ব্যবহার করেছেন আপনি। এবার বলুন, কোন কোন ক্ষেত্রে তা ব্যবহার করেছেন? থাক, এ যাত্রা আর সেই প্রবাদ নিয়ে ঘাঁটাঘাঁটি করে কাজ নেই। বরং দুনিয়ার সবচেয়ে দ্রুতগতির খাদকের কথা শুনুন। খাবার হাতে নিয়ে তা গলাধঃকরণ করতে গড়ে মোটে ২৩০ মিলিসেকেন্ড সময় নেয় সেই খাদক! তবে মাত্র ১২০ মিলিসেকেন্ডে খাবার গলাধঃকরণেরও রেকর্ড আছে তার! বাপরে, কোন সে খাদক? ওই যে ছুঁচোর কথা বলা হচ্ছিল, সেই ছুঁচোই সবচেয়ে দ্রুতগতির খাদক। ‘তারানেকো(স্টার নোজ্ড) ছুঁচো’ নামের এই প্রাণীগুলোর ধাম উত্তর আমেরিকা, কানাডা ও উত্তর-পূর্ব যুক্তরাষ্ট্রে। বৈজ্ঞানিক নাম কন্ডিলুরা ক্রিসটাটা। তার খাবারের তালিকায় আছে কেঁচো, জলের পোকাজাতীয় প্রাণী। যেকোনো আবহাওয়ায় মানিয়ে নেওয়ার অদ্ভুত ক্ষমতা আছে ১৫-২০ সেন্টিমিটার আকারের এই প্রাণীগুলোর। আর ক্লান্তি বলে কোনো কথা লেখা নেই তাদের অভিধানে। উদয়াস্ত পরিশ্রম করতে পারে ৫৫ গ্রাম ওজনের এই ছুঁচোরা। আর তাদের দাঁতের সংখ্যা জানেন? মোটে ৪৪টি। সাধেই আর ‘ছুঁচোর মতো স্বভাব’ বলি না আমরা!