স্তব্ধ রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালের লাল সূর্যের আভা এসে পড়ল আমার ঘরে। বাইরে পাখিদের কিচিরমিচির শোনা যাচ্ছে। ঘর থেকে বাইরে হাঁটতে বের হলাম। সঙ্গে আমার পোষা কুকুর টবি। দোকান থেকে পাউরুটি কিনে দিলাম টবিকে। এ দিয়েই নাশতা সারল। এরপর আমার পিছু পিছু হাঁটছে। মাঝেমধ্যে লেজ নাড়াচ্ছে। এটা নাশতা করানোর জন্য তার কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ। এ সময় কিছু শিশু স্কুলের দিকে দলবেঁধে পড়তে যাচ্ছে। পরনের লাল জামা দেখে টবি তাদের ধাওয়া করল। চিৎকার করে টবিকে থামতে বললাম।
পাশের পুকুরে অনেক মাছ একসঙ্গে খাবি খাচ্ছে। এ দৃশ্য বসে দেখছি। এমন সময় কে যেন আমার মাথায় চুলে হাত বুলিয়ে দিল। পেছনে তাকিয়ে দেখি পাশের বাসার নীলা আন্টি। নীলা আন্টি আমাকে খুব স্নেহ করেন। তিনি অবশ্য খুব ভালো পুঁথি পড়েন। একা একা বসে থাকা দেখে তিনি বললেন এখানে বসে কী করছ? হাউ আনলাকি ইউ আর! চলো আমার সঙ্গে হাঁটবে।
মধ্যরাতে ঘুম ভেঙে গেল। প্রচণ্ড হিমেল হাওয়া বইছে। সঙ্গে শিশির ঝরছে। পূর্ণিমার এই শীতল রাত অবাক করেছে আমাকে। শিশিরগুলো জমাট বেঁধেছে। শুভ্র বরফের ওপর চাঁদের আলো বরফকে আরও চকচকে করে তুলেছে। এ সময় কানে ভেসে আসছে মেয়ে কণ্ঠ। মনে হলো নীলা আন্টি পুঁথি পাঠ করছেন। অপূর্ব মিষ্টি সে কণ্ঠ। শুনতে ভালোই লাগছে। শুয়ে শুয়ে এই পূর্ণিমায় বরফের স্নান করা দেখছি। মাঝেমধ্যে কোথা থেকে যেন ছুটে আসছে জোনাক পোকা। মেঘ চাঁদকে আড়াল করলেই জোনাক পোকাগুলো আরও স্পষ্ট হয়ে উঠছে। দরজা খুলে বাইরে বের হলাম। কয়েকটা জোনাকি ধরে বুক পকেটে রেখেছি। রাতভর চলল এ আলো জ্বলা-নেভার খেলা।