স্তেপের দেশে বিদ্রোহ
দুর্নীতি, স্বজনপ্রীতি আর একনায়কতন্ত্রের বিরুদ্ধে গণতান্ত্রিক ‘টিউলিপ বিপ্লব’ করে কিরগিজস্তানের ক্ষমতায় এসেছিলেন কারমানবেক বাকিয়েভ। কিন্তু গত কয়েক বছরেই পাল্টে গেছে অনেক কিছু। যে তুরুপের তাস দিয়ে তিনি পূর্বসূরি আসকার আকায়েভকে দেশছাড়া করেছিলেন সেই অস্ত্র এখন ছোড়া হচ্ছে তাঁর বিরুদ্ধেই।২০০৫ সালে ক্ষমতায় আসা বাকিয়েভের বিরুদ্ধেও এখন বিরোধীরা দুর্নীতির অভিযোগ তুলেছেন। অভিযোগ উঠেছে গত বছরের নির্বাচনে কারচুপিরও। সত্যি বলতে কি, টিউলিপ বিপ্লবের মতোই হতে যাচ্ছে আরেক বিপ্লব। এ বিপ্লবে বাকিয়েভের গদি হারানো এখন অনেকটাই নিশ্চিত। কারণ ইতিমধ্যে তাঁকে ছাড়তে হয়েছে রাজধানী বিশকেক। অন্তর্বর্তী ক্ষমতায় তাঁর বিরোধীরা।অনেকটা আচমকাই সপ্তাহ দুই আগে প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ৫০ লাখ মানুষের ছোট এই দেশটি। রক্তক্ষয়ী এই গণ-অভ্যুত্থানে শতাধিক লোক প্রাণ হারান। আহত হন কয়েক শ। বিক্ষোভে রাজধানী বিশকেক পুরোপুরি অচল হয়ে পড়ে। উপায় না পেয়ে প্রেসিডেন্ট বাকিয়েভ রাজধানী ছেড়ে নিজের এলাকা জালালাবাদে পালান। তবে একেবারে হাল ছেড়ে দেননি তিনি। সভাটভা করে জনসমর্থন আদায়ের চেষ্টা করছেন। সর্বশেষ বাকিয়েভ বলেছেন, নিরাপত্তার নিশ্চয়তা দিলে তিনি আলোচনায় বসতে এবং বিচারের কাঠগড়ায় দাঁড়াতে প্রস্তুত। তবে তাঁকে গ্রেপ্তারের চেষ্টা করলে আরও সহিংসতা হবে। বিদ্রোহীদের নেতা সাবেক পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুনবায়েভা বলেছেন, সাম্প্রতিক রক্তক্ষয়ের জন্য বাকিয়েভের বিচার হতে হবে। বাকিয়েভ এর আগেই বলেছিলেন, বিদ্রোহীরা দেশের অশান্তি থামাতে পারলে তিনি পদত্যাগের কথা বিবেচনা করবেন। বাকিয়েভের বিচারের জন্য ওতুনবায়েভার নতুন দাবিকে তাঁর শর্তসাপেক্ষে পদত্যাগের প্রস্তাব প্রত্যাখ্যান হিসেবেই দেখা হচ্ছে।বাকিয়েভের বিরুদ্ধে আচানক এই গণ-অভ্যুত্থানের পেছনে রাশিয়ার হাত থাকতে পারে বলে বিদেশি পর্যবেক্ষকেরা মনে করছেন। কারণ কিরগিজস্তানের সাম্প্রতিক কিছু ঘটনায় রাশিয়ার ভূমিকা লক্ষ করা গেছে। তা ভূমিকা থাকতেই পারে। মধ্য এশিয়ার অন্যতম সোভিয়েত প্রজাতন্ত্র ছিল স্বচ্ছ হ্রদ, স্তেপ বলে পরিচিত তৃণ প্রান্তর আর পাহাড়ের দেশ কিরগিজস্তান। বাড়ির কাছে এসে ‘চিরশত্রু’ যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি করাটা রুশদের অন্যতম অস্বস্তির কারণ ছিল বেশ কিছুদিন ধরেই।অভিবাসনের মাধ্যমে মধ্য এশিয়ার বিভিন্ন যাযাবর গোত্র এক হয়ে গড়ে উঠেছিল কিরগিজ জাতি। তাদের পুরাণ কাহিনির ভিত হচ্ছে মানাসের মহাকাব্য। পাঁচ লাখ লাইনের এই মহাকাব্য ইউরোপের ওডেসি থেকে ১২ গুণ বড়! কাহিনি বলে, মানাস এক বীর যোদ্ধা ছিলেন। কিরগিজদের ঐক্যবদ্ধ করেছিলেন তিনি। জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর কঠোর নিয়ন্ত্রণ রাখতে সীমানা নিয়ে রাশিয়ার কূটচাল মধ্য এশিয়ার দেশগুলোকে আঞ্চলিক বিরোধের দিকে ঠেলে দেয়। ক্রমে তা রূপ নেয় স্বাধীনতার দাবিতে। ঘনবসতিপূর্ণ এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ ফারগানা উপত্যকাকে মস্কো ভেঙে কয়েক টুকরো করে ফেলে। আর এসবের ফলে ১৯৯১ সালের পর জন্ম নেয় স্বাধীন পৃথক প্রজাতন্ত্র উজবেকিস্তান, তাজিকিস্তান এবং কিরগিজস্তান। তাদের এই স্বাধীনতার পথে সীমানা নিয়ে চলে রক্তক্ষয়ী সংঘাত। ১৯৯০ সালে ওশ শহরে উজবেক ও কিরগিজদের মধ্যে দাঙ্গা ভয়াবহ রূপ নেয়। প্রতিবেশী দেশগুলোতে কর্তৃত্ববাদী শাসন থাকলেও শুরু থেকেই বহুদলীয় গণতন্ত্রের পথে চলা শুরু করেছিল সদ্য স্ব্বাধীন কিরগিজস্তান। এই দেশে ছিল উচ্চকণ্ঠ একটি সুশীল সমাজ। কিন্তু স্বাধীনতার পর দেশটির প্রথম প্রেসিডেন্ট আসকার আকায়েভ ধীরে ধীরে স্বেচ্ছাচারী হয়ে ওঠেন। তিনি তাঁর বন্ধু আর পরিবারের লোকদের একচেটিয়া ব্যবসার সুযোগ দিলেন। তাঁর লোকদের দুর্নীতির কারণে কিরগিজস্তানের অর্থনীতি চরম হোঁচট খায়। সোভিয়েত যুগে স্থাপিত শিল্প ও কৃষি চরম দুরবস্থায় পড়ল। অভাবের কারণে জীবিকার সন্ধানে প্রতিবেশী কাজাখস্তান বা রাশিয়ার দিকে ছুটতে লাগল হাজার হাজার মানুষ। এ ছাড়া নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। শেষ পর্যন্ত গণবিক্ষোভের মুখে ২০০৫ সালের ফেব্রুয়ারিতে আকায়েভকে দেশ ছেড়ে মস্কো পাড়ি দিতে হয়।এরপর দেশের পুনর্গঠন আর দুর্নীতির অবসানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় বসেন বাকিয়েভ। কিন্তু প্রতিশ্রুতির খুব কমই বাস্তবায়ন করতে পেরেছেন তিনি। তাঁর সরকারও বিদেশি শক্তির ক্রীড়নকে পরিণত হয়। মস্কো ও যুক্তরাষ্ট্র উভয়েরই সামরিক স্থাপনা করার সুযোগ দেওয়ার মতো প্রস্তাবে রাজি হয় তাঁর সরকার। অন্যদিকে চীনের লোভনীয় অবকাঠামো প্রকল্প পাওয়ার চেষ্টাও করে যায়। অনেকের ধারণা, কিরগিজ অর্থনীতির অর্ধেকই কালোবাজারের আষ্টেপৃষ্ঠে বাঁধা। সাবেক পররাষ্ট্রমন্ত্রী রোজা ওতুনবায়েভা বিরোধীদের নেতৃত্ব দিচ্ছেন। এখন তিনি অন্তর্বর্তী সরকারের দায়িত্বে আছেন। রোজা বলেছেন, এই গণ-অভ্যুত্থান হচ্ছে দমন-নিপীড়ন এবং অত্যাচারের জবাব। তবে নতুন এই অভ্যুত্থান আরেকটি আশাভঙ্গের পথে যাত্রা কি না সেটাই দেখার বিষয়।