
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তানের শহর অলমাটি। গেল সপ্তাহে এক অদ্ভুত প্রতিযোগিতার আয়োজন করে এই শহরে বাসিন্দারা। প্রাচীন উপকথা স্মরণ করে এই প্রতিযোগিতা ছিল স্ত্রীকে কাঁধে বা পিঠে নিয়ে ভোঁ-দৌড়ের।

কাজাখস্তানে স্ত্রী-চুরি নিয়ে এক উপকথা চালু আছে। বহুকাল আগে যুদ্ধের সময় তরুণ যোদ্ধারা কোনো গ্রাম আক্রমণ করার সময় প্রতিপক্ষের সৈন্যদের স্ত্রীদের দেখতে পেলেই কাঁধে তুলে দৌড় দিত। সেই উপকথাকেই স্মরণ করে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে কাজাখস্তানের সাবেক রাজধানীতে। এই প্রতিযোগিতায় স্ত্রীকে পিঠে নিয়ে স্বামীদের ২৫৩ মিটার পথ দৌড়াতে হয়েছে। সায়ারান হ্রদের পাশে এই দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় কেউ যদি তাঁর স্ত্রীকে দৌড়ের সময় ফেলে দেন তাহলে তাঁকে শাস্তিও দেওয়া হয়। আর কারও স্ত্রী যদি ৪৯ কেজি ওজনের কম হন তাহলে তাঁকে অতিরিক্ত আরেকটি ব্যাগ নিয়ে দৌড়াতে হয়। বিষয়টা ভাবতে কষ্টকর হলেও, মাত্র ১ মিনিট ৪০ সেকেন্ডে ২৫০ মিটারের পথ দৌড়ে অতিক্রম করে তিমুর আর ইনা নামের দম্পতি।
সহধর্মিণীকে কাঁধে নিয়ে দৌড়ানোর প্রতিযোগিতা পৃথিবীর অনেক দেশেই আয়োজন করা হয়। এই দৌড় নিয়ে তো রীতিমতো বিশ্বকাপও আয়োজন করা হয়েছে ১৯৯২ সালে।
জাহীদ হোসাইন খান, সূত্র: মিরর ও উইকিপিডিয়া