স্ত্রী ছাড়াই মধুচন্দ্রিমায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

স্ত্রীকে নিয়ে ইতালিতে দুই সপ্তাহের জন্য মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা ছিল ভারতীয় আলোকচিত্রী ফাইজান প্যাটেলের। বিমানের টিকিট বুকিংও দেওয়া হয়ে গিয়েছে। কিন্তু মধুচন্দ্রিমা-যাত্রার দুই দিন আগে পাসপোর্ট হারিয়ে ফেলেন স্ত্রী সানা। অগত্যা স্ত্রীকে ছাড়াই মধুচন্দ্রিমায় রওনা দেন ফাইজান।
তবে স্ত্রী সানাকে মধুচন্দ্রিমায় ঠিকই সঙ্গে রেখেছেন ফাইজান, অবশ্য একটু ভিন্নভাবে। ইতালির উদ্দেশে বিমানে চড়ে নিজের পাশের শূন্য আসনে স্ত্রীর ছবি ক্যামেরাবন্দী করেন ফাইজান। গত সোমবার সেই ছবি টুইট করে লেখেন, ‘আমি এভাবেই স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রিমায় যাচ্ছি।’
টুইটটি নজরে পড়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের। তিনি টুইটের জবাবে ফাইজানের স্ত্রীকে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন। একটু পর তিনি বলেন, ফাইজানের স্ত্রী সানাকে পাসপোর্টের অনুলিপি দেওয়া হবে যাতে তিনি ইতালি গিয়ে স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমায় যোগ দিতে পারেন।
কিন্তু সমস্যাটা অন্য জায়গায়। নতুন পাসপোর্ট নিয়ে ইতালির ভিসা পেতে সানার যে সময় লাগবে, তত দিনে মধুচন্দ্রিমার সময় শেষ হবে যাবে বলে জানালেন ফাইজান প্যাটেল।
গত ডিসেম্বরে বিয়ে করেছেন ফাইজান ও সানা। এরপর তাঁরা ভারতের ন্যাশনাল পার্কে ‘সংক্ষিপ্ত মধুচন্দ্রিমায়’ গিয়েছিলেন। ইতালিতে দুই সপ্তাহের মধুচন্দ্রিমা ছিল তাঁদের আসল পরিকল্পনা। ফাইজান বলেন, ‘ভ্রমণের পুরো পরিকল্পনা ছিল সানার। আমি তাঁকে খুব মিস করছি। তাঁকে আমার পাশে শিগগিরই দেখতে চাই।’
ফাইজানের স্ত্রী ইতালিতে না যেতে পারলে কী হয়েছে। তিনি তো পাকিস্তানি হুমা মোবিনের উদাহরণ অনুসরণ করতেই পারেন। বিয়ের পর গ্রিসে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেন পাকিস্তানের লাহোরের বাসিন্দা আরসালান ও হুমা মোবিন দম্পতি। তবে স্বামী আরসালান গ্রিসের ভিসা না পাওয়ায় একাই মধুচন্দ্রিমায় যান হুমা মোবিন। সেখানে গিয়ে হাত ছড়িয়ে এমনভাবে ছবি তোলেন যেন তাঁর স্বামী সঙ্গেই আছেন।