স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের জন্য স্ত্রী নির্যাতন করার দায়ে স্বামীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক মুহম্মদ হারুনুর রশিদ। গত বৃহস্পতিবার এক রায়ে জেবল হক নামের ওই ব্যক্তিকে এ দণ্ড দেন। জেবল হক পলাতক রয়েছেন। তিনি ফেনীর দাগনভূঞা উপজেলার হীরাপুর গ্রামের আবদুল মালেক মুন্সির ছেলে। সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) ফরিদ আহম্মদ হাজারী জানান, জেবল হক তাঁর স্ত্রী সামছুন নাহারকে যৌতুকের জন্য প্রায় সময় চাপ দিতেন। ২০০৫ সালের ৮ ডিসেম্বর রাতে জেবল তাঁর স্ত্রীকে বাবার বাড়ি থেকে দেড় লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এতে সামছুন নাহার রাজি না হওয়ায় স্বামী জেবল হক ক্ষিপ্ত হয় তাঁকে পিটিয়ে আহত করেন। এক পর্যায়ে সামছুন নাহারকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টাও করেন। ঘটনার তিন দিন পর ১১ ডিসেম্বর সামছুন নাহার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ মামলার তদন্ত শেষে নারী নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারায় একমাত্র আসামি জেবল হকের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দায়ের করেন। মামলাটি শুনানি শেষে জেবল হককে দোষী সাব্যস্ত করে আদালত উপরোক্ত রায় দেন।