স্থবির খাগড়াছড়ি আ.লীগ
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। চারদলীয় জোট আমলে বিরোধীদল হিসেবে যেটুকু সাংগঠনিক শক্তি দলটি দেখিয়েছে ক্ষমতায় আসার পর তার চাইতেও দুর্বল হয়ে পড়েছে দলের কর্মকাণ্ড। জেলা কমিটি নিয়ে এখনো বড় ধরনের বিবাদ না থাকলেও নেতা-কর্মীদের মাঝে দূরত্ব বেড়েছে-যা আগামী নির্বাচনে দলটিকে যথেষ্ট ভোগাবে। দলের মাঠ পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। তবে জেলা নেতারা আশা করেছেন, নির্বাচনের আগে আওয়ামী লীগ সব কিছুকে ঝেড়ে ফেলে খাগড়াছড়ি সংসদীয় আসনটি জয় করতে সক্ষম হবে। দলীয় সূত্র জানায়, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সর্বশেষ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে ২০১২ সালের ১১ নভেম্বর। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি পদে নির্বাচিত হন কুজেন্দ্র লাল ত্রিপুরা। সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত হন জাহেদুল আলম। পরে পূর্ণাঙ্গ কমিটির নাম প্রস্তাব করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হলেও এখনো তা অনুমোদন হয়নি। বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অভিযোগ করেন, চার দলীয় জোট সরকারের সময় দলের দুঃসময়ে যাঁরা দলের জন্য নিবেদিত ছিলেন পরবর্তী সময়ে দলে তাদের মূল্যায়ন করা হয়নি। ফলে সাম্প্রতিক সময়ে দলের বিভিন্ন কর্মসূচিতে তৃণমূলের কর্মীদের তেমন দেখা যাচ্ছে না। জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও প্রচার সম্পাদক ও খাগড়াছড়ি ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক মুনীর হোসেন খান বলেন, চারদলীয় জোট সরকার গঠনের পর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের নেতারা এলাকাছাড়া হন। প্রতিকূল পরিস্থিতিতে দলের জন্য যাঁরা কাজ করেছিলেন, তাঁরা আজ উপেক্ষিত। জেলা কমিটিতে যোগ্য ব্যক্তিদের সঠিক পদে না রেখে সাংগঠনিকভাবে অনভিজ্ঞ ও জনবিচ্ছিন্ন ব্যক্তিদের নাম প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবিত কমিটি প্রস্তুতের সময় তৃণমূলের নেতা-কর্মীদের মতামতও নেওয়া হয়নি। জেলা কমিটি ঘোষণার আগে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্য পদগুলোর ব্যাপারে পুনর্বিবেচনার দাবি জানান তিনি। জেলা নেতাদের নির্লিপ্ততার কারণে জেলার সবচেয়ে জনবহুল দুটি উপজেলা মাটিরাঙ্গা ও রামগড়ে আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা খুবই খারাপ বলে তিনি মন্তব্য করেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি টকি মারমা দুঃখ প্রকাশ করে বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতার একটি মেয়াদ শেষ করতে চলেছে। এত দিনেও জেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলোর স্থায়ী ঠিকানা হয়নি। নিজ দলের কার্যালয় না থাকার বিষয়টি আমাকে বেশি ব্যথিত করে।’তবে দলের এ অবস্থা সম্পর্কে ভিন্ন মত পোষণ করেন দলের বিগত জেলা কমিটি তথ্য ও প্রচার সম্পাদক সমীর দত্ত চাকমা। তিনি বলেন, বড় দল, তা-ও আবার ক্ষমতাসীন দল, সেখানে বিভিন্ন ধারা-উপধারা কিংবা পাওয়া না-পাওয়ার বিষয়-আশয় থাকা স্বাভাবিক। কিন্তু জেলা আওয়ামী লীগে কোনো কোন্দল নেই। তিনি জানান, শিগগিরই জেলা কমিটি ঘোষণা করা হবে। আর তখন সবই ঠিক হয়ে যাবে।জেলা আওয়ামী লীগের সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা দাবি করেন, জেলা নেতা ও তৃণমূলের কর্মীদের মধ্যে আসলে কোনো দূরত্ব নেই। এখন দলের কর্মীরা নানাজন নানাভাবে ব্যস্ত থাকায় সংগঠনের কাজে কম সময় দিচ্ছেন। তবে নির্বাচনের আগে সবাই ঠিকই এক হয়ে কাজ করবেন এবং খাগড়াছড়ির আসনটি আওয়ামী লীগকে উপহার দেবেন।সংগঠনের কার্যালয় ও জেলা কমিটি প্রসঙ্গে কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, কার্যালয়ের জন্য তহবিল গঠন করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে জায়গাও কেনা হয়েছে। অদূর ভবিষ্যতে ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। পূর্ণাঙ্গ জেলা কমিটির অনুমোদনও কিছু দিনের মধ্যে পাওয়া যাবে।