স্থবির ফেনীর ছাত্রদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে ২২ মাস আগে জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সাত সদস্যের একটি খুদে কমিটি ঘোষণা দিয়েছিল কেন্দ্রীয় কমিটি। সাত সদস্যের এ খুদে কমিটির সভাপতিসহ চারজন এক পক্ষে এবং অপর পক্ষে সাধারণ সম্পাদকসহ তিনজন। শুরুতেই দ্বিধাবিভক্তি। ২০১০ সালের ২৫ মার্চ সাত সদস্যের এ কমিটি ঘোষণা করা হয়। সভাপতির পক্ষের নেতা-কর্মীরা কমিটি বাতিলের দাবিতে বার বার সমাবেশ, মিছিল, মানববন্ধন করেছে। কিন্তু বাতিল কিংবা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। গত ২২ মাসে এ খুদে কমিটি একটি বারের জন্যও নিজেদের মধ্যে একটি বৈঠকও করতে পারেনি। নিজেদের মধ্যে দ্বিধাবিভক্তি থাকায় সাংগঠনিক কর্মকাণ্ড কার্যত স্থবির হয়ে পড়েছে। বর্তমানে জেলা ছাত্রদলের কার্যত কোনো কর্মতৎপরতাই নেই। সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে আলাপ করে জানা যায়, ২০০৩ সালের শুরুতে ফেনী জেলা ছাত্রদলের কমিটি গঠন করা হয়েছিল। দুই বছরের জন্য গঠিত কমিটি দীর্ঘ আট বছর বহাল থাকে। নানা কারণে ওই কমিটির কার্যক্রমও স্থবির হয়ে পড়েছিল। অনেকের ছাত্রত্ব চলে যায়, অনেকে বিয়ে করে সংসার জীবন শুরু করে। আবার অনেকেই ঠিকাদারিসহ বিভিন্ন ব্যবসা বাণিজ্যে জড়িয়ে পড়ে। এ অবস্থায় নিষ্ক্রিয় সংগঠনকে সক্রিয় করতে গত ২০১০ সালের ফেব্রুয়ারিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সাত সদস্যের এই কমিটি ঘোষিত হয়। সাত সদস্যের নতুন কমিটিতে আমান উদ্দিন কায়সারকে সভাপতি, মেজবাহ উদ্দিনকে সহসভাপতি, নঈম উল্লাহ চৌধুরী বরাতকে সাধারণ সম্পাদক, সৈয়দ আলম ভূঁঞা ও হুমায়ুন কবির ওরফে বাদলকে যুগ্ম সম্পাদক, এ এস এম কায়সার ওরফে এ্যালিনকে সাংগঠনিক সম্পাদক ও সালাহ উদ্দিনকে প্রচার সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার দিন থেকেই সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বিরের নেতৃত্বে চারজন এক পক্ষে এবং সাধারণ সম্পাদক নঈম উল্লাহ চৌধুরী ওরফে বরাতের নেতৃত্বে তিনজন অন্য পক্ষে অবস্থান নেয়। সাত সদস্যের কমিটির পাঁচ জনেরই ছাত্রত্ব ছিল না, এ ছাড়া সাত সদস্যের কমিটির চারজনই ছিলেন বিবাহিত। কমিটি ঘোষণার পর গত ২২ মাসে আরও দুই নেতা বিয়ে করে সংসার জীবন শুরু করেছেন। বর্তমানে জেলা ছাত্রদলের সাত সদস্যের কমিটির মাত্র একজনই অবিবাহিত রয়েছেন। কমিটি ঘোষণার পর পরই সভাপতি সাব্বির সমর্থকেরা কমিটি বাতিলের দাবিতে একাধিক বার প্রতিবাদ সভা, সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। কিন্তু কোনো ফল হয়নি। ফলে কেন্দ্র ঘোষিত খুদে কমিটি শুরুতেই স্থবির ও অচল হয়ে পড়ে। বর্তমানে এ কমিটির কোনো সাংগঠনিক কাজ নেই ।গত ২০১১ সালের ১৮ জানুয়ারি অনুষ্ঠিত ফেনী পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য বিএনপি সমর্থিত দাবিদার দুই প্রার্থীর পক্ষে বিপক্ষেও ছাত্রদলের বিবাদমান দুই গ্রুপ প্রকাশ্যে অবস্থান নেয়। যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির ওরফে বাদল প্রথম আলোকে জানায়, তারা জেলা বিএনপি সভাপতি মেজর (অব.) সাঈদ এস্কান্দরের সঙ্গে দেখা করে কমিটি বাতিলের দাবি জানালে তিনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সভাপতি আমান উদ্দিন কায়সার সাব্বির জানান, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) সাঈদ এস্কান্দর বিষয়টি সুরাহা করে দেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে তিনি অসুস্থ থাকায় এখনো সুরাহা হয়নি।জেলা বিএনপির সাধারণ জিয়া উদ্দিন ওরফে মিস্টার জানান, বিষয়টি কেন্দ্রকে জানানো হয়েছে।