স্থানীয় সরকার: শূন্যতা ও অব্যবস্থার কবলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: শিশির ভট্টাচার্য্য
অলংকরণ: শিশির ভট্টাচার্য্য

গণতন্ত্র ও স্থানীয় সরকার একে অপরের পরিপূরক। গণতান্ত্রিক ধারা, মূল্যবোধ ও রাষ্ট্রের সংস্কৃতি টিকিয়ে রেখে একে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পূর্বশর্ত হচ্ছে একটি দক্ষ, কার্যকর, স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও গণতান্ত্রিক স্থানীয় সরকারব্যবস্থা থাকা। স্থানীয় মানুষের সেবা ও উন্নয়নের জন্য যে স্বাবলম্বী ও স্বশাসিত স্থানীয় সরকারব্যবস্থা থাকে, তাকেই গণতান্ত্রিক স্থানীয় সরকার বলে। স্থানীয় সরকার স্বয়ংসম্পূর্ণ হওয়া মানেই গোটা দেশ স্বয়ংসম্পূর্ণ হওয়া এবং স্থানীয় সেবা ও উন্নয়ন মানেই সমগ্র দেশের সমষ্টিগত সেবা ও উন্নয়ন। 
দেশের সামগ্রিক প্রশাসন ও উন্নয়নে গতিশীলতা আনয়ন, বিভিন্ন স্তরে রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বের বিকাশমান ধারাকে অব্যাহতভাবে লালন, গণতান্ত্রিক ও অংশীদারির ধারণা ও কার্যক্রমের বিকাশ সাধন ইত্যাদির জন্য স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কোনো বিকল্প নেই। আমাদের স্থানীয় সরকার ও স্থানীয় শাসনব্যবস্থার অঙ্গনে দীর্ঘদিন একটি শূন্যতা ও অব্যবস্থা বিরাজ করছে। সে শূন্যতা ও অব্যবস্থা কাটিয়ে একটি স্থিতিশীল সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক কাঠামো সৃষ্টির পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি হয়ে পড়েছে।
আমাদের দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো কিছু সুনির্দিষ্ট ও অল্পসংখ্যক উন্নয়ন কর্মকাণ্ডে সীমিত কর্তৃত্ব ভোগ করে থাকে। পরিবারকল্যাণ, শিক্ষা, কৃষি, জনস্বাস্থ্য, সমাজকল্যাণসহ যেসব উন্নয়ন কর্মকাণ্ড চালানোর জন্য তাদের দায়দায়িত্ব রয়েছে সেগুলো পরিচালিত হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অধিদপ্তরের মাধ্যমে। সরকারের মাঠপর্যায়ে যেসব কর্মকর্তা বা কর্মী রয়েছেন, তাঁদের সঙ্গে স্থানীয় সরকারের সম্পর্ক সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। ফলে এ ক্ষেত্রেও স্থানীয় সরকারই উপেক্ষিত হয়।
মহান স্বাধীনতার পর ঔপনিবেশিক উত্তরাধিকার ও রাষ্ট্রক্ষমতায় গণতন্ত্র চর্চার দীর্ঘ অনুপস্থিতির কারণে আমলাতন্ত্রের ক্ষমতা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। জাতীয় পর্যায়ের রাজনীতিবিদদের ওপর মানুষের আস্থার সংকট ও স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের প্রাধান্য বৃদ্ধির ক্ষেত্রে আমলাতন্ত্রের অনিচ্ছার কারণে একটি দুর্বল ও কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত স্থানীয় সরকারব্যবস্থা গড়ে উঠেছে। এ অবস্থায় গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে একটি কার্যকর স্থানীয় সরকারব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয় আইনি ও কাঠামোগত সংস্কার প্রয়োজন। নতুন ব্যবস্থায় কেন্দ্রের সঙ্গে স্থানীয় সরকারের কাজ, ক্ষমতা, কর্তৃত্ব ও সম্পদ ভাগাভাগির সুযোগ থাকা বাঞ্ছনীয়।
বাংলাদেশে স্থানীয় সরকারবিষয়ক নীতিনির্ধারণী প্রক্রিয়াটি খুবই দুর্বল। জাতীয় পর্যায়ে এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়ে খুব কমই আলোচনা হয়েছে। সেই সঙ্গে সংশ্লিষ্ট সচল কমিটি না থাকা এবং মুক্ত আলোচনা বা পাবলিক হেয়ারিং ব্যবস্থা না থাকায় নীতিনির্ধারণের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়ও যথেষ্ট গুরুত্ব পাচ্ছে না এবং নীতিনির্ধারণ-প্রক্রিয়ার স্বচ্ছতাও নিশ্চিত করা যাচ্ছে না। অপর দিকে সরকারের নির্বাহী বিভাগে এমন কোনো পদ্ধতি নেই, যার মাধ্যমে তারা সংশ্লিষ্ট জনসাধারণের মতামত জানতে পারে বা নীতি বাস্তবায়নে এর প্রতিফলন ঘটাতে পারে। যদিও সুশীল সমাজ ও এর সংগঠনগুলো নিজেদের উদ্যোগে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করে। কিন্তু সংসদ বা নির্বাহী বিভাগের সঙ্গে সুশীল সমাজের কোনো সরাসরি সেতুবন্ধ না থাকায় তাদের পক্ষেও কার্যকর কোনো ভূমিকা রাখা সম্ভব হচ্ছে না।
সুসংহত ও স্বচ্ছ স্থানীয় সরকারব্যবস্থা প্রতিটি দেশের জনগণের একটি প্রত্যাশিত স্বপ্ন। স্থানীয় সরকার প্রতিনিধিদের মাধ্যমে যেমন আঞ্চলিক জনগণের মতামত প্রতিফলিত হয়, তেমনি সরকারের উন্নয়ন কার্যক্রম ও সেবা প্রত্যন্ত জনপদে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবেও কাজ করে স্থানীয় সরকারব্যবস্থা। তাই স্থানীয় সরকারের ভূমিকা দ্বিমুখী, যেমন স্থানীয় সরকারকে একই সঙ্গে সমস্যার মধ্যস্থতাকারী হিসেবে অবস্থান নিতে হয় আবার সম্পদের উন্নয়নের দায়িত্ব পালন করতে হয়। এই দ্বিমুখী প্রক্রিয়ার কোথাও অস্থিতিশীলতা দেখা দিলে দেশের সামগ্রিক উন্নয়ন ব্যাহত হয়। তাই সুসংহত ও স্বচ্ছ স্থানীয় সরকারব্যবস্থা একটি দেশের উন্নয়নের পূর্বশর্ত। আর অন্যতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান হিসেবে সিটি করপোরেশন এর বাইরে নয়।
শিকড় যদি ভালো হয়, তবে গাছের ফল সুমিষ্ট ও রসাল হয়। সিটি করপোরেশন বা স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো একটি দেশের শাসনব্যবস্থার শিকড়স্বরূপ। ২০১১ সালের ৫ মে সরকার নারায়ণগঞ্জসহ চারটি পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করে। এতে মানুষের চাহিদা বেড়েছে। কিন্তু চাহিদা মেটানোর জন্য সরকার পর্যাপ্ত জনবল ও সম্পদ দেয়নি। তথাপি সীমিত সম্পদ ও জনবল দ্বারা যতটুকু উন্নয়ন করা সম্ভব তা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে না প্রভাবশালী গডফাদারদের অশুভ তৎপরতার কারণে। এই অশুভ শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা ও নিজস্ব সশস্ত্র সন্ত্রাসী বাহিনীকে কাজে লাগিয়ে জনগণকে জিম্মি করে নিজের প্রভুত্ব প্রতিষ্ঠিত করছে। অপহরণ, গুম, খুন, চাঁদাবাজি, সন্ত্রাসী, টেন্ডারবাজি, লুটপাট, ভূমি দখল, নদী দখলসহ এহেন কোনো অপকর্ম নেই, যা তারা করে না। তাদের কাছে সরকারের শত কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া মামুলি ব্যাপার। যুগের পর যুগ তাদের অত্যাচার, নির্যাতন, শোষণ, বঞ্চনা মানুষ নীরবে সহ্য করে অশুভ শক্তির ভয়ে, এটাকে তারা নিজেদের ঐতিহ্য হিসেবে প্রচার করে গর্ববোধ করে।
আমি স্থানীয় সরকারের একজন প্রতিনিধি হিসেবে বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু কথা তুলে ধরতে চাই। নারায়ণগঞ্জকে একসময় প্রাচ্যের ডান্ডি বলা হতো। এখনো ব্যবসা-বাণিজ্যে নারায়ণগঞ্জ এগিয়ে আছে। কিন্তু একের পর এক হত্যাকাণ্ড ঘটছে। এখানে চাঁদাবাজি, মাদক ব্যবসাও অনেক বেড়েছে। মেধাবী ছাত্র ত্বকী, নাট্যকর্মী চঞ্চল, ব্যবসায়ী ভুলু, আশিক, ছাত্রনেতা মিঠুসহ অনেক হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু এসব ঘটনার বিচার বা তদন্ত কোনোটাই সুষ্ঠুভাবে হচ্ছে বলে সাধারণ মানুষ মনে করে না। সর্বশেষ সাত খুনের ঘটনার পর প্রশ্ন দাঁড়িয়েছে, নারায়ণগঞ্জ কোন পথে যাচ্ছে। সাধারণ মানুষের একটাই দাবি, আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো হয়, যে-ই অপরাধ করুক না কেন, সে যেন শাস্তি পায়। এসব হত্যাকাণ্ড নারায়ণগঞ্জকে আতঙ্কের জনপদে পরিণত করেছে। অথচ আমি ২০০৩ সাল থেকে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নারায়ণগঞ্জের উন্নয়নের জন্য নিঃস্বার্থভাবে কাজ করছি। যথাসম্ভব উন্নয়নের চেষ্টা করেছি। কিন্তু অশুভ শক্তির তৎপরতায় বারবার বাধার সম্মুখীন হচ্ছি। স্রোতের প্রতিকূলে সাঁতার কাটা যেমন কষ্টকর, অপরাজনীতির বিপরীতে উন্নয়নের রাজনীতি তেমনি কঠিন। আমার মনে হয়, উন্নয়নের জন্য সর্বপ্রথম প্রয়োজন সুশাসন।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গঠনে ভিশন-২০২১ ঘোষণা করেছেন। তার সফল বাস্তবায়নের জন্য রাজনৈতিক স্থিতিশীলতা, সুশাসন, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে একটি শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা খুবই জরুরি।
ডা. সেলিনা হায়াৎ আইভী: মেয়র, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন।