স্থানীয় সরকার সহায়তা প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
কক্সবাজারের মহেশখালী উপজেলায় স্থানীয় সরকার সহায়তার প্রকল্পের (এলজিএসপি-২) আওতায় উপজেলার আট ইউনিয়নে ৬৬টি উন্নয়নকাজ চলছে। স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে পরিচালিত এই প্রকল্পে কাজের বিবরণ উল্লেখ করে পরিচিতিফলক টানানোর নিয়ম থাকলেও তা মানা হচ্ছে না। এতে প্রকল্পের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ২০১২-১৩ অর্থবছরে লোকাল গভর্ন্যান্স সাপোর্ট (এলজিএসপি প্রকল্প-২) প্রকল্পের আওতায় উপজেলার আটটি ইউনিয়নে ৬৬টি প্রকল্পের জন্য এক কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৫৬১ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার বিভাগ। এই প্রকল্পের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য ও মহিলা সদস্যরা।
প্রকল্পের আওতায় নালা, রক্ষা দেয়াল, সড়কসহ গ্রামীণ অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি স্বাস্থ্যসম্মত পায়খানা তৈরি, বিদ্যালয়ের ক্রীড়াসামগ্রী বিতরণ, ভবন সংস্কার ও তথ্যসেবাকেন্দ্রের জন্য আসবাব কেনা হচ্ছে। জানা গেছে, গত ২৮ জুন স্থানীয় সরকার বিভাগ থেকে এই বরাদ্দ দেওয়া হয়। তবে ৩০ জুন ২০১২-১৩ অর্থবছর শেষ হয়ে যাওয়ায় সরকারের নির্দেশনা অনুযায়ী বর্তমান অর্থবছরে (২০১৩-১৪) ওই বরাদ্দ দিয়ে উন্নয়নকাজ চালিয়ে নিচ্ছেন প্রকল্পের প্রধানেরা। স্থানীয় সরকার বিভাগের কক্সবাজার জেলা সহায়ক কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ইতিমধ্যে প্রকল্পের অধীনে ৭০ শতাংশ উন্নয়নকাজ শেষ হয়েছে। বাকি ৩০ শতাংশ কাজ শেষ হওয়ার পথে।
তবে অধিকাংশ প্রকল্পের কাজ শেষ বা শেষ হওয়ার পথে থাকলেও কাজের বিবরণ দিয়ে নিয়ম অনুযায়ী পরিচিতিফলক টানানো হয়নি। এতে কাজটিতে কত টাকা বরাদ্দ হয়েছে, কার তত্ত্বাবধানে হচ্ছে, এসব কিছুই জানতে পারছে না উপকারভোগী স্থানীয় বাসিন্দারা।
গত সোমবার সরেজমিনে প্রায় ৩০টি প্রকল্প এলাকায় গিয়ে মাত্র চারটিতে পরিচিতিফলক চোখে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে, কুতুবজোম ইউপির চেয়ারম্যান শফিউল আলম বলেন, ‘প্রকল্পে পরিচিতিফলক টানানোর বিষয়টি আগে আমার জানা ছিল না। কয়েক দিনের মধ্যে ফলক টানানো হবে।’
স্থানীয় সরকার বিভাগের এলজিএসপি-২ প্রকল্পের কক্সবাজার জেলা সহায়ক কর্মকর্তা মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী বলেন, ‘কাজ পরিদর্শন করতে গিয়ে অধিকাংশ প্রকল্পে পরিচিতিফলক খুঁজে পাইনি। সংশ্লিষ্ট প্রকল্পপ্রধানদের দ্রুত কাজ শেষ করার ও পরিচিতিফলক টানানোর নির্দেশ দেওয়া হয়েছে।’