হাটহাজারীর নন্দীরহাটের ঘটনার আসল খলনায়ক চিহ্নিত হওয়া এবং তাঁদের মধ্যে ১০ ব্যক্তি গ্রেপ্তার হওয়ার পর পুলিশ সহিংস ঘটনায় জড়িত বাইরের এলাকার আরও কয়েকজনের বিরুদ্ধে অভিযান শুরু করছে। পুলিশসহ বিভিন্ন সূত্রে জানা গেছে, নন্দীরহাট এলাকার বাসিন্দা নয় এমন ব্যক্তিরা বিশেষ উদ্দেশ্যে চট্টগ্রামে অস্থির পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করে, যা সারা দেশে ছড়িয়ে দেওয়াই ছিল তাদের উদ্দেশ্য। পুলিশ কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-হাটহাজারী সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ রাখা এবং বিভিন্ন ধর্মীয় স্থাপনায় হামলা ও অগ্নিসংযোগ করার ঘটনা ছিল পূর্বপরিকল্পিত। গত বুধবার গ্রেপ্তার হওয়া কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে এ তথ্য জেনেছে পুলিশ। ১০ ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। এতে ওই দিন চট্টগ্রামের সঙ্গে রাঙামাটি ও খাগড়াছড়ির সড়ক যোগাযোগ সাড়ে ছয় ঘণ্টার জন্য বিচ্ছিন্ন ছিল।প্রসঙ্গত, ৯ থেকে ১০ ফেব্রুয়ারি নন্দীরহাট ও হাটহাজারীর কিছু এলাকায় ধর্মীয় স্থাপনায় হামলা চালানো হয়। প্রথম দিনের ঘটনাবলি স্থানীয় প্রতিবেশীদের মধ্যে সীমাবদ্ধ ছিল। পরের দিন ১০ ফেব্রুয়ারির ঘটনায় বাইরের এলাকার সুযোগসন্ধানী লোকদের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে পুলিশ। তাঁদের মধ্যে জামায়াত-শিবির ও বিএনপির বিতর্কিত এক নেতার অনুসারীরা রয়েছেন বলে জানা গেছে।চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘১০ ফেব্রুয়ারির ঘটনায় বাইরের লোকজনের সরাসরি সম্পৃক্ততা ছিল। আমরা তদন্ত করে কিছু লোককে শনাক্ত করেছি। তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।’ পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে আরও জানান, চট্টগ্রামে অস্থিরতা সৃষ্টির উদ্দেশ্যে ১০ ফেব্রুয়ারি সড়ক অবরোধ ও বিভিন্ন মন্দিরে হামলা চালানো হয়। এর আগে একই গোষ্ঠীর লোকজন হাজিপাড়া মসজিদের দেয়ালের অংশবিশেষ ভেঙে ধর্মীয় অনুভূতি কাজে লাগানোর চেষ্টা করে।নন্দীরহাটে মন্দিরে হামলা চালানোর কয়েক ঘণ্টা পর পার্শ্ববর্তী একটি মসজিদের দেয়াল ভেঙে ফেলার ঘটনায় পুলিশ গত বুধবার একজন রাজমিস্ত্রিসহ ১০ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। ওই রাজমিস্ত্রির নাম মোহাম্মদ জসিম। মাত্র ৫০ টাকার বিনিময়ে স্থানীয় এমদাদুল্লাহ ও মোহাম্মদ লোকমানের পরামর্শে তিনি ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে হাজিপাড়া মসজিদের দেয়ালের অংশবিশেষ ভেঙে দেন বলে চট্টগ্রামের বিচারিক হাকিম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।পুলিশ কর্মকর্তারা জানান, মসজিদের দেয়াল ভেঙে ফেলার কথা স্থানীয় লোকজন বাইরে প্রচার করে। এ কারণে ১০ ফেব্রুয়ারি দিনভর চট্টগ্রাম-হাটহাজারী সড়কে অবরোধ সৃষ্টি এবং আটটি মন্দিরে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয়। এসব ঘটনার নেপথ্যে রাজনৈতিক মদদও থাকতে পারে, যা তদন্তে বেরিয়ে আসছে। বাইরের লোকজনের মধ্যে যাঁদের নামধাম পাওয়া যাচ্ছে তাঁরা রাজনৈতিক ছত্রছায়ায় থাকেন।হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. বাবুল আক্তার এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘১০ ফেব্রুয়ারির সহিংস ঘটনায় জড়িত ব্যক্তিদের নাম বিভিন্ন দিক থেকে আমরা পেয়েছি। স্থানীয় কিছু ব্যক্তি ফোন করে বাইরের লোকদের ডেকে আনার ব্যবস্থা করেছেন। তাঁদের ফোনের কললিস্ট পরীক্ষা করা হচ্ছে। ভিডিও ফুটেজ ও স্থির ছবি দেখে আমরা দুষ্টলোকদের চিহ্নিত করার চেষ্টা করছি। এ ঘটনায় জড়িত আরও কয়েকজনকে খুব শিগগির গ্রেপ্তার করতে সক্ষম হব।’