স্থানীয় মানুষের স্বপ্নের কুঁড়ি কলকাকলি উচ্চবিদ্যালয়
চারদিকে সবুজের হাতছানি, নেই ব্যস্ত নগরের কোলাহল। এমন মগ্নতা নিয়ে শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়াচ্ছে কলকাকলি উচ্চবিদ্যালয়। শিশুদের কলকাকলিতে মুখরিত এই বিদ্যালয় চোখে পড়বে আগ্রাবাদ বহুতল কলোনিতে গেলে। প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িয়ে আছে স্থানীয় মানুষজনের আবেগ। তাদেরই আর্থিক সহায়তায় ১৯৮৬ সালে যাত্রা শুরু করে বিদ্যালয়টি। শিক্ষানুরাগী ব্যক্তি থেকে শুরু করে বহু সাধারণ মানুষের প্রচেষ্টা আর সাফল্যগাথার প্রতীক বলা যেতে পারে বিদ্যালয়টিকে। বিগত দুই যুগে এক পা, দুই পা করে অনেক দূর এগিয়েছে এই শিক্ষাপ্রতিষ্ঠান। দক্ষ শিক্ষকদের দ্বারা যত্নশীল পাঠদান, নিয়মানুবর্তিতা, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষ যত্ন এবং সুন্দর হাতের লেখার প্রতি জোর দেওয়ায় সাফল্য এসেছে। গত দুবছরের ফলাফল বিশ্লেষণ করলেই সাফল্যের চিত্রটা ধরা পড়ে। ২০০৯ সালে এসএসসিতে পাসের হার ছিল ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ জন। ২০১০ সালে জিপিএ-৫-এর সংখ্যা বেড়ে দাঁড়ায় ২০ জনে আর পাসের হার ৯৪ শতাংশে। জেএসসি পরীক্ষায়ও এসেছে অভাবনীয় সাফল্য। ১০৮ পরীক্ষার্থীর সবাই পাস করেছে। এ ছাড়া সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক প্রতিযোগিতা ও ক্রীড়া ক্ষেত্রেও রয়েছে নানা সাফল্য।শিক্ষার্থী এবং অভিভাবকদের মতে, এই সাফল্যের পেছনের ব্যক্তিটি হলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমদুল হক। ১৯৯৯ সাল থেকে তিনি এ দায়িত্ব পালন করছেন। প্রথম আলোকে তিনি বলেন, ‘প্রায় দুযুগ ধরে এ বিদ্যালয়ের উন্নতির পেছনে আছে শিক্ষকদের নিরলস পরিশ্রম, অভিভাবকদের সচেতনতা ও শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি।’ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বর্তমানে শিক্ষার্থী আছে ৬০০। প্রধান শিক্ষকসহ শিক্ষক-শিক্ষিকা রয়েছেন ১৭ জন। দশমিক ৫ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি চারতলা। বিদ্যালয়ে পূর্ণাঙ্গ কম্পিউটার ল্যাব, বিজ্ঞানাগার ও পাঠাগার রয়েছে। বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য আবদুল লতিফ বলেন, ‘সাফল্যের পাশাপাশি সমস্যাও রয়েছে। আশপাশের এলাকা থেকে বহু শিক্ষার্থী এ বিদ্যালয়ে ভর্তি হতে আসে। কিন্তু শ্রেণীকক্ষের অভাবে সবাইকে ভর্তি করানো সম্ভব হচ্ছে না।’ বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম বিস্তৃত করতে সরকারের সহযোগিতা চান তিনি।