স্থাপত্য ঐতিহ্যের সন্ধানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি কি স্থাপত্যের শিক্ষার্থী? কিংবা স্থাপত্য ঐতিহ্যের অনুরাগী? তাহলে আপনার জানার দুয়ার খুলে দিতে পারে এ প্রদর্শনী। শুধু বাংলাদেশই নয়, এশিয়ার ১৭টি দেশের ১৭০টি স্থাপত্য নিদর্শন সম্পর্কে জানার সুযোগ মিলবে এ প্রদর্শনীতে। এশিয়ার ঐতিহ্যবাহী স্থাপনাগুলো সম্পর্কে জানার সুযোগ করে দিতে ইনস্টিটিউট অব আর্কিটেকচার বাংলাদেশ (আইএবি) আয়োজন করেছে স্থাপত্যবিষয়ক এই প্রদর্শনীর। ‘আর্ক এশিয়া হেরিটেজ’ নামের এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে ঢাকার জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী হলে। প্রতিটি দেশের ১০টি করে স্থাপনা স্থান পেয়েছে এখানে। দেশগুলোর আদিকালের আবিষ্কৃত স্থাপনা থেকে বর্তমান সময়ের আধুনিক স্থাপনা সম্পর্কে জানার সুযোগ পাবেন আগ্রহীরা।পৃথিবীর ইতিহাসে ঐতিহ্যবাহী স্থাপনা হিসেবে খ্যাত যেসব স্থাপনা আছে, সেগুলোর মধ্যে কয়টির কথা আমরা জানি? এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী তানজিলা রহমান বলেন, ‘এ বিষয়ের ওপর আমাদের এমনিতেও প্রাতিষ্ঠানিক পড়াশোনা করতে হয়। আর এই আয়োজন যেহেতু এতগুলো স্থাপনা সম্পর্কে জানাচ্ছে, স্বাভাবিকভাবেই আমরা অনেক বেশি উপকৃত হচ্ছি। একই বিভাগের শিক্ষার্থী খাজা মাইনুদ্দিন বলেন, ‘এখানে যে বিষয়টি চোখে পড়ার মতো, সেটা হলো, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থাপনাশৈলীর যে পরিবর্তন হয়েছে, সেটাও কিন্তু উঠে এসেছে এই প্রদর্শনীতে। সেটা জানাও আমাদের জরুরি।’সেই সঙ্গে এশিয়ার আর্কিটেক্টদের সংগঠন আর্ক এশিয়ার সহযোগিতায় একই বিষয়ের ওপর এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের স্থাপত্যের শিক্ষক আবু সাঈদ এম আহমেদের সম্পাদনায় আর্ক এশিয়া হেরিটেজ নামে দুই খণ্ডে একটি বইও প্রকাশ করা হয়েছে। যেখানে আরও বিস্তারিতভাবে প্রতিটি স্থাপনা সম্পর্কে তথ্য, নকশা ইত্যাদি উল্লেখ আছে। কেন এই প্রয়াস—জানতে চাইলে আবু সাঈদ এম আহমেদ বলেন, ‘আমি মূলত স্থাপত্যবিষয়ক সচেতনতামূলক কাজ করে থাকি, এর অংশ হিসেবে বইটি প্রকাশ করা। যাতে এর সঙ্গে শিক্ষার্থীরা এই স্থাপনাগুলো সম্পর্কে জানতে পারে এবং সেই সঙ্গে নিজেদের ঐতিহ্য সম্পর্কে সচেতন হতে পারে।প্রদর্শনীটি শিক্ষার্থীদের জানার ক্ষেত্রে কতটুকু সাহায্য করবে জানতে চাইলে এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বিশিষ্ট স্থপতি সামসুল ওয়ারেস বলেন, ‘এ সময় আমরা অনেক বেশি পাশ্চাত্য সংস্কৃতিমুখী। আমাদের যে নিজস্ব একটা ঐতিহ্য আছে, সেটা ভুলতেই বসেছি। সবকিছুতেই আমরা পশ্চিমাদের অনুসরণ করছি। এতে আমরা নিজের ঐতিহ্য-অস্তিত্ব হারাচ্ছি। এই প্রদর্শনী হয়তো আমাদের আবার স্মরণ করিয়ে দেবে যে আমাদের একটি ঐতিহ্য আছে, যা কোনো অংশেই কম সমৃদ্ধ নয়।১৭ জুলাই থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে ২২ জুলাই পর্যন্ত। চাইলে আপনিও যোগ দিতে পারবেন স্থাপত্যের এই আলোকিত বয়ানে।