স্থাপত্য আর কবিতা। স্থাপত্যের মতো কঠিন একটি বিষয়ে কথা বলতে গিয়ে কেন আমরা কবিতার কথা বলছি, সেটা বোঝার চেষ্টা করুন। আমরা কোনো দানবীয় আকারের প্রাণহীন শৈল্পিক স্থাপনার কথা বলছি না, বরং যে স্থাপনার শরীরজোড়া কবিতা, তারই কথা বলতে চাইছি। আরও ভালোভাবে বললে বলতে হয়, আমরা সেই স্থপতির কথা বলতে চাইছি, গ্রামের নদীটি ছিল যাঁর খুব প্রিয়। বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর স্বচ্ছজলে ঘণ্টার পর ঘণ্টা স্নান করত ছেলেটি, মানে খোন্দকার হাসিবুল কবির। এ জন্য প্রতিদিন ছিল মায়ের বকুনি। ঝিনাইদহের ভুতিরগাতিতে জন্ম ছেলেটার। স্বাধীনতার দুই বছর পর। গ্রামের স্কুলে লেখাপড়ার শুরু। ক্লাস ফোর থেকে ঝিনাইদহ শহরের কাঞ্চননগর মডেল হাইস্কুলে পড়ে সেই শহরেরই ক্যাডেট কলেজে এসএসসি, এইচএসসি।পড়াশোনার কথা পরে। আগে আমরা চিনতে চেষ্টা করি মানুষটাকে। বুঝতে চেষ্টা করি, কী কাজ নিয়ে তিনি বার্জার পুরস্কার জিতে নিলেন। খুঁজতে চেষ্টা করি তরুণ প্রতিভাবান এই মানুষটির কাব্যিক মনটিকে। এসব বুঝতে হলে আবার ফিরে যেতে হবে নবগঙ্গা নদীর কাছে। এই নদীই তাঁকে দিয়েছিল অবগাহনে মুক্তির ঠিকানা। ঝিনাইদহের খোলা প্রকৃতি হাসিবের মনকে তৈরি করেছে। ছেলেবেলায় হতে চেয়েছিলেন চিকিৎসক, কিন্তু বড় হতেই বদলে গেল পথ। পোষা কুকুর, বেড়াল, পাখি আর ছাগলের সঙ্গে সময় কাটাতে যাঁর ভালো লাগত, রাতে দাদির সঙ্গে তারা দেখতে দেখতে ঘুমিয়ে পড়তেন যে ছেলেটি, তাঁর মনের তন্ত্রীতে নদী, ধানখেত, আকাশ, মেঘ, রাখাল বালক, মেলা ইত্যাদি বহমান তো থাকবেই। রাজধানীর যান্ত্রিকতা তাঁর মন থেকে প্রকৃতি নামের কাব্যকে তাই সরিয়ে দিতে পারেনি কখনো। এ কারণেই তাঁর জল-জঙ্গলের কাব্য নামের স্থাপনাটির কথা মনে এলে কবিতার কথাই মনে পড়ে সবার আগে। কাজটি হাসিব করেছিলেন পুবাইলের সাধারণ মানুষের সঙ্গে কথা বলতে বলতেই। তাঁদের সঞ্চিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই তৈরি হয়েছিল পুবাইল রিট্রিট বা জল-জঙ্গলের কাব্য। বার্জার অ্যাওয়ার্ড ফর এক্সিলেন্স ইন আর্কিটেকচার ২০০৯ পুরস্কার পেয়েছে এই স্থাপনা, অনাবাসিক ক্যাটাগরিতে। শুধু কি জল-জঙ্গলের কাব্য? করাইল বস্তিতে সবাই মিলে একটা বাগান করেছেন তাঁরা, দিনাজপুরে সুন্দরবন গ্রামে আজিজ সরকারের সঙ্গে মিলে দেড় কিলোমিটার রাস্তায় ফল, ফুল আর বনফুলের গাছ লাগাচ্ছেন তাঁরা তিন বছর ধরে। স্থপতি নাহাস খলিলের সঙ্গে একটা চা বাগানের বাংলোতে ল্যান্ডস্কেপ নকশা করছেন। হাইতিতে কাজ করছেন এখন। বললেন, হাইতিতে গ্রামের মানুষের সঙ্গে কাজ করছি। আমার কথা রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রিরা বোঝে না, ওদের কথাও আমি বুঝি না। কিন্তু আমরা বাড়ি বানাচ্ছি!হাইতিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য ব্র্যাক দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে। হাসিব সেখানে হাইতির গ্রামের মানুষের জন্য মজবুত বাড়ি নির্মাণের কাজটি করছেন। সাইক্লোন, সিডর ও আইলার পর বাংলাদেশেও একই ধরনের কাজ করেছিলেন তাঁরা।হাসিব বলছিলেন, স্থাপত্য তো শুধু ঘরবাড়ি তৈরি না। ঘরবাড়ির বাইরেটাও তো স্থাপত্যের অংশ। ঘরের ভেতরের সঙ্গে বাইরেরটাও যখন সুন্দর হবে, তখন বাংলাদেশের স্থাপত্য আরও সুন্দর হবে।ঢাকা মহানগরে এই যে একের পর এক গড়ে উঠছে সুউচ্চ অট্টালিকা, তাতে দম ফেলার অবকাশই মেলে না। একটু মুক্ত জায়গা পাওয়া কঠিন হয়ে পড়ে। যতটুকু জমি, তার ওপরই গড়ে উঠছে বাড়ি। হাসিবের কাজে ওই মুক্ত জায়গাটুকু পাওয়া যাবে। ওর মনের স্পর্শ মানেই কবিতার স্পর্শ। একটু ফাঁকা জায়গা, একটু রোদ, একটু বৃষ্টি, একটু মেঘের আনাগোনা।কীভাবে সেটা পারেন হাসিব? ওর কাজের মূল উদ্দেশ্যই হলো কাজ থেকে আনন্দ পাওয়া আর কাজে স্বাধীনতা পাওয়া। কাজ করার আনন্দ না পেলে সে কাজ করার কোনো মানেই হয় না। আর হ্যাঁ, ওড়ার আকাশ বা স্বাধীনতা না থাকলে গণ্ডির মধ্যে যা তৈরি হয়, তা পেতে পারে না সৃজন-মান।হাসিবের মনে একজন কবি মানুষ বসে আছেন, কিন্তু সেই কবির বিচরণক্ষেত্র কল্পনা ও বাস্তবে সমান সমান। তাই স্থপতি হিসেবে কেমন দেখতে চান আগামীর বাংলাদেশকে, এমন প্রশ্ন করলে অবলীলায় তিনি বলতে পারেন, শহরে সুন্দর ফুটপাত, যেখানে একজন হাঁটতে হাঁটতে, চিন্তা করতে পারবে, বসে আড্ডা দিতে পারবে, পড়তে-লিখতে-আঁকতে পারবে, গাছের ছায়ায় বসে পাখির গান শুনতে পারবে, সারা বাংলাদেশের সব বাচ্চা স্কুলে যেতে পারবে, সব স্কুলে ফুল আর ফলের বাগান থাকবে।১৯৯১ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগে ভর্তি হয়ে ২০০০ সালে ব্যাচেলর শেষ করেছেন তিনি। এরপর ইংল্যান্ডের শেফিল্ড বিশ্ববিদ্যালয়ে ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে মাস্টার্স শেষ করেছেন ২০০৪ সালে। ২০০৫ সালে যুক্ত হয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে। এখনো আছেন সেখানেই। আমরা হাসিবকে দেখতে পাই প্রকৃতির কাছাকাছি একজন মানুষ হিসেবে। তাই তিনি যখন বলেন, ‘প্রকৃতি কখনো তৈরি করা যায় না, তা নিজে থেকেই তৈরি হয়। শুধু প্রয়োজন, তা হতে দেওয়া। এটাই আমরা করছি, করব’, তখন প্রকৃতিপ্রেমী এই স্থপতি যে অনেকদূর এগিয়ে যাবেন, সে ব্যাপারে কোনো সন্দেহ থাকে না।