স্থাপনাশিল্পে অস্থির সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাজের নানা অসংগতি, অন্যায়, দুর্ঘটনা ও ভয়াবহতা প্রতিনিয়ত আমাদের স্বাভাবিক কার্যক্রমকে ব্যাহত করছে। এর প্রভাব পড়ছে আমাদের স্বপ্ন, সমাজ ও দেশের ওপর। সমাজের এ চিত্রই মিশ্র মাধ্যমে স্থাপনাশিল্পে মূর্ত করেছেন শিল্পী অরূপ বড়ুয়া। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে তাঁর প্রথম একক স্থাপনাশিল্প প্রদর্শনী ‘স্ট্রেস’ শেষ হলো ১৬ অক্টোবর। ১৪ অক্টোবর এ প্রদর্শনী শুরু হয়। গ্যালারির তিনটি কক্ষে তিন ধরনের স্থাপনার সমন্বয়ে একটি ধারাবাহিক ভাবনা উপস্থাপন করেছেন শিল্পী। এই ধারাবাহিক কাজের মূল বিষয় হলো, প্রচণ্ড মানসিক চাপ বা স্ট্রেস। প্রথম কক্ষে পেপার থিম নিয়ে করা স্থাপনায় পটভূমিতে ছিল চার রঙের ছোপ ছোপ রক্ত, নিচে পড়ে রয়েছে বিবর্ণ খড়। কোনো দুর্ঘটনা ঘটলে প্রথমেই সাধারণ মানুষ সংবাদমাধ্যমের সাহায্যে জানতে পারে। সে ভাবনা থেকেই মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে পেপার থিম। দ্বিতীয় কক্ষে দেখা গেল, বিভিন্ন রোগের পরীক্ষা নির্ণয় করা এক্স-রে প্লেট, বিভিন্ন জারে রয়েছে মানুষের মস্তিষ্কের অংশবিশেষ, যকৃৎ, ফুসফুস, কিডনি, ইউরিন, চোখের মণি, রক্তসহ শরীরের ভেতরের বিভিন্ন অংশ। দুর্ঘটনায় আহত বা নিহত ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষার চিত্র দেখা যায় এই কক্ষে। সবশেষে তৃতীয় কক্ষে ছড়ানো-ছিটানোভাবে পড়ে ছিল পাটি ও বেতের তৈরি উপাদানে বেঁকে যাওয়া কয়েকটি শবের প্রতিকৃতি। দেখে মনে হচ্ছিল, ওগুলো যেন মর্গে পড়ে থাকা বেওয়ারিশ লাশ। সব মিলিয়ে বিবর্ণ মৃত্যুর একটা ছাপ ছিল সর্বত্র।‘সম্প্রতি দুর্ঘটনায় নিহত তারেক মাসুদ ও মিশুক মুনীরের করুণ পরিণতি মাথায় ঘুরছিল। তা ছাড়া প্রতিদিনই পত্রিকায় কোনো না কোনো দুর্ঘটনার চিত্র দেখছি। এ হতাশা, মানসিক চাপ সবার সঙ্গে ভাগাভাগি করার ভাবনা থেকেই আমার এ কাজ।’—তাঁর এ স্থাপনাশিল্পের ভাবনা সম্পর্কে এভাবেই বলছিলেন অরূপ বড়ুয়া।পোড়ামাটির কাজের জন্য বিখ্যাত শিল্পী অলক রায় গিয়েছিলেন প্রদর্শনী দেখতে। বললেন, ‘গতানুগতিক এ ধারা থেকে বেরিয়ে অরূপের ভিন্ন ধারার কাজ করাটা আমার ভালো লেগেছে।’চট্টগ্রাম চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক ও চিত্রশিল্পী শায়লা শারমিনও মুগ্ধ প্রদর্শনী দেখে। বললেন, ‘অরূপের কাজের গভীরতা অনেক বেশি এবং তাঁর বিষয়টিও সময়োপযোগী।’