স্থিতির জন্য রাজনৈতিক সংস্কৃতি বদলাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছবি: সাহাদাত পারভেজ
ছবি: সাহাদাত পারভেজ

রাজনৈতিক অস্থিতিশীলতা বাংলাদেশের ইতিহাসে অভিনব কিছু নয়। ধূসর অতীত থেকে একুশ শতক পর্যন্ত দীর্ঘ সময় ধরে বাংলাদেশে বারবার অস্থিতিশীলতার আবির্ভাব ঘটেছে। প্রাচীন বাংলায় চিন্তানায়কেরা এই অস্থিতিশীলতাকে মাৎস্যন্যায় বলে অভিহিত করতেন। আভিধানিক অর্থে মাৎস্যন্যায় হলো মাছের মতো অবস্থা, যেখানে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এবং ছোট মাছের বাঁচার কোনো অধিকার নেই। এ জন্যই বাংলাদেশের চিন্তানায়কেরা মাৎস্যন্যায় পরিস্থিতি সম্পর্কে উদ্বিগ্ন ছিলেন।

৬৫০ থেকে ৭৫০ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলাদেশের ইতিহাস ছিল নৈরাজ্যের সময়। খালিমপুর তাম্রশাসন থেকে দেখা যাচ্ছে, সেই মাৎস্যন্যায়ের পরিস্থিতি প্রায় ১০০ বছর স্থায়ী হয়েছিল। এর ফলে সমাজপতিরা মাৎস্যন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য গোপালকে রাজা হিসেবে নির্বাচিত করেছিলেন। কিন্তু বাংলাদেশ থেকে মাৎস্যন্যায় কখনো একেবারে দূর করা সম্ভব হয়নি। সুলতানি আমলে বাংলার সিংহাসন নিয়ে হাবসি ক্রীতদাসদের মধ্যে যে সংঘর্ষ দেখা দেয়, তা ছিল চূড়ান্ত রাজনৈতিক অস্থিরতার প্রতীক। মুসলমান শাসনের প্রথম শতাব্দীতে একজন শাসকের গড় রাজত্বকাল ছিল মাত্র ৫ দশমিক ৫ বছর। ষোড়শ শতাব্দীতে সম্রাট বাবর লিখেছেন যে ‘বাংলার একটি অনন্য প্রথা রয়েছে। সেখানে রাজত্বের উত্তরাধিকারের ক্ষেত্রে বংশানুক্রমিক উত্তরাধিকার নেই বললেই চলে। রাজাকে খুন করে সিংহাসনে আসীন হতে পারলেই যে কেউ রাজা হিসেবে স্বীকৃতি পায়। আমির, ওমরাহ, সৈন্য এবং কৃষককুল কালবিলম্ব না করে তাকে মান্য করতে শুরু করে এবং তার বশ্যতা স্বীকার করে নেয়। পূবর্তন রাজাকে তারা যেমন সার্বভৌম রাজা বলে গণ্য করত, একইভাবে নতুন রাজাকে সমভাবে মান্য করে প্রশ্নাতীতভাবে তার আনুগত্য করা শুরু করে। বাংলার জনসাধারণ মনে করে আমরা সিংহাসনের প্রতি বিশ্বস্ত; সিংহাসন যিনি দখল করে থাকেন আমরা তাঁরই বাধ্য; তাঁরই প্রতি আমরা অনুগত।’ মোগল দরবারের ইতিহাসববিদ আবুল ফজল বাংলাকে ‘বুলঘাকখানা’ বা দাঙ্গা-হাঙ্গামার ঘর বলে বর্ণনা করেছেন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা এখনো অব্যাহত রয়েছে।
বিশ্বব্যাংক পৃথিবীর সব দেশে সুশাসন সম্পর্কে তথ্য সংগ্রহ করে পৃথিবীর বিভিন্ন দেশের সুশাসনের তুলনামূলক চিত্র প্রকাশ করে। বিশ্বব্যাংকের সুশাসন পরিমাপের ছয়টি সূচক রয়েছে। এর মধ্যে একটি সূচক হলো রাজনৈতিক স্থিতিশীলতা ও সহিংসতার অনুপস্থিতি। এই সূচক অনুসারে বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সর্বনিম্ন ৮ শতাংশের মধ্যে। অর্থাৎ পৃথিবীর ৯২ শতাংশ দেশে বাংলাদেশের চেয়ে অধিকতর রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। এর একটি কারণ হতে পারে ঐতিহাসিক। ঐতিহাসিকভাবেই বাংলাদেশে সামাজিক পুঁজির ঘাটতি রয়েছে। যেখানে সামাজিক পুঁজি অপ্রতুল, সেখানে নিয়মতান্ত্রিক ব্যবস্থা শিকড় গাড়তে পারে না। বাংলাদেশের গ্রামীণ বসতি কাঠামো দক্ষিণ এশিয়ার বেশির ভাগ অঞ্চল থেকে ভিন্ন। এখানে পানির সহজপ্রাপ্যতা এবং বন্য পশুর আক্রমণ কম থাকার ফলে তৃণমূল পর্যায়ের সংগঠনের প্রয়োজন কম ছিল। ফলে এখানকার গ্রাম ওপেন ভিলেজ বা মুক্ত গ্রাম। গ্রাম-সংগঠন এখানে শুধু সামাজিক দায়িত্ব পালন করে। এদের প্রশাসনিক ও অর্থনৈতিক ভূমিকা সীমিত। দক্ষিণ এশিয়ার অন্যত্র গ্রাম হলো করপোরেট বা প্রাতিষ্ঠানিকভাবে সংঘবদ্ধ। এসব গ্রাম-সংগঠনের দায়িত্ব ছিল অনেক বেশি। এর ফলে ঐতিহাসিকভাবে বাংলাদেশে গ্রামীণ সংগঠন ছিল অত্যন্ত দুর্বল। এর জন্য এখানে রাজনৈতিক অস্থিরতা ভারতবর্ষের অন্যান্য অঞ্চল থেকে ব্যাপক। তবে এই ব্যাখ্যা বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে প্রয়োগ সম্পর্কে কিছু প্রশ্ন রয়েছে। প্রথমত, বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি। এর ফলে অতীতের সামাজিক সংগঠনের ঘাটতি সত্ত্বেও বর্তমানে নতুন সামাজিক সংগঠন শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ক্ষুদ্রঋণ কর্মসূচির কার্যকলাপের ফলেও কিছুটা সামাজিক পুঁজি সৃষ্টি হচ্ছে। দ্বিতীয়ত, নগরায়ণের ফলে মানুষের মধ্যে সহযোগিতা বাড়ছে। সামাজিক পুঁজির দুর্বলতা রাজনৈতিক অস্থিরতার জন্য সহায়ক হতে পারে। তবে সামাজিক পুঁজির অভাব ঘটলেই বাংলাদেশের মতো রাজনৈতিক অস্থিরতা দেখা দেবে, সেটা ভাবার কারণ নেই।
১৯৯৯-২০০১ সময়ে সামাজিক পুঁজি সম্পর্কে বিভিন্ন দেশ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এ সম্পর্কে উপাত্ত নিচের সারণিতে দেখা যাবে।
সারণি
বিভিন্ন দেশে সামাজিক পুঁজির পরিমাণ (শতকরা কত ভাগ মানুষ অন্যদের বিশ্বাস করে)
দেশ কত % ভাগ লোক অন্যদের বিশ্বাস করে
ডেনমার্ক ৬৬.৫%
ইরান ৬৫.৩%
চীন ৫৪.৫%
ভিয়েতনাম ৪১.৩%
ভারত ৪১%
মার্কিনযুক্তরাষ্ট্র ৩৫.৮%
দক্ষিণ কোরিয়া ২৫.৩%
নাইজেরিয়া ২৫.৬%
বাংলাদেশ ২৩.৫%
ফ্রান্স ২২.২%
জার্মানি ৩৪.৮%
উগান্ডা ৩৭.৬%
৩০.৮% সমীক্ষাকৃত ৮০টি ২৭.৬% দেশের গড়
ওপরের সারণি থেকে দেখা যাচ্ছে যে বাংলাদেশে সামাজিক পুঁজি ডেনমার্ক কিংবা ইরান বা চীনের চেয়ে অনেক কম। এমনকি পাকিস্তান ও ভারতের চেয়েও কম। তবে ফ্রান্সের সামাজিক পুঁজি বাংলাদেশের চেয়ে কম। ফ্রান্সের ইতিহাসে অনেক রাজনৈতিক অস্থিতিশীলতার অধ্যায় দেখা গেছে। কিন্তু এত কম সামাজিক পুঁজি নিয়েও ফ্রান্স রাজনৈতিকভাবে স্থিতিশীল রয়েছে গত চার দশক ধরে। সুতরাং বাংলাদেশে শুধু সামাজিক পুঁজির ঘাটতির জন্য রাজনৈতিক অস্থিতিশীলতা বিরাজ করছে, এমন বলা যাবে না। সামাজিক পুঁজির ঘাটতি ছাড়াও আরও কয়েকটি উপাদান রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে।
বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার বড় কারণ হলো, রাজনৈতিক দলগুলোর দুর্বলতা। তারা হচ্ছে গণতন্ত্রের চালিকাশক্তি। তারাই মানুষকে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার জন্য সংগঠিত করে। এ ক্ষেত্রে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর কয়েকটি বড় দুর্বলতা রয়েছে।
প্রথমত, যে দুটি জোট বাংলাদেশের নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়ে থাকে, তারা বংশানুক্রমিক রাজনীতি করে। তিন প্রজন্ম ধরে প্রধান দুটি দলের রাজনৈতিক নেতৃত্ব বংশানুক্রমিক। বংশানুক্রমিক রাজনীতি যে সব সময় খারাপ তা নয়। পৃথিবীর অনেক দেশেই এটা রয়েছে। কিন্তু এটা ক্ষতিকর হয়ে ওঠে যখন সেই রাজনীতি অতীতের ওপর ভিত্তি করে পরিচালিত হয়। দুর্ভাগ্যবশত বাংলাদেশের রাজনৈতিক বিরোধ অতীতকেন্দ্রিক, ভবিষ্যৎনির্ভর না। অনেক সময় এ ধরনের দলাদলি ব্যক্তিগত শত্রুতায় পর্যবসিত হয়। এর ফলে এই রাজনীতি অনেক সময় দেশের ও জনমানুষের চাহিদা পূরণে ব্যর্থ হয়।
এই রাজনীতির আরেকটি দুর্বলতা হলো, এরা সবাই গণতন্ত্রের কথা বললেও সে অনুযায়ী দল পরিচালনা করে না। কোনো কোনো দলে দীর্ঘদিন ধরে সাধারণ সম্পাদকের পদ খালি থাকে। কোথাও কোথাও দলের পদাধিকারীরা নির্বাচিত না হয়ে প্রধান নেতা কর্তৃক মনোনীত হন। এতে তৃণমূলের ভূমিকা শূন্য। পৃথিবীর বিভিন্ন দেশেই রাজনৈতিক দলে যে কেউ অংশগ্রহণ করতে পারে এবং তাদের বক্তব্য তুলে ধরতে পারে। তৃণমূল সেখানে নেতা পরিবর্তন ও ম্যানিফেস্টো বদলাতে পারে। আমাদের কোনো দলেই এ সুযোগ নেই। ফলে রাজনীতির পরিবর্তনও সম্ভব হচ্ছে না।
অস্থিতিশীলতার আরেকটি কারণ হলো, বাংলাদেশের সংবিধান। সংবিধানের ঘন ঘন পরিবর্তন বাঞ্ছনীয় নয়। কিন্তু অভিজ্ঞতার আলোকে সংবিধান সংশোধন না করলেও এগিয়ে যাওয়া যায় না। আমাদের সংবিধানের প্রথম দুর্বলতা হলো, এই সংবিধানে ক্ষমতাকে কেন্দ্রীভূত করা হয়েছে। নির্বাহী বিভাগের সব ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে। নির্বাহী বিভাগকে আইনসভা নিয়ন্ত্রণ করার সব ক্ষমতা সংবিধানে দেওয়া হয়েছে। অনুরূপভাবে সাংবিধানিকভাবেই বিচার বিভাগের ওপর কর্তৃত্ব করার ক্ষমতাও নির্বাহী বিভাগের ওপর বর্তেছে। আমাদের শাসনব্যবস্থার কোনো স্তর নেই। স্থানীয় সরকার অত্যন্ত দুর্বল এবং কেন্দ্রীয় সরকারের আজ্ঞাবহ। এই পরিস্থিতিতে তৃণমূলের রাজনীতিতে জনসাধারণ আকৃষ্ট হতে চায় না। কাজেই ক্ষমতার বিকেন্দ্রীকরণ না হলে বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা কমানো সম্ভব হবে না।
বাংলাদেশের সংবিধানের দ্বিতীয় দুর্বলতা হলো নির্বাচনপদ্ধতি। বাংলাদেশে ৩০০টি আসনেই সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। এর ফলে যে প্রার্থী তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে এক ভোট বেশি পান, তিনিই জয়ী হন। এর দুটি মারাত্মক ত্রুটি দেখা যায়: (১) এ অবস্থায় ভোটে জাল-জালিয়াতির উৎসাহ বাড়ে। যদি জাল ভোটে কোনো প্রার্থীকে এক ভোট বেশি পাইয়ে দেওয়া যায়, তাহলে তিনিই জয়ী হয়ে সংসদে যান। এই জালিয়াতি বন্ধ করতে হলে নির্বাচনব্যবস্থা বদলাতে হবে। (২) সংসদের আসন ও দলের ভোটসংখ্যার মধ্যে সহগমন দেখা যায় না। অর্থাৎ কম ভোট পেয়েও সংসদে সংখ্যাগরিষ্ঠ থাকা সম্ভব। উদাহরণস্বরূপ বাংলাদেশে ১৯৯৬, ২০০১ ও ২০০১ সালের নির্বাচনী অভিজ্ঞতা স্মরণ করা যেতে পারে। ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ ৩৭ দশমিক ৪৬ শতাংশ ভোট পেয়ে ৪৮ দশমিক ৬ শতাংশ সংসদীয় আসনে জয়লাভ করে। অথচ ২০০১ সালের নির্বাচনে ৪০ শতাংশ ভোট পেয়ে মাত্র ২০ দশমিক ৬ শতাংশ আসন পায়। ২০০৮ সালে বিএনপি ভোট পায় ৩৩ দশমিক ২ শতাংশ, অথচ মাত্র ১০ শতাংশ আসন পায়। এ ধরনের নির্বাচনী ব্যবস্থা সঠিক জনপ্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে না। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ অনেক দেশেই আনুপাতিক হারে প্রতিনিধি নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। ফলে সেখানে ভোট জালিয়াতির পথ প্রাতিষ্ঠানিকভাবেই কমে গেছে।
এ ক্ষেত্রে একটা সমস্যা, যদি পুরোপুরি আনুপাতিক হারে সব প্রতিনিধি নির্বাচিত হয়, তাহলে স্থানীয় জনগণ তাদের স্থানীয় প্রতিনিধি নির্বাচনের অধিকার থেকে বঞ্চিত হতে পারে। এ ক্ষেত্রে কে নির্বাচিত হবে, তা নির্ধারণ করবে দল। এতে ভারসাম্য আনার জন্য জার্মানিতে মিশ্র পদ্ধতি চালু করা হয়েছে। সেখানে ৫০ শতাংশ সদস্য আনুপাতিক ভোটের হারে নির্বাচিত হন আর ৫০ শতাংশ প্রার্থী সংখ্যাধিক্যের ভিত্তিতে উঠে আসেন।
সংবিধানের তৃতীয় দুর্বলতা হলো, যেভাবেই হোক, কোনো দল একবার সংখ্যাগরিষ্ঠতা পেলে পাঁচ বছরের জন্য দেশটার মালিক বনে যায়। তাই তারা কারও কথা শোনে না। এর বিকল্প রেফারেন্ডাম ও রিকলের ব্যবস্থা আছে। সংবিধানে গণভোটের (রেফারেন্ডাম) ও প্রার্থী প্রত্যাহারের (রিকল) ব্যবস্থা এ ধরনের সমস্যা নিরসনে সহায়ক। তবে ঘন ঘন গণভোট ও প্রার্থী প্রত্যাহার হলেও অস্থিতিশীলতা আসতে পারে। সুতরাং গণভোট ও প্রার্থী প্রত্যাহারের অবাধ সুযোগ দেওয়া যাবে না। এ সুযোগ দেওয়া হলে যেসব বিষয়ে ধ্বংসাত্মক রাজনীতি হচ্ছে, সেসব বিষয় গণভোটের মাধ্যমেই মীমাংসা করার সুযোগ থাকে। সঠিকভাবে রেফারেন্ডাম হলে ধ্বংসাত্মক ও হরতালের রাজনীতিও হ্রাস পাবে।
সংবিধান সংশোধন-প্রক্রিয়া সহজ নয়। কিন্তু যদি স্থিতিশীল রাজনীতি চাই, তাহলে সংবিধান সংশোধন বিষয়ে চিন্তাভাবনা অবশ্যই করতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দল এ বিষয়ে বলেছে যে সংবিধান সংশোধনের আলাপ-আলোচনার জন্য যে পরিবেশ দরকার, বাংলাদেশে তা বর্তমানে অনুপস্থিত। দুটি জোটই মনে করে, তারা অপর পক্ষকে নির্মূল করে দেবে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রেই এটা সম্ভব নয়। আমাদের দুটি দলের মধ্যে কোনো সহিষ্ণুতা নেই। তারা রাজনৈতিক সমাধানে নয়, রাজনৈতিক বিজয়ে বিশ্বাস করে। কাজেই রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার জন্য সর্বাগ্রে প্রয়োজন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন। কিন্তু যাঁরা রাজনীতিতে আছেন, এসব নিয়ে তাঁরা উদ্বিগ্ন নন মোটেই। কাজেই রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আমাদের এখন যা করতে হবে তা হলো:
১. তরুণসমাজকে রাজনীতিতে সম্পৃক্ত হতে হবে। তাদের পক্ষেই রাজনৈতিক সংস্কৃতি বদলানো সম্ভব। যারা তাদের পূর্ব প্রজন্মের ব্যক্তিত্ব, তাদের পক্ষে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়।
২. বাংলাদেশে যদি স্থিতিশীল রাজনীতি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে সংবিধানের নির্বাচনী সমস্যা ও কেন্দ্রীভূত ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে। বিকেন্দ্রীকরণ নিয়ে চিন্তাভাবনা করতে হবে। শুধু নির্বাচন করলেই স্থিতি ফিরবে না।
৩. সংবিধান সংশোধন করে অবিলম্বে রেফারেন্ডামের সুযোগ নিশ্চিত করতে হবে। যখন-তখন এটা না করে প্রতি দুই বছর পর তিনটি কি পাঁচটি প্রশ্নে গণভোট আয়োজন করতে হবে।
৪. এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা অক্ষুণ্ন থাকে, যেখানে বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের কর্তৃত্ব থাকবে না।
এ ধরনের পরিবর্তন ছাড়া বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা সম্ভব হবে না।
৫. সংসদের ক্ষমতার পুনর্বিন্যাস করতে হবে এবং স্থানীয় সরকার শক্তিশালী করতে হবে। অবাধ ও সুষ্ঠু নির্বাচন রাজনৈতিক স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় কিন্তু যথেষ্ট নয়। নির্বাচনের বাইরের সমস্যাগুলোও সমান গুরুত্বপূর্ণ। রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে সব ধরনের সমস্যারই সমাধান বের করতে হবে।
আকবর আলি খান: সাবেক সচিব, সাবেক তত্ত্বাদায়ক সরকারের উপদেষ্টা।