স্থিরচিত্রে চলমান জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির অ্যালবাম কথা বলে অতীতের, স্মৃতির ভেলায় ভাসিয়ে নিয়ে আসে এক টুকরো প্রশান্তি। প্রতিনিয়ত পরিবর্তনশীল আমরা যেন অপরিবর্তনীয় স্থিরচিত্র হয়ে বাস করি অ্যালবামের ভাঁজে।অ্যালবাম আমরা ব্যবহার করি ছবি সংগ্রহ ও সংরক্ষণের কাজে। কিন্তু এখন অ্যালবামের ব্যবহারে দেখা যায় নানা আঙ্গিকের পরিবর্তন। চঞ্চল মাহমুদস ফটোগ্রাফির পরিচালক চঞ্চল মাহমুদ বলেন, আধুনিক বিজ্ঞান যদিও ছবি সংগ্রহের বিভিন্ন উন্নত প্রযুক্তি আবিষ্কার করেছে, তার পরও অ্যালবামে ছবি সংগ্রহের ক্ষেত্রে একটু আলাদা আন্তরিক অনুভূতি কাজ করে। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, স্টুডিওগুলোতে বিভিন্ন প্যাকেজ হিসেবে ছবি তোলা হয়। এই ছবির বেশির ভাগই সফট কপি হিসেবে সিডিতে সংরক্ষণ করা হয়। তবে তিনি নিজস্ব সফটওয়্যারে ছবিগুলো সংরক্ষণ করেন গ্রাহকের সুবিধার জন্য। তার পরও কোনোভাবে এসব ছবি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যেতে পারে। সে জন্য অ্যালবামের প্রয়োজনীয়তা অনেক। অ্যালবামের আবেদন কখনোই হারানোর নয়—এমনটিই মনে করেন আইক্লিকের আলোকচিত্রী আশীষ সেনগুপ্ত। তিনি বলেন, অ্যালবাম একটি নিজস্ব পছন্দের বিষয়, সেখানে সংগ্রহকারীর রুচিবোধ ফুটে ওঠে। যতই আধুনিক প্রযুক্তিতে ছবি সংরক্ষিত হোক না কেন, অ্যালবামের মূল্যায়ন সব সময়ই থাকবে।চাই মনের মতো অ্যালবামঅ্যালবামের পুরোনো ধারণা বদলে যাচ্ছে দিন দিন। এখন অনেকে বিভিন্ন সময়ের ছবি একই অ্যালবামে না রেখে নির্ধারিত সময়ের ছবিগুলো নিয়ে আলাদা আলাদা অ্যালবাম তৈরি করেন। যেমন, শৈশবের ছবিগুলো নিয়ে একটি অ্যালবাম। আবার বিয়ের ছবি নিয়ে আর একটি। মনে রাখার মতো ঘটনা ছবির মাধ্যমে অ্যালবামে সংগ্রহ করে আপনি তৈরি করতে পারেন মনের মতো অ্যালবাম।অ্যালবামের খোঁজেঢাকার বসুন্ধরা সিটির ‘দি স্টোরি ফটো লিমিটেড’-এর ফটোগ্রাফার ও মার্কেটিং ম্যানেজার এইচ আই সায়ব বলেন, তাঁদের স্টুডিওতে প্যাকেজের সঙ্গেই তৈরি করে দেওয়া হয় পছন্দ ও চাহিদা অনুযায়ী অ্যালবাম। তাঁর সঙ্গে কথা বলে জানা গেল, অ্যালবাম বিভিন্ন ধরনের হয়ে থাকে। পেস্টিং অ্যালবামের ছবি আলাদা প্রিন্ট করে বোর্ডের ওপর লাগিয়ে দেওয়া হয়। গ্লসি ফিনিশ অ্যালবামে ঔজ্জ্বল্য বেশি থাকলেও তৈরি করতে হয় পেস্টিং অ্যালবামের মতো করেই। প্রেস অ্যালবামের ছবি একবারেই অ্যালবাম বোর্ডে সরাসরি প্রিন্ট করা হয়। আর মেটালিক অ্যালবামে শাইনিংয়ের কাজ বেশি থাকে, যে জন্য এর ওপর আর্দ্রতা ও ছত্রাকরোধী প্রলেপ দেওয়া থাকে।তিনি আরও বলেন, অ্যালবাম যেমনই হোক না কেন, তাঁরা সব সময়ই চেষ্টা করেন একটি সুন্দর গল্প তৈরি করতে।স্টুডিওর নিজস্ব অ্যালবাম ছাড়াও আপনি নানা ধরনের অ্যালবাম পাবেন বিভিন্ন গিফট শপ ও এক্সেসরিজের দোকানে। রাজধানীর আড়ং, আর্চিজসহ বিভিন্ন শপিং মলে খুঁজলেই পেয়ে যাবেন অ্যালবামের কালেকশন। সেখান থেকেই বাজেট অনুযায়ী কিনতে পারেন পছন্দের সময়ধারক বাক্সটি।দরদামবিভিন্ন স্টুডিও প্যাকেজের অ্যালবামের দাম ছবিসহ ১২ হাজার থেকে এক লাখ টাকার মধ্যে পড়বে। এটি ছবির সংখ্যা ও প্যাকেজের ওপর নির্ভর করে। সাধারণত বিয়ে, বৌভাত, গায়েহলুদ, জন্মদিনসহ নানা বিশেষ উপলক্ষেই এর ব্যবহার বেশি দেখা যায়।তবে ভাবনার কিছু নেই, স্বল্প বাজেটের মধ্যেও আপনি কিনতে পারেন পছন্দসই অ্যালবামটি। স্থান ও দোকানভেদে দাম একটু এদিক-ওদিক হলেও বিভিন্ন গিফট শপ ঘুরে দেখা গেল পেস্টিং অ্যালবাম ছোট ৪০০-৫০০ টাকা, মাঝারি ৬৫০-৭৫০ এবং বড় ২০০০-২৮০০ টাকায় পাওয়া যায়। সাধারণ অ্যালবামছোট আকৃতির ১৩০-১৫০ টাকা, মাঝারি ৪৫০-৬৫০ এবং বড় ১০০০-১৫০০ টাকায় পাওয়া যাবে।ঢাকার ধানমন্ডির আনাম র‌্যাংগস প্লাজার বিক্রয়কর্মী জানালেন, সারা বছর অ্যালবামের চাহিদা থাকলেও নভেম্বর-জানুয়ারি মাসে চাহিদা বেশি থাকে। তাই এ সময় অ্যালবামের দাম একটু বেশি থাকলেও বিভিন্ন ধরনের অ্যালবাম পাওয়া যায়।অ্যালবামের রং নির্বাচনকোনো পেশাদার আলোকচিত্রী বা স্টুডিও থেকে যদি অ্যালবাম কিনে থাকেন, তবে তাঁরা আপনার পছন্দের ওপর ভিত্তি করেই সঠিক রং নির্বাচন করে থাকেন। আপনি যদি নিজের উদ্যোগে অ্যালবাম করতে চান, তাহলে কী করবেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ছাত্র বিকাশ আনন্দ বলেন, রং নির্বাচন করা উচিত ছবির সংগ্রহকারীর পছন্দ ও রুচি অনুযায়ী। বাচ্চাদের অ্যালবামে লাল, গোলাপি, হলুদ, কমলাসহ হালকা রং নির্বাচন করা যেতে পারে।অ্যালবামে যখন তারুণ্য বন্দী, তখন সেখানে গাঢ় রং, যেমন—বেগুনি, নীল, সবুজ, সাদা নির্বাচন করা যেতে পারে। আবার পারিবারিক অনুষ্ঠানের অ্যালবামের রং এমন হতে হবে, যা চোখের জন্য অস্বস্তি তৈরি না করে।অ্যালবামের যত্নআলোকচিত্রী আশীষ সেনগুপ্ত বলেন, অ্যালবাম মাঝেমধ্যে রোদে ও বাতাসে রাখা উচিত। এতে ছত্রাকের আক্রমণ কম হবে। তাঁর সঙ্গে কথা বলে আরও জানা গেল— ছবি কোনো ভালো মানের ল্যাব থেকে প্রিন্ট করানো উচিত।  ছবি লেমিনেট করে রাখার পাশাপাশি সিডিতে সংরক্ষণ করে রাখা ভালো।তবে স্টুডিওর অ্যালবামগুলোতে অধিকাংশ ক্ষেত্রেই গ্যারান্টি দেওয়া থাকে, এমনটিই বললেন দ্য স্টোরির এইচ আই সায়ব।একটু খেয়াল রাখুন অ্যালবামটি এমন স্থানে রাখবেন না, যেখানে পিঁপড়া, তেলাপোকাসহ অন্যান্য পোকামাকড় অ্যালবামের ক্ষতি করতে পারে। অ্যালবামের কোনো ছবি নষ্ট হয়ে গেলে দ্রুত সেটি সরিয়ে ফেলুন। প্রয়োজনমতো আবার প্রিন্ট করিয়ে আনুন। শুধু দাম দেখে অ্যালবাম কিনবেন না, এর বাঁধাই ও মান দেখে নিন। অ্যালবামে তালার ব্যবস্থা থাকলে দোকান থেকে চাবি বুঝে নিন কিংবা অন্য কোনো বিশেষ ব্যবস্থায় অ্যালবাম খুলতে হলে তা দোকানিকে ভালোভাবে বুঝিয়ে দিতে বলুন।একটি অ্যালবাম একটি জীবনের ফ্রেমবন্দী গল্প। সময়কে পেছনে ফেলার এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে! তাই অ্যালবামে ছবি সংগ্রহের আবেদন কখনোই কমে না, বরং বেড়েই চলে। কারণ, মানুষ সময়ের মধ্যেই বাঁচতে ভালোবাসে...ভালোবাসে জীবন্ত গল্পের শব্দ হয়ে থাকতে।