এন্ড্রু বিরাজ বিদায় নিতেই ঢুকে গেলাম ওয়েবে। চোখের সামনে অ্যালেক্স ওয়েব আর জেমস ন্যাটওয়ে। একজন পৃথিবীর রাজপথকে তুলে ধরছেন ক্যামেরায়, অন্যজন দেখাচ্ছেন যুদ্ধের ভয়াবহতা। ছবি যে কতটা জীবন্ত হতে পারে, তা নিয়ে কোনো প্রশ্ন থাকল না মনে।বিরাজ বলেছিলেন, ‘অ্যালেক্স ওয়েব মার্কিন নাগরিক হলেও বিশ্বজুড়েই কাজ করেন। তোলেন রঙিন ছবি, রাস্তার ছবি। ছবিগুলোয় উঠে আসে রাস্তার মানুষের অভিব্যক্তি, অনুভূতি। ছবির শক্তিশালী রং অধিকার করে নেয় মন। এ রকমই একটি কাজ ইস্তাম্বুল সিরিজটি।’ওই সিরিজের একটি ছবি: ‘অনেকগুলো মানুষ। যে মহিলা সামনে, তিনি উদ্বিগ্ন। পাশের মানুষ গল্প করছেন সঙ্গীর সঙ্গে। পেছনে কিছু প্রতিবিম্ব। একেবারে ত্রিমাত্রিক হয়ে উঠেছে ছবিটি। একই ফ্রেমে অনেক মানুষের চরিত্র উঠে এসেছে তাতে।’এটুকু বলে বিরাজ যোগ করেছিলেন, ‘ছবিকে এতটা জীবন্ত করে তোলা সম্ভব তখনই, যখন বিষয়ের সঙ্গে ফটোগ্রাফারের গভীর আত্মিক যোগাযোগ থাকে।’আর জেমস ন্যাটওয়ে? জেমস ন্যাটওয়েকে বলা হয় সমসাময়িক ওয়ার ফটোগ্রাফির জনক। যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী ছবি নিয়ে ইনফার্নো নামে তাঁর যে বইটি আছে, তা বিশাল আকারের। হাতে নিয়ে দেখা কষ্ট। জেমস বলেন, ‘যারা এ বই দেখবে, কাছে নিয়ে যত্ন করে ভালো করে দেখবে, নইলে দেখার দরকার নেই। মাঝামাঝি কোনো জায়গা থাকতে পারে না। হয় আপনি এটার পক্ষে নয় বিপক্ষে।’ জানালেন বিরাজ।সদ্য ফটো সাংবাদিকতার সর্বোচ্চ সম্মান ‘ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কার’ পাওয়া এন্ড্রু বিরাজকে বুঝতে হলে ওঁর মনের মানচিত্রটিও জানা থাকা চাই। এ কারণেই কথাচ্ছলে ওঁর মনভূমিতে আমাদের এই হাঁটা-চলা।২.ছবি কথা বলে। একটি ভালো স্থিরচিত্রে ধাবমান জীবনের চিরায়ত ধারাই দৃশ্যমান হয়। রবার্ট কাপার বলা একটি কথার পুনরাবৃত্তি করেছিলেন জেমস ন্যাটওয়ে। তা খুব মনে ধরেছে জর্জ রোজারিও ও মেরি রোজারিওর ছেলে বিরাজের। ম্যাগনাম এজেন্সির জনক রবার্ট কাপা—ভিয়েতনাম যুদ্ধের ওপর যার রয়েছে অসাধারণ কাজ—ফটোগ্রাফারদের কাছে এক বিশিষ্ট নাম। তিনি বলেছিলেন, ‘ইফ ইয়োর পিকচার্স আর নট গুড-এনাফ, ইউ আর নট ক্লোজ এনাফ।’ জীবনের রঙে নিজেকে রাঙিয়ে নিতে পারলেই ছবি পেয়ে যায় অমরত্ব। নইলে তা যেকোনো সাধারণ ছবি।সত্যিকার ছবি তুলতে হলে ঘটনার সঙ্গে দ্রবীভূত করতে হয় মনকে। বিরাজ সেদিকেই এগোতে চাইছেন। ৩.মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কথা ভাবলে কোন ছবিটি মনে ভাসে? উদ্বাস্তু কিছু মানুষ? অপরাধে ছেয়ে যাওয়া অন্ধকার জগৎ? সুমনের গানের মতো ১০ ফুট বাই ১০ ফুট সংকীর্ণ ঘরে ১০ জন মানুষের ক্লেদাক্ত জীবনযাত্রা?জেনেভা ক্যাম্পের জীবন নিয়ে একের পর এক ছবি তুলেছেন বিরাজ। তাঁর একটি ছবি নবাবের। নবাব ভাগ্যহত এক বিহারি। ছোট্ট যে ঘরটিতে থাকেন, সে ঘরেই তিনি পরিচর্যা করেন কবুতরের। বিকেলের ম্লান আলো এসে পড়ছে ঘরটিতে, আর নবাব তাঁর পোষা কবুতরগুলোকে উড়িয়ে দিচ্ছেন আকাশে—এই হলো ছবি। এভাবেই একঘেয়ে জীবনের মধ্যে রঙের পরশ বুলিয়ে দেন বিরাজ। ৪. ৩০ বছর বয়স বিরাজের। এ বয়সী অন্যদের মতো বিরাজও শৈশব, কৈশোর কাটিয়ে যৌবনের পথে পা বাড়ানোর পুরোটা সময় স্বাধীনতাবিরোধীদের আস্ফাালন দেখেছেন। এটা ওঁর মনঃকষ্টের কারণ। সেন্ট যোসেফ স্কুল, নটর ডেম কলেজ পার হয়ে বড় হয়ে ওঠার সময়টিতেই ওঁর মনে প্রগাঢ় একটি স্বপ্ন বাসা বাঁধে। তিনি ঠিক করেন যে কাজই করি না কেন, কাজটি যেন বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। ক্যামেরার নেশায় জড়িয়ে নিজের স্বপ্নটাকেই আরও মজবুত করার একটা পথ পেয়ে গেছেন তিনি। তরুণদের নিয়ে আশার জায়গাটাও বড়। ‘আমাদের দেশের তরুণ এভারেস্টে উঠছে, ভালো নাটক করছে, গান লিখছে, চলচ্চিত্র বানাচ্ছে। এসব ছোট ছোট বিষয়ের যোগফলই দেশের ইতিবাচক পরিবর্তন আনবে’—এ বিশ্বাস বিরাজের মনে সতত বিরাজে।বিরাজ পছন্দ করেন লালনের গান। আজম খান, আইয়ুব বাচ্চু, অর্ণবের গানও ভালো লাগে। সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক আর আব্বাস কিয়োরোস্তামির ছবি বেশি পছন্দ। জহির রায়হানের জীবন থেকে নেয়া ছবিটি এখন পর্যন্ত ওঁর দেখা বাংলাদেশের সেরা ছবি।ঢাকার বান্দুরা, নবাবগঞ্জে গ্রামের বাড়ি। গ্রামে যাওয়া হয় কম। আগে ইছামতী নদী বেয়ে লঞ্চে করে গ্রামের বাড়ি যাওয়া হতো। বিশাল বাঁশঝাড় ছিল বাড়ির পাশেই, সেখানে শিয়াল ডাকত। এখন সেখানে কারখানা, সেখানে ভূমিদস্যুদের পেশিবহুল হাত। তাই গ্রামে যাওয়ার ইচ্ছে জাগে না মনে।৫.১৯৯৯ সালে এইচএসসি পরীক্ষা দেওয়ার পরপর এক আত্মীয়ের হাতে পেনটেক্স কে থাউজেন্ট ক্যামেরা দেখলেন, সে ক্যামেরায় ছবিও তুললেন অনেক। ক্যামেরার নেশা পেয়ে বসল। পরীক্ষা শেষে ফটোগ্রাফির স্কুল পাঠশালায় ভর্তি হলেন বেসিক কোর্সের নবম ব্যাচে। এ বছর ২৫ মার্চের প্রথম আলোর ‘অন্য আলো’য় প্রকাশিত সাহাদাত পারভেজের লেখাটি পড়ে নিলে ওর সাফল্যের ঝুলিটির সঙ্গে পাঠক পরিচিত হতে পারবেন। পুনরাবৃত্তি নিরর্থক। আমরা শুধু বলি, ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কারের জন্য জমা পড়েছিল ১২৫ দেশের পাঁচ হাজার ৮৪৭ জন ফটোসাংবাদিকের এক লাখ আট হাজার ৫৯টি ছবি। ডেইলি লাইফ শাখায় এন্ড্রু বিরাজ তৃতীয় স্থান পান। ফল ঘোষণা করা হয়েছে নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে।৬.পুরস্কারটি আরও অনেক ভালো কাজ করার প্রেরণা দিচ্ছে বিরাজকে। বিরাজ বিশ্বাস করেন ‘ওয়ার্ল্ড প্রেস অ্যাওয়ার্ড’ দীর্ঘদিনের ধারাবাহিকতার মাধ্যমেই এসেছে। আমাদের সিনিয়র ফটোগ্রাফাররা অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। এক সময় ওয়ার্ল্ড প্রেস ফটো পুরস্কারের জুরি বোর্ডের প্রধানও ছিলেন একজন বাঙালি—শহীদুল আলম। তিনিসহ বাংলাদেশের অনেক ফটোগ্রাফারই আন্তর্জাতিক পর্যায়ে সমাদৃত। নাইব উদ্দিন আহমেদ, রশীদ তালুকদার, আনোয়ার হোসেন, শহীদুল আলম, শফিকুল আলম কীরণদের কাজ দেখতে দেখতেই নিজেকে তৈরি করে নিয়েছেন বিরাজ। ভারতের রঘু রায়ও তাঁর মনে ছাপ ফেলেছেন। পাঠশালার প্রাতিষ্ঠানিক শিক্ষাকেও নিজের বেড়ে ওঠার নিয়ামক শক্তি বলে মানেন তিনি।এত বড় একটি পুরস্কারের মালিক বিরাজ, কিন্তু তা ওঁর চলনে-বলনে কোনো ছাপ ফেলেনি। ক্যামেরার ব্যাগটা কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন পথ। খুঁজে বেড়াচ্ছেন এমন কোনো দৃশ্য, যা ক্যামেরার ফ্রেমে বেঁধে অমরত্ব দেবেন।পুরস্কারটি আসলে বিরাজের সামনে খুলে দিয়েছে রাজপথ। সে পথে নিরন্তর এগিয়ে যাওয়াই ওঁর সাধনা।