চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (২০১১-২০১২ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা ২৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। এবার আটটি ইউনিটের তিন হাজার ৮৩৪টি আসনের জন্য ভর্তি পরীক্ষায় অংশ নেবেন এক লাখ ২২ হাজার ৯৪৮ জন ভর্তি-ইচ্ছুক। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা যাতে কোনো ধরনের বাধাবিঘ্ন ছাড়াই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সে বিষয়ে কর্তৃপক্ষ বিশেষ নজর দিচ্ছে। এ জন্য আইনশৃঙ্খলা বাহিনীসহ সহযোগী সংস্থাগুলোর সঙ্গে দফায় দফায় বৈঠক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ প্রথম আলোকে বলেন, সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য পুলিশ, রেলওয়েসহ সহযোগী সংস্থাগুলোর সঙ্গে এ বৈঠকের আয়োজন করা হয়েছে। বৈঠকে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে আটটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার বাবুল আকতার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে ১৫টি পয়েন্টে বিভক্ত করা হয়েছে। এসব পয়েন্টে একজন পুলিশ কর্মকর্তার তত্ত্বাবধানে সার্বক্ষণিক পুলিশি নিরাপত্তা থাকবে। এ ছাড়া সাদা পোশাকে পুরুষ ও মহিলা পুলিশ ক্যাম্পাসে দায়িত্ব পালন করবেন। তিনি জানান, পরীক্ষা চলাকালে অক্সিজেন-হাটহাজারী সড়কে বালু ও ইটবাহী যানবাহন চলাচল করতে দেওয়া হবে না।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২৬ নভেম্বর সকালে বিজ্ঞান অনুষদের (এ ইউনিট) এবং বিকেলে এফ ইউনিটের (বনবিদ্যা ও পরিবেশবিজ্ঞান ইনস্টিটিউট) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ নভেম্বর সকালে এইচ ১-৩ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) এবং বিকেলে জি ইউনিটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ নভেম্বর সি-১ ইউনিট (ব্যবসায় প্রশাসন অনুষদ, উচ্চমাধ্যমিক ব্যবসায় শিক্ষা, ডিপ্লোমা ইন কমার্স, ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ শাখা) এবং বিকেলে সি ২-৩ ইউনিটের (উচ্চমাধ্যমিক মানবিক ও বিজ্ঞান শাখা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।২৯ নভেম্বর সকালে বি-১ ইউনিটের (কলা ও মানববিদ্যা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর ডি ১-৩ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ) এবং বিকেলে বি ২-৫ ইউনিটের (আরবি, ইসলামিক স্টাডিজ, চারুকলা, প্রাচ্য ভাষা ও নাট্যকলা) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ভর্তি পরীক্ষার শেষ দিন সকালে ই ইউনিট (আইন অনুষদ) এবং বিকেলে বি-৬ ইউনিটের (ফারসি ভাষা ও সাহিত্য) পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারও বিশ্ববিদ্যালয় ছাড়া নগরের চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, এনায়েত বাজার মহিলা কলেজ, ওমর গনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ, ফতেয়াবাদ কলেজ ও হাটহাজারী কলেজে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।