স্নাতক সম্মান শ্রেণীতে ভর্তির খুঁটিনাটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের পাঁচটি সরকারি কলেজে স্নাতক (সম্মান) শ্রেণীতে ভর্তিযুদ্ধ শুরু হচ্ছে। ১৮ অক্টোবর থেকে ফরম দেওয়া শুরু হবে। ৭ নভেম্বর পর্যন্ত ফরম জমা দেওয়া যাবে। ভর্তি পরীক্ষা হবে ১৭ ডিসেম্বর, এক ঘণ্টার পরীক্ষা শুরু হবে সকাল ১১টায়। কলেজ সূত্রে জানা গেছে, ২০০৯-১০ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষা ও ২০০৬-০৮ সালে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। প্রার্থীকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উভয় পরীক্ষাতেই পৃথকভাবে ন্যূনতম জিপিএ-২ পেতে হবে অর্থাৎ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় ন্যূনতম মোট জিপিএ-৪ থাকতে হবে। আবেদনকারীর বয়স ৩১ ডিসেম্বরে ২২ বছরের বেশি হবে না। যাঁদের জন্ম ৩১ ডিসেম্বর ১৯৮৮ তারিখের আগে তারা আবেদন করতে পারবেন না। প্রার্থী যে শাখা থেকে (মানবিক, বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা শাখা) উচ্চমাধ্যমিক (সমমান) পরীক্ষায় পাস করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সেই শাখার জন্য নির্ধারিত প্রাথমিক আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরম পূরণ করে তা লিগেল (৮ দশমিক ৫ ইঞ্চি ন্ ১৪ ইঞ্চি) আকারের অফসেট সাদা কাগজে প্রিন্ট করতে হবে। এরপর ২৬০ টাকা ফি ও ছবিসহ কার্যালয় চলাকালীন কলেজে জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রাথমিক আবেদনপত্রের সঙ্গে এক কপি করে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষার নম্বরপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। ফরম জমা দেওয়ার সময় উচ্চমাধ্যমিকের রেজিস্ট্রেশন কার্ড দেখাতে হবে এবং সত্যায়িত কপি ফরমের সঙ্গে জমা দিতে হবে। পরীক্ষার আগের দিন কলেজ কার্যালয় থেকে প্রার্থীকে পরীক্ষার নির্ধারিত কেন্দ্র ও নির্দিষ্ট স্থান জেনে নিতে হবে। কেউ ভুল তথ্য সরবরাহ করলে ভর্তি পরীক্ষার ফলাফল ও ভর্তি বাতিল করা হবে। নৈর্ব্যক্তিক (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হবে। ভর্তি পরীক্ষায় ১০০ নম্বরের জন্য ১০০টি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে বাংলা, ইংরেজি, বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান ও উচ্চমাধ্যমিক শ্রেণীতে পঠিত বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে। ফলাফল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।কোন কলেজে কত বিষয় ও আসনচট্টগ্রাম কলেজ: ১৮ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে। এগুলো হলো—বাংলা, ইংরেজি, অর্থনীতি, দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, পরিসংখ্যান, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, মনোবিজ্ঞান, ভূগোল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, গণিত, সমাজবিজ্ঞান, পালি এবং আরবি ও ইসলামি শিক্ষা। কলেজে প্রতি বিভাগে ২০০টি করে আসন রয়েছে।মহসিন কলেজ: সম্মান কোর্স চালু রয়েছে ১৪ বিষয়ে—ইসলামের ইতিহাস, বাংলা, ইংরেজি, গণিত, দর্শন, অর্থনীতি, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামি শিক্ষা বিষয়ে প্রতি বিভাগে ১৫০টি করে আসন রয়েছে। সরকারি সিটি কলেজ: ১৫ বিষয়ে সম্মান কোর্স চালু রয়েছে— বাংলা, ইংরেজি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, ব্যবস্থাপনা, হিসাববিজ্ঞান, রসায়নবিজ্ঞান, প্রাণিবিজ্ঞান, গণিত, উদ্ভিদবিজ্ঞান, আরবি ও ইসলামি শিক্ষা, মনোবিজ্ঞান, পদার্থবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি। প্রতি বিভাগে ১৫০টি করে আসন রয়েছে।কমার্স কলেজ: সরকারি কমার্স কলেজে শুধু বাংলা, হিসাববিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে সম্মান কোর্স চালু রয়েছে। প্রতি বিভাগে ২০০টি করে আসন রয়েছে। চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ: ১৫ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স চালু রয়েছে। বিষয়গুলো হলো—বাংলা, ইংরেজি, অর্থনীতি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, রাষ্ট্রবিজ্ঞান, সংস্কৃত, প্রাণিবিজ্ঞান, উদ্ভিদবিজ্ঞান, গণিত, রসায়নবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, মনোবিজ্ঞান, সমাজকল্যাণ এবং সমাজবিজ্ঞান। প্রতি বিভাগে আসন রয়েছে ১০০টি করে।চট্টগ্রাম কলেজের উপাধ্যক্ষ রওশন আরা বেগম বলেন, ‘শিক্ষার্থীরা ইংরেজি, রসায়নবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান বিষয়েই পড়তে চায় বেশি। মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল মোনাইম বলেন, ‘ইংরেজি, সমাজবিজ্ঞান, রসায়নবিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রাষ্ট্রবিজ্ঞানে বেশি প্রতিযোগিতা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের ভর্তি নির্দেশিকা দেখে আপাতত ভর্তি কার্যক্রম পরিচালনা করছি।’