স্নানঘর শুকনো রাখতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নান্দনিকভাবে ঘর সাজাতে পছন্দ করেন সবাই। আর ঘর শুধু সাজালেই চলবে না, বরং পরিবারের সবার সুস্থতার দিকেও লক্ষ রাখতে হবে। সে ক্ষেত্রে প্রয়োজন স্নানঘরের বিশেষ যত্ন নেওয়া। যেন তা জীবাণুমুক্ত থাকে। স্নানঘরে পানি জমে থাকলে তাতে জীবাণু বসত গড়তে পারে, আবার দুর্গন্ধেরও সৃষ্টি করতে পারে। তাই স্নানঘর ও বাথরুমকে শুকনো ও দুর্গন্ধমুক্ত রাখার উপায় সম্পর্কে পরামর্শ দিয়েছেন ইন্টেরিয়র ডিজাইনার ও রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের পরিচালক গুলশান নাসরীন চৌধুরী।  টাইলস, মোজাইক প্রভৃতি যেকোনো ধরনের মেঝে হোক না কেন, মেঝে তৈরির সময় তা একটু ঢালু করে তৈরি করতে হবে, যেন পানি চলে যেতে পারে। বিশেষ করে, স্নানঘরের পাইপের দিকে ঢালু রাখলে পানি নেমে যায়, এতে মেঝেতে ভেজা ভাবটা থাকে না। বাথরুমে শাওয়ার পর্দা, শাওয়ার কিউব (কিউব আকৃতির প্লাস্টিকের বাক্স) ব্যবহার করলে গোসলের পানি মেঝেতে পড়বে না। বাথরুমে একজস্ট ফ্যান ব্যবহার করলে মেঝে সব সময় শুকনো থাকে এবং বাথরুমের ভেতরে কোনো দুর্গন্ধ হবে না। বাতি আর একজস্ট ফ্যানের সুইচ একটা হলে একসঙ্গে দুটোই অন করা হয়, এতে বাথরুমটা শুকনো থাকে। অনেক সময় তাড়াহুড়ো করে শুধু বাতি জ্বালানো হয়, একজস্ট ফ্যান আর চালু করা হয় না, সে জন্য এ ব্যবস্থা নিতে হবে। বাথরুমের বেসিনের পানি যেখানে বের হয়, সেখানে ন্যাপথলিন, এয়ার ফ্রেশনার ব্যবহার করলে বাথরুম থেকে দুর্গন্ধ বের হয় না। বেসিনের সামনে যেখানে দাঁড়িয়ে মুখ ধোয়া হয়, সেই স্লাবের সামনের দিকটা একটু বাড়ানো থাকলে পানিটা আর মেঝেতে পড়বে না। ফলে বাথরুম শুকনো থাকবে।  বাথটাব বা শাওয়ারের সামনে ম্যাট ব্যবহার করলে বাথরুম শুষ্ক থাকবে। বিশেষ করে, কমোড থাকলে বাথরুম ম্যাট ব্যবহার করা ভালো। কমোড, বেসিন, শাওয়ার—এসব ব্যবহারের পাশাপাশি পা ধোয়ার জন্য ইদানীং একধরনের বেসিন কিনতে পাওয়া যাচ্ছে বাজারে। এটা ব্যবহার করলে পানিটা মেঝেতে পড়ে ভেজার সম্ভাবনা কম থাকে। অবশ্যই বাথটাব, কমোড, বেসিন সব সময় পরিষ্কার রাখতে হবে। লিকুইড ক্লিনার দিয়ে সব সময় পরিষ্কার করতে হবে। বাথরুমে সব সময় টয়লেট পেপার, টিস্যু পেপার ব্যবহার করতে হবে।স্নানঘর সাজাতে স্নানঘরের দেয়ালে শোপিস, ছবি রাখলে তা কমোড, বেসিন, মেঝের রঙের সঙ্গে মিলিয়ে ব্যবহার করলে দৃষ্টিনন্দন লাগবে। ছোট গাছ, ফুল বেসিনের ডানে বা বাঁয়ে ডেকোরেশন করে রাখলে স্নানঘরের সৌন্দর্য বেড়ে যায়। স্নানঘরে শাওয়ার তোয়ালে (গোসলের পর ব্যবহারের জন্য), মুখ মোছার জন্য তোয়ালে, পা মোছার জন্য তোয়ালে—এই তিন ধরনের ভিন্ন আকারের তোয়ালে বাথরুমের র‌্যাকে রাখতে হবে। এ ছাড়া বাথরুমে ব্যবহারের জন্য হ্যান্ডওয়াশ, হাইজেনিক লিকুইড, বাথসোপ লিকুইড, শ্যাম্পু, কন্ডিশনার এসবের ডেকোরেটিভ সেট পাওয়া যায়। আবার পেস্ট, ব্রাশ এসব রাখার জন্য যেসব সুন্দর সুন্দর সেট পাওয়া যায়, সেসব ব্যবহার করতে হবে। কমোড, বেসিনের ওপর নির্ভর করে বাথরুমের মেঝের রং নির্ধারণ করতে হবে। ইদানীং বাজারে বাচ্চাদের বাথরুমে কার্টুন আঁকা টাইলস, কমোড পাওয়া যাচ্ছে। এসব ব্যবহার করলে বাচ্চাদের বাথরুমও দেখতে ভালো লাগে। বাথরুমে যেকোনো ধরনের আয়না ব্যবহার করলে শুকনো কাগজ দিয়ে সব সময় পরিষ্কার করতে হবে।