স্নানঘরে শৌখিনতা
স্নানঘর এখন শহুরে মানুষের জন্য শুধু প্রয়োজন নয়, শৌখিনতারও অংশ। তাই আধুনিক জীবনধারার পরিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবর্তন এসেছে স্নানঘরের উপকরণগুলোর নকশা ও নান্দনিকতায়।ঢাকার গ্রিনরোডের স্যানিটারি বাজারের বিক্রয় নির্বাহী শাহিদ হোসেন বলেন, ‘মানুষ স্নানঘরের ব্যাপারে এখন অনেকটাই সচেতন। আর তাই আমরাও স্নানঘরের জিনিসগুলোর মধ্যে পরিবর্তন এনেছি। কারণ, মানুষ প্রতিদিনই নতুন কিছু চায়। ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে আমরা স্পেন, চীন, ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে এগুলো আমদানি করছি।’ এসব নতুন নকশা ও পাশ্চাত্য ধাঁচের এই ফেন্সি আইটেমগুলোর বিক্রি কেমন জানতে চাইলে তিনি জানান, বিক্রি বেশ ভালোয়। বর্তমানে মানুষ ঘরের অন্যান্য অংশের সঙ্গে স্নানঘরকেও সমান গুরুত্ব দিচ্ছে। স্নানঘরের নানা জিনিসের খোঁজখবর, দরদাম ও প্রাপ্তিস্থান নিয়ে আমাদের এ প্রতিবেদন।পানির কলঘুম থেকে উঠেই কল ছাড়তে হয় পানির প্রয়োজনে। দাঁত মাজা, গোসল করা কত কি কাজ। পানির কলগুলোতেও তাই দেখা যাচ্ছে নানা বাহারি নকশা। কোনোটি দেখতে গোল আপেলের মতো, আবার কোনোটা দেখতে জিরাফের গলার মতো লম্বা বাঁকানো, কোনোটা দেখতে কুণ্ডলাকৃতির সাপের মতো, যেন ফণা তুলে দাঁড়িয়ে আছে। নানা আকৃতি আর নকশার এ কলগুলোর মধ্যে রয়েছে বেসিন মিক্সার, বাথটাব মিক্সার ও শাওয়ার মিক্সার। এ কলগুলো দেশি ও বিদেশি দুই ধরনেরই হয়ে থাকে। নকশা ও আকৃতিভেদে এসব কলের দাম পড়বে সাত হাজার থেকে ৪৫ হাজার টাকার মধ্যে। এসব কল বিক্রি হয়ে থাকে সেট হিসেবে। আবার একধরনের কল রয়েছে, যা কাজ করবে আপনার হাতের স্পর্শ ছাড়াই। কলের নিচে হাত রাখলেই ঝরে পড়বে পানি। সেন্সরযুক্ত এসব কলের দাম পড়বে সাত হাজার থেকে ২০ হাজার টাকার মধ্যে।বেসিনবর্তমান নাগরিক জীবনে মানুষের নিত্যদিনের প্রয়োজনের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হচ্ছে বেসিন। এসব বেসিনেও এসেছে নান্দনিনকতা ও পরিবর্তনের ছোঁয়া। গোল, বর্গাকার, তিন কোনা, চতুর্ভুজাকৃতিসহ প্রভৃতি আকারের বেসিন এখন বাজারে রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে আন্ডার কাউন্টার বেসিন, কেবিনেট বেসিন, ওয়াল হ্যাং বেসিন, গ্লাস বেসিন ইত্যাদি। এগুলো কোনোটি দেখতে পদ্মফুলের মতো আবার কোনোটি ড্রেসিং টেবিলের মতো। নান্দনিক কারুকার্য ও নকশায় চায়না কাঠের তৈরি বেসিনও এখন বাজারে পাওয়া যাচ্ছে । তবে এসব বেসিনের মধ্যে কেবিনেট বেসিনের বিক্রি বেশি বলে জানান বিক্রেতারা। কারণ, এটি অল্প জায়গা দখল করলেও অনেক কাজে ব্যবহার করা যায়। আকৃতি ও নকশাভেদে এসব বেসিনের দাম পড়বে দুই হাজার ৫০০ থেকে এক লাখ ২০ হাজার টাকার মধ্যে।বাথটাবসারা দিন কাজের পর ঘরে ফিরে বাথটাবে কুসুম গরমে পানিতে গোসল করলেই যেন দূর হয় সব ক্লান্তি। সাধারণ বাথটাব, জ্যাকুজি ইত্যাদি বাথটাব বাজারে পাওয়া যাচ্ছে। এসব বাথটাবে আপনি শুয়ে-বসে যেকোনো ভঙ্গিতে গোসল করতে পারেন। আবার স্টুডিও বাথটাব নামে একধরনের বাথটাব রয়েছে, যেগুলোতে দাঁড়িয়ে গোসল করতে হয়। কিন্তু এখানে গোসল করে আপনি পাবেন অন্য রকম প্রশান্তি। আকৃতি ও নকশাভেদে এসব বাথটাবের দাম পড়বে পাঁচ হাজার থেকে তিন লাখ ৫০ হাজার টাকার মধ্যে।যেখানে পাওয়া যাবে এসব পাওয়া যাবে ঢাকার গ্রিনরোড, পান্থপথ, কলাবাগান, নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, স্টেডিয়াম মার্কেট, গুলিস্তান, মৌচাক, মগবাজারসহ আপনার কাছের হার্ডওয়্যার ও স্যানিটারির দোকানগুলোতে।