স্নিগ্ধ আলোয়, মুগ্ধ মালয়
কুয়ালালামপুরের কেএলসিসি টার্মিনাল প্লেনের চাকার ঝাঁকুনিতেই তন্দ্রাভাবটা একেবারে ছুটে গেল। নড়েচড়ে বসলাম। জানালা দিয়ে বাইরে তাকাতেই আলো ঝলমলে বিমানবন্দর। ঘড়িতে তখন রাত ১১টা বেজে ১০ মিনিট। সময়ের পালায় মালয়েশিয়া দুই ঘণ্টা এগিয়ে। ঘড়িটা যখন ঠিক করছি, তখনই মনে পড়ল বাংলাদেশি জুয়েল ভাইয়ের মালয়েশিয়ান স্ত্রী লিন্ডা এত রাতে নিশ্চয়ই অপেক্ষায় আমাদের জন্য। ইমিগ্রেশন কাস্টমসের ঝক্কি পেরোতেই বেজে গেল ১২টা। গেট দিয়ে আমি, আমার স্ত্রী টিনা আর ছেলে আয়ানকে নিয়ে বেরোতেই খোঁজ পড়ল লিন্ডা ভাবির। একটা মালয়েশিয়ান সিমকার্ড ছিল মোবাইল ফোনে। কিন্তু অকেজো। কী বিপদ! গেট দিয়ে বেরোতেই ইতিউতি যখন তাকাচ্ছি, তখনই কানে এল ‘আর ইউ ফ্রম বাংলাদেশ?’ মিষ্টি হাসিটা দেখেই বুঝলাম, লিন্ডা ভাবি। তারপর সবাই মিলে ট্যাক্সিতে। গভীর রাতে ট্যাক্সি যেন উড়ে চলল। আলো ঝলমলে মসৃণ রাস্তা পেরিয়ে আমাদের গন্তব্য জালান পুচং। ওখানেই কনডোমোনিয়ামের একটা ফ্ল্যাটে আমাদের থাকার ব্যবস্থা। পরে শুনেছি, জালান অর্থ রাস্তা। পুচং রাস্তার কনডোমোনিয়ামে পৌঁছাতেই চোখ ছানাবড়া। গভীর রাতেও জমজমাট রাস্তা আর রেস্তোরাঁ। এক ইন্ডিয়ান রেস্তোরাঁয় ঢুকলাম পেটপূজায়। লিন্ডাই আমাদের হয়ে অর্ডার দিলেন। নাসি লামা। মালয়েশিয়ার নাকি জাতীয় খাদ্য। নারকেলের দুধ দিয়ে ভাত রান্না। সঙ্গে কাচকি শুঁটকি আর বাদাম। অতি অখাদ্য। এরপর যত দিন ছিলাম মালয়েশিয়ায়, ওই খাবার দেখলেই এক শ হাত দূরে।মালয়েশিয়ায় এসে স্বাভাবিকভাবেই সবাই টুইন টাওয়ার দেখে। ব্যতিক্রম হতে পারিনি। তাই পরের দিন ভোরবেলাতেই ছুটলাম ওখানে। কিন্তু গিয়ে শুনলাম শো শেষ। শো মানে টুইন টাওয়ারে উঠতে চাইলে ভোর ছয়টায় লাইনে দাঁড়াতে হবে টিকিট সংগ্রহের জন্য। আর নয়টার মধ্যেই পরিভ্রমণ খতম। তার পরও বাইরে থেকে দেখে বিস্ময়ে হাঁ। কী যে সুন্দর! ভোরের সূর্যের আলোকছটা ঠিকরে পড়ছে টুইন টাওয়ারের চূড়ায়। হীরক খণ্ডের মতো ঝিলিক দিচ্ছে। ভয়াবহ সুন্দর সে দৃশ্য! আর সামনের লেকে অসাধারণ পানির ফোয়ারা। রাতে আবার তার অন্য রকম ঝলমলে রূূপ। অপরূপ সৌন্দর্যের সামনে এলে মানুষ কিছুক্ষণ বাকরুদ্ধ হয়ে পড়ে। আমাদের অবস্থাও অনেকটা সে রকম। ঘোর কাটতেই পাশের বিল্ডিংয়ে অ্যাকুয়ারিয়াতে ঢুকে পড়লাম। সে আরেক বিস্ময়। খোদ শহরের নিচে টানেল দিয়ে তৈরি সমুদ্রের অনুকরণে। এমন কোনো প্রজাতির মাছ নেই যে সেখানে নেই। হাঙর দেখে তো চোখ ছানাবড়া। তবে পর্যটকদের জন্য একটু মন খারাপ করা সংবাদ হচ্ছে, এখানে টিকিটের দামটা একটু চড়া। বাংলাদেশি টাকায় প্রায় দুই হাজার টাকা পড়বে প্রতি জনের জন্য। মাছ দর্শন শেষে পাখি দর্শন। ট্যাক্সি চেপে বার্ড পার্ক। হাজারো রঙের আর বর্ণের পাখির মেলা সেখানে। অজস্র পাখি এসে বসে হাতের ওপর। তোলা যাবে ছবিও তাদের সঙ্গে। বার্ড পার্কের পাশেই আছে অর্কিড পার্ক। অজস্র ফুলের গাছ সারি সারি। কোমলতায় ভরে আছে যেন চারদিক।লিন্ডা ভাবির কাছে শুনলাম, পুত্রজায়াতে নাকি যেতে হয় বিকেলের দিকে। জালান পুচং থেকে দেড় ঘণ্টার ড্রাইভ। পরের দিন আরেক বাংলাদেশি জাকির ভাই তাঁর এভেনজা গাড়িসহ বেরিয়ে পড়লেন আমাদের নিয়ে। প্রথমেই রাস্তায় পড়ল বাতু কেভ। প্রাচীন এক মন্দির। পাহাড়ের গুহায় তার অবস্থান। পাথরের সিঁড়ি বেয়ে সুউচ্চ বাতু কেভে যখন পৌঁছালাম, তখন প্রায় দুপুর। গুহার ভেতর হিমশীতল মন্দির। তমিল মালয়েশিয়ান অনেকেই এখানে আসেন তাঁদের প্রার্থনা নিয়ে। বিশেষ করে সন্তানদের নিয়ে আসেন মা-বাবা তাঁদের শুভ ভবিষ্যতের জন্য। বাতু কেভ থেকে আধাঘণ্টার ড্রাইভে পৌঁছে গেলাম মাইনস। এখানে বিশাল শপিং সেন্টারের মাঝখান দিয়ে তৈরি করা হয়েছে কৃত্রিম লেক। ৩০ রিঙ্গিতের বিনিময়ে প্রতিজন নৌবিহার করতে পারে প্রায় ৫০ মিনিট। অন্য রকম মজাটা হলো, লেকে বের হওয়ার সময় নৌকা ওয়াটার লিফট দিয়ে সাত মিটার নিচে নামানো হয়। সে এক দারুণ রোমাঞ্চকর অভিজ্ঞতা। লেকের নৌবিহারে কালো রাজহাঁস থেকে শুরু করে গুইসাপ সবই আছে বিনোদনের জন্য। মাইনস শপিং মল আর রিসোর্ট দেখা শেষ করে পুত্রজায়ার পথে ছুটলাম। পুত্রজায়ায় যখন আমরা পৌঁছলাম, তখন পড়ন্ত বিকেল। মালয়েশিয়ান সরকার শুধু অফিস আর সচিবালয় নিয়ে এত অপূর্ব একটা শহর পরিকল্পিতভাবে তৈরি করেছে, যা দেখে মুগ্ধ হতে হয়। কী নেই সেখানে! মসজিদ থেকে শুরু করে কনভেনশন সেন্টার, যা দেখি তাতেই মুগ্ধ। কী যে সুন্দর স্থাপত্যশৈলী! পুত্রজায়া দেখে যে কেউ বলবে, পরিকল্পিত নগর একটি দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারে। শুধু একটি পরিকল্পিত নগর দেখতেই হাজারো পর্যটক প্রতিদিন ছুটে আসে পুত্রজায়াতে।লিন্ডা ভাবি আমাদের জন্য আগেই গেনটিং হাইল্যান্ডের প্যাকেজের ব্যবস্থা করে রেখেছিলেন। প্রতিজনের খরচ ৪০ রিঙ্গিত। তাই তৃতীয় দিন পুরোটাই গেনটিংয়ে। গেনটিং হাইল্যান্ডের বাস প্রতিদিন কেএল থেকে ছাড়ে বেলা ১১টায়। প্যাকেজে আছে বাস ভাড়াসহ থিম পার্কের সব ফ্রি রাইড। আবার সন্ধ্যা সাতটায় পৌঁছে দেবে বাস কেএলে। গেনটিং হাইল্যান্ডের থিম পার্কে গিয়ে আয়ান কেন, আমি আর টিনাও রাইডে চড়তে পাগল হয়ে গেলাম। শুধু থিম পার্কের কথাই বা বলি কেন, এত উঁচুতে উঠে মেঘের রাজ্যে ঢুকে সাদা তুলোর মতো মেঘগুলো যখন কান স্পর্শ করছিল, তখন টের পাচ্ছিলাম শীত কাকে বলে। আফসোস শুধু একটাই, পাহাড়ের এত উঁচুতে কেব্ল কারে চড়ে মেঘের রাজ্যে যেতে পারলাম না। কেব্ল কার নাকি কিছুদিন ধরে নষ্ট। তাতে কী? থিম পার্ক, শপিং মল, ক্যাসিনো, গেম ওয়ার্ল্ড থেকে ফুড কোর্ট—আমাদের দিশেহারা অবস্থা। কীভাবে সারাটা দিন কেটে গেল টেরই পেলাম না। রাতে গেনটিং থেকে ফেরার পথে ম্যাকডোনাল্ডের বার্গার দিয়েই ডিনার খতম, সেই সঙ্গে খতম কুয়ালালামপুর অভিযান। জালান পুচংয়ে পৌঁছেই তল্পিতল্পা গোছানো শুরু। এবার লংকাউই। রাত ১২টার বাস অপেক্ষায় আমাদের।ঠিক ভোর ছয়টায় কেএলের বাস আমাদের নামিয়ে দিল কুয়ালা পারলিস। সাকল্যে ছয় ঘণ্টার বাস ভ্রমণ। ডাবল ডেকার এসি বাস। পুরো রাস্তা ঘুমিয়েই এসেছি। পারলিস হলো ফেরিবন্দর। এখান থেকে ফেরি সার্ভিস আছে লংকাউইয়ের জন্য এক ঘণ্টা পরপর। ঘণ্টা দেড়েক অপূর্ব সব দ্বীপের মধ্য দিয়ে যখন আমরা লংকাউইতে পৌঁছালাম, তখন ঘড়িতে বেলা ১১টা। জেটি থেকে ট্যাক্সি। গন্তব্য চেনাং বিচ। লংকাউই দ্বীপের নয়নাভিরাম এই বিচ চেনাং। যাঁরা লংকাউইতে বেড়াতে যাবেন, অবশ্যই চেনাং বিচের ওপর যেসব রিসোর্ট আছে, সেগুলোতে থাকবেন। ভাড়া খুব বেশি নয়, প্রতিদিন গড়ে টাকায় খরচ পড়বে দুই হাজার ৪০০। চেনাং বিচের ওপর বেস্ট স্টার রিসোর্টে আমরা উঠলাম। লবিতে বসতেই নীল সমুদ্র। অপূর্ব দৃশ্য। বিচে ছাতার নিচেও বসা যায়। বিচ এলাকায় আছে সুমিষ্ট ফলের রস। দুর্দান্ত স্বাদ। আর দাম? একেবারেই সস্তা। বিকেলে ট্যাক্সি চেপে চেনাং থেকে লাংকাউই শহরে গেলাম। শপিং প্যারাডাইস। বিশেষ করে চকলেট। ব্র্যান্ডের সব চকলেট মিলবে অনেক কম দামে। কুয়া নামের এই শহরে আছে বাহারি সব দোকান। শপিং-পাগলদের জন্য সে এক স্বর্গ। চেনাং বিচে রাতে বসে গানের জমজমাট আসর। লাইভ মিউজিকের সঙ্গে বিচ বারবাকিউ। পর্যটকদের বিনোদনের জন্য এর চেয়ে ভালো বিচ নাইট আর কী হতে পারে। লংকাউইতে আরও আয়োজন আছে। তা হলো আশপাশে দ্বীপ অভিযান। আইল্যান্ড হুপিং নামের এই অভিযানগুলোয় পর্যটকেরা যেতে পারেন জনপ্রতি ২০ থেকে ৮০ রিঙ্গিতের মধ্যে। মনোমুগ্ধ ম্যানগ্রোভ দ্বীপগুলোতে প্যাকেজ ট্যুরের ব্যবস্থা আছে চেনাং বিচের সর্বত্র। তা ছাড়া উত্তেজনারও কমতি নেই। চায়নিজ কিশোরীর প্যারাসুট থেকে মাঝ সমুদ্রে পড়ে যাওয়া—ভয়াবহ এই অভিজ্ঞতা দেখে স্ত্রী টিনার প্যারাসুটে ওঠার খায়েশ শেষ। তার পরও অ্যাডভেঞ্চার বন্ধ নেই সমুদ্রের তীরঘেঁষে। সত্যিকার অর্থে, ছুটি কাটানো বা আরাম-আয়েশে দিন পার করার জন্য লাংকাউই হচ্ছে মালয়েশিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা।লাংকাউই থেকে আবার পারলিস। ফেরি সার্ভিস ছাড়া আছে আকাশপথে কুয়ালালামপুর যাওয়ার ব্যবস্থা। সময় লাগে মাত্র ৪০ মিনিট। তবে আপনি যদি সত্যিকারের পর্যটক হতে চান, তবে বাস ও ফেরিতে ভ্রমণই ভালো। পারলিস থেকে প্রতি ঘণ্টায় কুয়ালালামপুরের বাস ছাড়ে। খরচ জনপ্রতি ৪৮ রিঙ্গিত। সকালে কেএল পৌঁছেই আমাদের ফ্লাইট। আবার ঢাকা। আবার সেই ব্যস্ত নাগরিক জীবন।