স্নিগ্ধ ত্বক চাইলে রাতে ঘুমান

প্রসাধনী আপনার রূপ আরও আকর্ষণীয় করে ফুটিয়ে তুলতে পারে, কিন্তু স্নিগ্ধ উজ্জ্বল ত্বকের জন্য রাতের ঘুমের বিকল্প নেই। ত্বকের সজীবতার জন্য রাতে ভালো ঘুমের প্রয়োজনীয়তার কথা চিকিত্সক ও স্বাস্থ্যসেবা-সংশ্লিষ্টরা দীর্ঘদিন ধরেই বলছেন। তবে, এখন বিশ্বখ্যাত মেকআপ শিল্পীরাও সজীব-উজ্জ্বল ত্বকের জন্য রাতে ভালোভাবে ঘুমানোর পরামর্শ দিচ্ছেন।
গ্ল্যামার সাময়িকী কসমোপলিটন, মোর, জিকিউ ও টিন ভোগ-এর সেলিব্রেটি উর্বশীদের জন্য কাজ করা মেকআপ শিল্পী জেনি শ ত্বকের যত্নে রাতে ভালোভাবে ঘুমানোর পরামর্শ দিয়েছেন। যুক্তরাজ্যের নারী সাময়িকী ফিমেলফার্স্ট ডটকম এ খবর জানিয়েছে।
জেনি শ বলেন, রাতের ঘুম ঠিকঠাক না হলে তা ত্বকের ওপর এমন একটা প্রভাব ফেলে যে, আপনাকে দেখে যেন মনে হবে, আপনার ছয় মাস বয়সী শিশু নিয়ে আপনি সারাক্ষণই উদ্বিগ্ন। ঘুম কম হলে কখনো কখনো চোখের নিচের নরম ত্বকে কালি পড়ার মতো দাগ হতে পারে। আবার ঘুমের অনিয়মের কারণে চোখের নিচে এবং মুখেও ফুসকুড়ি উঠতে পারে।
এই মেকআপ শিল্পী বলেন, ঘুম না হলে তার ছাপ চোখে-মুখে যেমন লেগে থাকে, তেমনি এটা নিয়মিত সমস্যায় পরিণত হলে ত্বকের ওপর তার স্থায়ী প্রভাব পড়তে থাকে।