স্নিগ্ধ সাজের কবরী
১৯৯৯ সাল থেকে অনুষ্ঠিত হয়ে আসছে মেরিল–প্রথম আলো পুরস্কার অনুষ্ঠান। প্রায় প্রতিবছরই অভিনেত্রী কবরী আমন্ত্রিত অতিথি হয়ে আসতেন এই অনুষ্ঠানে। কখনো অতিথি হয়ে, কখনো পুরস্কার দিতে, কখনোবা জুরি হিসেবে এসেছেন তিনি। ২০১৬ সালে কবরী পান মেরিল–প্রথম আলো আজীবন সম্মাননা। প্রায় প্রতিটি অনুষ্ঠানেই দেশীয় সাজপোশাকে হাজির হতেন তিনি। তাঁর স্নিগ্ধতা নজর কাড়ত সবার। মেরিল–প্রথম আলো পুরস্কার প্রদানের পর আমন্ত্রিত অতিথিদের সাজপোশাক নিয়ে প্রকাশিত নকশার বিশেষ সংখ্যাতেও কবরী স্থান পেয়েছেন অনেকবার। সদ্য প্রয়াত অভিনেত্রী কবরীর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই সব অনুষ্ঠানে আসা কবরীর সাজের কয়েকটি ছবি আবার প্রকাশ করা হলো।
২০০৫
কাতান কিংবা বেনারসি নয়, মেরুন তাঁতের শাড়িতে কবরী ছিলেন অনন্য। আর বরাবরের মতো কপালে টিপ, চোখে কাজল আর খোঁপায় ছিল বেলি ফুলের মালা। গলায় ছিল সোনার জলে ধোয়া মিনা করা মালা।
২০০৬
গোলাপি নেটের কাপড়ে জারদৌসি কাজের লেহেঙ্গা পরেছিলেন কবরী। গলায়-কানে পুরোনো নকশার গয়না। হাতভর্তি চুড়ি আর বেলি ফুলের মালায় চিরসবুজ কবরী।
২০১০
কবরী ছাড়াই সেবার কবরী এসেছিলেন মেরিল–প্রথম আলো তারকা জরিপ অনুষ্ঠানে। ববকাট চুল আর লাল শাড়িতে কবরী যেন সেই ‘মিষ্টি মেয়ে’।
২০১৪
কবরীর সাদা–সোনালি শাড়িটি আড়ং থেকে কেনা। হাতে ছিল সোনালি এক গোছা চুড়ি। কানে পরেছিলেন পাথরের দুল। আর সব সময়ের ঘড়ি তো ছিলই।
২০১৫
ফুলেল নকশার সিল্ক শাড়ি পরেছিলেন কবরী। গলায় রুপালি বিডসের মালা।