স্নিগ্ধতার আবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.
মীর লোকমান
মীর লোকমান

বাইরে প্রচণ্ড যানজট, দুঃসহ পরিবেশ। ভেতরে শীতল, অত্যন্ত স্নিগ্ধতার এক আবেশ। বলছিলাম ১৮ মে সন্ধ্যায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা। ভেতরের এ শীতল আবেশ শুধু শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের নয়, এ আবেশ বন্ধুদের পরিবেশিত বিভিন্ন গান, কবিতা ও গল্পের।
অনুষ্ঠানের শুরুতেই মিঠুন রায়ের গান মন ছুঁয়ে যায়। এরপর ফারহান কবিরের ‘ভালো আছি ভালো থেকো’র সঙ্গে গলা মেলায় সবাই। খায়রুল বাসার, সুস্মিতা সোহরাব ও পারমিতা দাশের গানেও ছিল হারিয়ে যাওয়ার আবেশ।

সাঈদ আহমেদ ও জামান পারভেজের নৃত্য পরিবেশন
সাঈদ আহমেদ ও জামান পারভেজের নৃত্য পরিবেশন

মাহবুব পারভেজ পরিবেশন করেন বিরহের কবিতা, বন্ধুদের মধ্য থেকে দাবি ওঠে প্রেমের কবিতা শুনতে চাই। তিনি সে দাবিও রক্ষা করলেন। হাসান সালেহর কবিতায় ছিল দেশপ্রেমের কথা, ‘আবার আসিব ফিরে এই বাংলায়’।
‘চল চল চল’ গানের সঙ্গে সাঈদ আহমেদ ও জামান পারভেজের দ্বৈত নৃত্য যেমন সবাইকে উদ্বেলিত করে, তেমনি সাগর দাশের ‘বাংলাদেশ’ শীর্ষক একক অভিনয়ও সবাইকে আপ্লুত করে।
এক একটি পরিবেশনার পর বন্ধুরা মঞ্চে উঠছিলেন অনুভূতি প্রকাশের জন্য। ‘আজকের এই আনন্দঘন অনুষ্ঠান উপভোগ করা থেকে যেসব বন্ধু বঞ্চিত হলেন, আফসোস হচ্ছে তাঁদের জন্য’, এমনই উচ্ছ্বাসমাখা অনুভূতি ছিল বন্ধুদের মুখে।
মীর লোকমানের রোবটিক মূকাভিনয় ছিল দুর্দান্ত।
ততক্ষণে সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে। তবুও অনেক বন্ধু বসেছিলেন স্নিগ্ধতার আবেশ নিয়ে। সবার মুখেই দাবি ছিল এমন ভালো লাগার সন্ধ্যা বারবার ফিরে পেতে চাই।