মাদকাসক্তদের পারিবারিক সচেতনতা বিষয়ে সভা
স্নেহ-ভালোবাসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে
‘সন্তানদের সঙ্গে বাবা-মায়ের সম্পর্ক হওয়া উচিত বন্ধুর মতোই। তাদের সত্যিকার মানুষ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখাতে হবে। তাতে বিপথগামী হওয়ার আশঙ্কা কম থাকে। মাদকাসক্তদের স্নেহ-ভালোবাসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে।’আর্ক সামাজিক সচেতনতা ও উন্নয়ন সংস্থার সহযোগিতায় জেলা ইনার হুইল ক্লাবের উদ্যোগে সম্প্রতি পারিবারিক সচেতনতা শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রুসেলি রহমান মাহমুদ। প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর চট্টগ্রাম নগর উপ-পরিচালক ওয়াহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সুপ্রভাত বাংলাদেশ-এর নগর সম্পাদক এম নাসিরুল হক, রোটারি ক্লাব চট্টগ্রামের সভাপতি আরজু রহমান, আর্কের যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান সিদ্দিকী ও রেড ক্রিসেন্টের সভাপতি এসএম সালাউদ্দিন। বক্তারা মাদকাসক্তির কারণ, লক্ষণ, কুফল ও প্রতিকার বিষয়ে আলোচনা করেন। আর্কের ফরিদুর রহমান বলেন, ‘মাদকাসক্তি একটি রোগ। এর চিকিৎসা প্রয়োজন। সবচেয়ে বেশি প্রয়োজন পরিবারের সহযোগিতা।’ আর্কের চিকিৎসায় সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন শমসের মাহমুদ। তিনি কীভাবে মাদকাসক্ত হন, ওই সময় তাঁর আচার-ব্যবহার কেমন ছিল এবং কীভাবে সুস্থ হন—এসবের বর্ণনা দেন। শেষে মাদকাসক্তি প্রতিরোধ ও প্রতিকারে বিশেষ অবদানের জন্য ইনার হুইল ক্লাবের পক্ষ থেকে আর্ককে বিশেষ সম্মাননা স্মারক দেওয়া হয়।