স্নেহ-ভালোবাসা, বন্ধনের কি কোনো দাম নেই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহতাব খানম
মেহতাব খানম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল অ্যান্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধ্যাপক মেহতাব খানম। তিনি আপনার মানসিক বিভিন্ন সমস্যার সম্ভাব্য সমাধান দেবেন। অল্প কথায় আপনার সমস্যা তুলে ধরুন।—বি. স.
সমস্যা
আমি নিম্ন-মধ্যবিত্ত পরিবারের মানুষ। বয়স ২০ বছর, বিশ্ববিদ্যালয়ে পড়ছি। পরিবারে মা-বাবা ও বড় বোন আছেন। আমরা আর্থিকভাবে অসচ্ছল হলেও পরিবারের সদস্যরা সেটা নিয়ে দুঃখবোধ করি না। তবে এই আর্থিক অসংগতির কারণেই হয়তো আমাদের অনেক আত্মীয়স্বজনের সঙ্গে তেমন কোনো সম্পর্ক নেই। মাঝেমধ্যে যখন একা বসে থাকি তখন এসব ভেবে কান্না করি। মনে হয় বুকের মধ্যে পাথর জমে আছে। দীর্ঘদিনের দীর্ঘশ্বাস বলেই হয়তো ইদানীং আর কান্নাও আসে না। কিন্তু বুকের বাঁ পাশে হঠাৎ ব্যথা করে। মনে হয়, এই বুঝি দম বন্ধ হয়ে গেল। আমার বাবা-মা এ ব্যথার কারণ জানেন না। কখনো কখনো মনে হয় জীবনে কি অর্থই সব? স্নেহ-ভালোবাসা, বন্ধন এসবের কি কোনো দাম নেই?
নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
পরামর্শ
তুমি এতটা আর্থিক ও মানসিক সংকটে থেকেও যে ২০ বছর বয়সে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হতে পেরেছ, সেটি তো নিজের যোগ্যতার কারণেই সম্ভব হয়েছে। আরও একটি ইতিবাচক দিক হচ্ছে পরিবারের সব সদস্য এই কঠিন বাস্তবতা ভালোভাবে মোকাবিলা করে সুন্দরভাবে জীবনযাপন করছ। তুমি অবশ্য লেখোনি আত্মীয়দের সঙ্গে দূরত্বটি কেন সৃষ্টি হয়েছে। তারা কি তোমাদের অসম্মান করছে, নাকি তোমরাই নিজেদের দূরে সরিয়ে রাখছ? যদি তারা তোমাদের সংগ্রামী ও সৎ মানুষ হিসেবে গ্রহণ না করতে পারে, সেটি তো তাদের ব্যর্থতা, তাই না?

দুঃখজনক হচ্ছে, পুঁথিগত ও প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট-নির্ভর শিক্ষাব্যবস্থা থেকে আমরা এর সত্যিকারের নির্যাস নিতে পারছি না। মূল্যবোধের অবক্ষয়ের এমন একটি জায়গায় আমরা পৌঁছে গিয়েছি, যেখান থেকে উঠে আসার সম্ভাবনা নিকট–ভবিষ্যতে নেই বলেই মনে হয়। বিত্তবান ও স্বল্প আয়ের মানুষদের মধ্যে বিভেদটি এত বেশি সৃষ্টি হয়েছে যে তাদের জীবনচর্চার পার্থক্যগুলো খুব প্রকটভাবে চোখে পড়ছে। কেবল আর্থিক সচ্ছলতার মাপকাঠি দিয়ে যখন সমাজে মানুষের গ্রহণযোগ্যতা ও সম্মানপ্রাপ্তি ঘটে, তখন সেটি একটি অসুস্থ সমাজে পরিণত হয়। আর্থিক সংকটে থাকা মানুষগুলোর মনে যেমন দুঃখবোধ ও প্রচুর ক্ষোভ কাজ করে, ঠিক তেমনি হীনম্মন্যতাও কাজ করে। তুমি স্নেহ, ভালোবাসা ও বন্ধনের মূল্য কতটুকু, সেই সম্পর্কে প্রশ্ন করেছ।

আমার প্রশ্ন হচ্ছে, তোমার পরিবারের চারজন সদস্যের মধ্যে ভালোবাসার বন্ধনটি দৃঢ় আছে কি না, সেটি কি ভেবে দেখেছ? যদি পরিবারের ভেতরে সুবাতাস থাকে, তাহলে বাইরের মানুষদের অবহেলা ও অসম্মান আমাদের দুঃখবোধকে কাটিয়ে উঠতে অনেক সাহায্য করে। তুমি একা একা এই তীব্র অনুভূতিগুলো চেপে না রেখে মা কিংবা বোনকে জড়িয়ে ধরে কি চিৎকার করে কাঁদতে পারো? তঁারা তো তোমার মতোই একই অনুভূতির ভেতর দিয়ে যান, হয়তোবা সবার জন্যই এটি নেতিবাচক আবেগের ভার লাঘবে সাহায্য করবে। এ ছাড়া, বাইরের লোকেরা তোমাকে কীভাবে মূল্যায়ন করছে, সেটির প্রতি মনঃসংযোগ না করে তুমি যদি আত্মমূল্যায়নের মাধ্যমে নিজেকে অনেক বেশি মর্যাদা দাও এবং ভালোবাসো, সেটিও তোমার উপকারে আসবে। নিজের ভালো দিকগুলো চিহ্নিত করে সেগুলোকে আরও ধারালো করো এবং ভবিষ্যতে সেগুলো ব্যবহার করে তুমি কী কী করবে, তার একটি পরিকল্পনা করতে শুরু করো। যদি একা একা নিজেকে সহায়তা করা একেবারেই সম্ভব না হয়, তাহলে ০৯৬১২২২২৩৩৩-এ ফোন করে টেলিসেবা গ্রহণ করতে পারো।