স্নেহছায়া
টিউশনি শেষ করে হলে ফিরছি। বৃষ্টি হলে ঢাকা শহরে প্রচণ্ড জ্যাম হয়। সারা শহর গাড়িতে গিজগিজ করে। আজ সারা দিন সূর্যদেবকে দেখা যায়নি। বর্ষণমুখর দিন। রাস্তায় প্রচণ্ড জ্যাম। ঘণ্টা দেড়েক হাত-পা গুটিয়ে বাসে বসে আছি। লোকাল বাস। পকেটের দিকে তাকিয়ে বারবার বাধ্য হয়ে এ বাসেই উঠি। এসবে আমার মাথাব্যথা নেই। জ্যামে লোকাল কিংবা সিটিং বলে কথা নেই, জ্যামে পড়লেই সেটা কুইচ্যা মুরগি হয়ে যায়।কোরবানির ঈদের সময় ট্রাকে যেমন গাদাগাদি করে গরু তোলে, তেমনি বাসে গাদাগাদি করে লোকজন দাঁড়িয়ে আছে। সবার শরীর থেকে ঘামের বিশ্রী গন্ধ বেরোচ্ছে। কিন্তু প্রত্যেকটা মানুষ এমন ভাব করছে, যেন তার নিজের শরীর বাদে অন্য সবার শরীরে ঘামের গন্ধ। সামনের সিটে বসা অল্প বয়স্ক এক নারী ভ্রু কুঁচকে নাক সিটকিয়ে বললেন, ঘামের কী গন্ধ রে বাবা! তারপর আঁচল দিয়ে নাক ঢাকলেন তিনি।‘এই ভাই, গায়ের উপর পড়ছেন কেন?’ বলে দাঁড়িয়ে থাকা একজন কোট-টাই পরা ভদ্রলোক চেঁচালেন। আমার পাশে শ্রমিকগোছের একজন বসে আছেন। তিনি বোধ হয় তাঁর জামাকাপড় মাস খানেক হবে পরিষ্কার করেননি। জামাকাপড় অসম্ভব রকমের ময়লা। আমার নিজের ঘামের গন্ধ নিজের কাছেই অসহ্য লাগছে। বিরক্ত হয়ে বাস থেকে নামলাম। লম্বা দালানকোঠার ভিড়ে ঢাকা শহরে আকাশটা ভালো করে দেখা যায় না। অনেক কষ্ট করে ঘাড় বাঁকিয়ে আকাশ দেখতে হয়। এ শহরে গায়ে গায়ে ধাক্কা লাগলে একজন আরেক জনের দিকে তাকায় না, আর তো আকাশ! কালো মেঘে আকাশটা ঢেকে গেছে। কালোর কাছে সাদার পরাজয়; কী অদ্ভুত! আকাশ কুসুম ভাবতে ভাবতে রমনার পাশ কাটিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকলাম। ধারণা করা সম্ভাব্য বৃষ্টিটি নামল, ঝুম বৃষ্টি। দৌড়ে নিরাপদ স্থানে গেলাম, যেতে বাধ্য হলাম। কারণ দুই দিন ধরে আমার জ্বর। আজ জ্বর কমছিল বিধায় টিউশনিতে বেরিয়েছিলাম। নীরবে দাঁড়িয়ে বৃষ্টি দেখছি, দারুণ বৃষ্টি। আট-দশ বছরের কয়েকটা ছেলে বৃষ্টিতে ভিজে পরম তৃপ্তিতে ফুটবল খেলছে। হঠাৎ আমার স্মৃতি আমার শৈশবে নিয়ে গেল।একদিন ছোটবেলায় সারাটা বিকেল বৃষ্টিতে ভিজে ফুটবল খেলেছিলাম। সন্ধ্যার সময় কাকভেজা হয়ে বাড়িতে ফিরলাম। আমার অবস্থা দেখে আমার মা রেগে আগুন, বাড়ি থেকে বের হ। রাগ কমে পরিস্থিতি ঠান্ডা হলো। মা তাঁর আঁচল দিয়ে আমার মাথা মুছে দিলেন এবং কড়া গলায় জানিয়ে দিলেন, ম্যারাডোনা হতে হবে না, পড়াশোনা করতে হবে। পড়াশোনা ছাড়া কপালে ভাত নেই। ইত্যাদি, ইত্যাদি...।মধ্যরাতে প্রচণ্ড জ্বরে আমার ঘুম ভেঙে গেল। জেগে দেখি, মা আমার মাথায় জল ঢালছেন। কপালে হাত দিয়ে বললেন, একি, এখনো যে জ্বরে গা পুড়ে যাচ্ছে! আবার জ্বর বাধিয়ে ফেললি। সারা রাত আমাকে তোর মাথার সামনে বসে থাকতে হবে। আমার কষ্ট দেখতে তোর খারাপ লাগে না? আমি বিড়বিড় করে বললাম, তোমার এই কষ্ট দেখতে আমার ভালো লাগে। আমি চাই, আমার সারা জীবন এ রকম জ্বর থাকুক, আর তুমি আমার মাথার কাছে এভাবে বসে থাকো।মার ঠোঁটের কোণে ঈষৎ হাসি দেখে মনে হলো, মারও ইচ্ছে, আমার কাছে জনম জনম বসে থাকার। হঠাৎ পকেটে মৃদু কম্পন অনুভব করলাম। ফোন এসেছে। হ্যালো মা, কেমন আছো? বলতে গলাটা ধরে এল আমার। বৃষ্টির মতো চোখ থেকে দুফোঁটা জল পড়ল। মা যে আসলে অনেক দূরে। ঘুমের ঘোরে মায়ের দেখা পাই।নিখিলেশ ঘোষআইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।