নাটকের নাম মড়া। হিন্দু-মুসলমান প্রচণ্ড দাঙ্গা চলছিল। এ সময় গ্রামে মারা গেছেন এক বেওয়ারিশ লোক। অনেক মানুষ জটলা পাকাচ্ছে লাশের পাশে। সেখানে থাকা গ্রামের হিন্দু দলপতি বললেন, একে পোড়ানো হবে। তাঁর কথার তীব্র প্রতিবাদ জানিয়ে মুসলমান সমপ্রদায়ের দলনেতা বললেন, না, একে কবর দেওয়া হবে। দুই দলে শুরু হলো তীব্র বাগ্যুদ্ধ। এক পক্ষ অন্য পক্ষকে পাল্লা দিয়ে নিজেদের মত প্রতিষ্ঠার চেষ্টায় মত্ত। অতঃপর লাশ নিয়ে প্রচণ্ড টানাহেঁচড়া। এমন সময় সবাইকে অবাক করে দিয়ে ঘটে গেল এক আশ্চর্য ঘটনা। জেগে উঠল মৃত লাশ, চলতে থাকল নিজের মতো। সবাই অবাক। ভূত দেখার মতো করে চমকে উঠে পালানোর প্রস্তুতি। পাশে এ দৃশ্য দেখতে থাকা একতারা হাতে বাউল মুসলমান দলনেতা ও হিন্দু দলনেতাকে লক্ষ্য করে বলে উঠল—কী বৃন্দাবন কাকা, কী হায়দার কাকা, মড়া যে থুথু দিয়ে চলে গেল। তোমরা এবার হিন্দু-মুসলমান দাঙ্গা করো...এটাই ছিল নাটকের শেষ দৃশ্য। নাটক দেখতে আসা মানুষ যেন কিছু সময়ের জন্য অন্য এক জগতে ছিল একেবারেই নির্বিকার। এরপর করতালি আর প্রশংসাবাণী।বলছিলাম দেশের উত্তরাঞ্চলের অন্যতম সেরা বিদ্যাপীঠ রংপুর কারমাইকেল কলেজের একটি নাট্য ও সাংস্কৃতিক সংগঠন ‘স্পন্দন’-এর কথা। লেখাপড়ার ফাঁকে ফাঁকে চলে মঞ্চনাটকের মহড়া ও সংস্কৃতিচর্চার কাজ। ফুরসত পেলেই মেতে ওঠে নাটক মঞ্চস্থ করার কাজে। তাদের সঙ্গেই আড্ডার ফাঁকে চলে নাটক নিয়ে নানা সুখ-দুঃখের কথা। এক নাটকে ১০-১১ বছরের একটি ছেলের চরিত্রে অভিনয় করার কথা। একজনকে সে চরিত্রের জন্য তৈরিও করা হয়েছে। নাটকের ঠিক আগ মুহূর্তে সেই ছেলে বেমালুম গায়েব। এখন কী উপায়? উপায় একটা বের হলো বটে! মঞ্চে এল সেই চরিত্র। অভিনয়ও করল অসাধারণ। নাটক শেষে সেই ছেলের অভিনয়ের প্রশংসা করল অনেকে। কে সেই ছেলে? সবার চোখ এবার পড়ল আড্ডায় থাকা ঝুমার দিকে! আর হাসির রোল পড়ে গেল। আসলে সেদিনের সেই ছেলের চরিত্রে অভিনয় করেছিল ঝুমা। কিছুটা ছোটখাটো আর হালকা-পাতলা গড়ন তার। কেউ বুঝতেই পারেনি একটা মেয়ে ছোট ছেলের চরিত্রে অভিনয় করেছে!এই সংগঠনটির সবাই যেন একই পরিবারের সদস্য। সংগঠনের সভাপতি সঞ্জীব কুমারের পরীক্ষা চলছে। আড্ডায় যোগ দিতে পারেননি, তাতে কী! খানিকক্ষণ পরই আড্ডায় যোগ দিলেন মুঠোফোনে। প্রতি বুধবার ক্যাম্পাসের লিচুতলায় জড়ো হয় সবাই। সারা দিন জম্পেশ আড্ডা আর সংগঠন নিয়ে পরিকল্পনা, চলে নাটকের মহড়া। এই হলো স্পন্দন। সংস্কৃতিচর্চায় কিছু উদ্যমী তরুণ ১৯৯১ সালে একটি লালসবুজ পতাকা, মুক্তিযুদ্ধ এবং বাঙালির সংস্কৃতি সামনে রেখে শুরু করে এই সংগঠনটি। সেই থেকে আজ অবধি চালিয়ে যাচ্ছে নানা সংস্কৃতিচর্চার কাজ। স্পন্দনের সাধারণ সম্পাদক খয়রাত হোসেন বলেন, ‘নাট্যচর্চাকে শুধু বিনোদন নয়, বরং সামাজিক, রাজনৈতিক অসংগতিকে তুলে আনি নাট্যমঞ্চে। তরুণদের আলোকিত করে সমাজকে কুসংস্কারমুক্ত করাই আমাদের প্রয়াস।’এরই মধ্যে স্পন্দন কর্তৃক মঞ্চায়িত হয় বাঁশ, এখনও যুদ্ধ, পুনরুত্থান, ইংগিত, রিসার্চ, খোলস, ঘরজামাই, বিফলে মূল্য ফেরত, ইনফরমার, রণদুন্দভী, কেনারাম-বেচারাম, সুতরাং, পরে হবে এবং খ্যাতির বিড়ম্বনা। শুরু থেকে এখন পর্যন্ত এ সংগঠনটিতে নানাভাবে প্রেরণা জুগিয়ে আসছেন স্পন্দনের প্রতিষ্ঠাতা সভাপতি মোকসেদুল হক মণ্ডল।আবার ফিরে আসি আড্ডায়। ইফফাত আরা হেসে বলেন, ‘আমাদের তোতলার কী খবর?’ নাটকে তোতলার অভিনয় করতে গিয়ে তোতলামি আত্মস্থ করতে হয়েছিল। নাটক শেষেও যার তোতলামি আর থামে না! সেই থেকে নামের সঙ্গে ওরফে তোতলা। এই তোতলা হলো ইমন। হেসে হেসে বলল, ‘তু-তু-তুমি এটা কী বললা!’ একচোট হাসি হয়ে গেল। বলি, ‘কেন নাটক করেন?’ ‘নাটক আমাদের অনেক খারাপ কাজ থেকে দূরে রাখে, ভিন্ন ভিন্ন পরিবেশে মিশে যেতে শেখায়, মনের খোরাক জোগায়, তাই নাটক করি, নাটক শিখি’। সহজ-সরল স্বীকারোক্তি দলের সদস্য ফয়সালের। ‘নাটক আমাদের স্বপ্ন দেখায়’ আরও যোগ করেন ইমন। জানতে চাই, ‘কোন স্মৃতিটা এখনো কাঁদায়।’ ‘২০০৮ সালে কারমাইকেল কলেজের পুনর্মিলনী অনুষ্ঠানের আগে প্রস্তুতি চলে নাটক নাট বল্টুর প্যাঁচ মঞ্চস্থ করার। এক মাস ধরে চলে মহড়া। অবশেষে এল কাঙ্ক্ষিত সেই ক্ষণ। মঞ্চে ওঠার প্রস্তুতি প্রায় শেষ, এমন সময় কলেজে একটি গন্ডগোল বেধে গেল। ঘোষণা এল, নাটক মঞ্চস্থ করা যাবে না। এ কথা শুনে সবার মুখে রাজ্যের শোক নেমে এল, কেউ কেউ নিঃশব্দে চোখের জলও ফেলেছিল সেদিন।’যখনই একজন কর্মী সৃষ্টি হয় তখনই এই ক্যাম্পাসের গণ্ডি তাকে পাঠিয়ে দেয় জীবনযুদ্ধে। আবার শুরু হয় নতুন কর্মী সৃষ্টির প্রচেষ্টা। এভাবেই স্পন্দনে নতুন-পুরোনোদের যাওয়া-আসার মিছিল চলতে থাকে। তবুও স্পন্দন চলতে থাকে আপন গতিতে, স্বপ্ন একটাই, আর তা হলো ভালো কাজের মাধ্যমে স্পন্দন বেঁচে থাকবে। অনন্তকাল ধরে বেঁচে থাকবে তাদের স্বপ্ন...।