স্পাইডারম্যানে অভিনয়ের সময়ও ক্লাস বাদ দিইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পাইডারম্যান ছবির ‘হ্যারি ওসবর্ন’ নামেই বেশি আলোচিত যুক্তরাষ্ট্রের অভিনয়শিল্পী জেমস ফ্রাঙ্কো! ওয়ান টোয়েন্টি সেভেন আওয়ার্স সিনেমায় অভিযাত্রী অ্যারন র‍্যালস্টনের ভূমিকায় অভিনয় করে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছেন। রেস্তোরাঁয় চাকরি করতে গিয়ে একসময় যেই ফ্রাঙ্কো কলেজ ড্রপআউটের খাতায় নাম লিখিয়েছিলেন, সেই তিনিই পরে পিএইচডি ডিগ্রি নিয়েছেন। এখন নিউইয়র্ক ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়াসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। গত ২৮ মে যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটির ১৪৮তম সমাবর্তন বক্তৃতায় বলেছেন জীবন থেকে নেওয়া অভিজ্ঞতার গল্প।৷
জেমস ফ্রাঙ্কো
জেমস ফ্রাঙ্কো

ম্যাকডোনাল্ডসে চাকরির জন্য আমি স্কুল থেকে ড্রপআউটের তালিকায় নাম লেখাই। এরপর একসময় আমি অভিনয় শেখার স্কুলে যাওয়া শুরু করি। আমি যে স্বপ্ন দেখতাম, তার জন্য আমার আসলে কাজ করে যাওয়া ছাড়া কোনো উপায়ই ছিল না। তুমি যদি অলিম্পিকে দৌড়াতে চাও, প্রশিক্ষণ তোমাকে নিতেই হবে। তুমি যদি বায়োকেমিস্ট হতে চাও, আর ঠিকমতো পর্যায় সারণিই না জানো, তাহলে কখনোই ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে চাকরি পাবে না। যা করতে ভালোবাসো, তার পেছনে তোমাকে ছুটতেই হবে। হিসাবটা খুব সরল।
সিনেমায় কাজের সুযোগ পাওয়া খুব কঠিন। আমি জানতাম, আমাকে আমার পুরো সময়টাই দিতে হবে। যখন কাজ থাকত না, তখন সহপাঠীদের সঙ্গে মহড়া করতাম। এমনকি যখন ম্যাকডোনাল্ডসে কাজ করতাম, তখনো! বিভিন্ন বাচনভঙ্গিতে আমি বলার চেষ্টা করতাম, ‘ম্যাকডোনাল্ডসে আপনাকে স্বাগত। বলুন, কীভাবে সাহায্য করতে পারি!’
আট বছর অভিনয় স্কুলে যাওয়ার পর সৌভাগ্যক্রমে পিৎজা হাটের একটা বিজ্ঞাপন করার সুযোগ পাই। আট বছর লম্বা সময়, এত দিন পড়াশোনা করে মানুষ চিকিৎসক হতে পারে! নিয়মিত অভিনয় শুরু করার পরেও আমি ক্লাসে যাওয়া বন্ধ করিনি। গোল্ডেন গ্লোব পুরস্কার পাওয়ার পর ক্লাসে গিয়েছি। স্পাইডারম্যানে অভিনয়ের সময়ও ক্লাস বাদ দিইনি।
একটা সময় ছিল, যখন আমি অভিনেতা ছিলাম না। সেই সময় আমি সিনেমা দেখতে ভালোবাসতাম, সিনেমার অংশ হতে চাইতাম। আমি জানতাম না কম করতে হবে। সে সময়টায় বছরের পর বছর কাজ করে আমি আমার প্রতিভাকে ঝালাই করেছি।
শৈশবে স্কুলে গিয়েছি বাবা-মা জোর করেছিলেন বলে। আর বড় হয়ে আবার স্কুলে ফিরেছি নিজেকে বদলাতে। কিছু শিখতে চেয়েছিলাম। একে একে অনেক স্কুলে গিয়েছি স্রেফ পড়ার জন্য। কারণ, আমি জানি, জীবন আসলে ছকে বাঁধা কোনো অভিযাত্রা নয়। জীবন হলো মুক্ত, স্বাধীন।
আমি একটি বিষয় নিয়ে কখনো পড়ে থাকতাম না। সব সময় শেখার মধ্যে থাকার চেষ্টা করেছি। যা ভালো লাগে, যা আমাকে রোমাঞ্চিত করে—আমি তাই করি। তোমাদের জন্য আমার পরামর্শ হলো, কোনো কাজের শুরুতেই ভয় পেয়ো না। শেখার সময় শুরুতেই পরীক্ষার নম্বর নিয়ে দুশ্চিন্তা কোরো না। স্রেফ দারুণ একটা শুরুর দিকে খেয়াল রাখো।
খুঁজে দেখো, কোন দলের সঙ্গে তোমাকে মানায়। তুমি যখন অন্য অনেকের সঙ্গে মিশবে, তখন জীবন আরও রঙিন হয়। যদি একা থাকো, সেটাও মন্দ নয়। একসময় আমিও খুব একা ছিলাম। কিন্তু একই ধরনের অনেক মানুষের সঙ্গে মেশার সুযোগ পেলে অনেক কিছু নতুন করে শেখারও সুযোগ হয়ে যায়। তারা তোমাকে অনেক গল্প বলবে কিংবা উৎসাহ দেবে। হয়তো তোমার কাজকে আরও সামনে নিয়ে যেতে তারা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তুমি যা ভালোবাসো তা-ই করো। অন্তত কিছু করার চেষ্টা করো। আমি যদি তরুণ বয়সে ফ্রিকস অ্যান্ড গিকস সিনেমায় অভিনয় না করতাম, তারপরও আমি হলিউড ছাড়তাম না। কোনো না কোনোভাবে সিনেমার সঙ্গে যুক্ত থাকতাম। তোমার আগ্রহ যা, তার জন্য যা করার দরকার তা-ই করো। নিজের চাকরি বা অন্য কাজে আটকে থাকার কোনো মানে নেই। যদি খুব ছকে বাঁধা কোনো কাজে যুক্ত থাকো, তারপরও নতুন করে কিছু করার চেষ্টা করো। যা ভালোবাসো তা করতে কোনো কিছুর ভয় যেন তোমার ওপর চড়ে না বসে।
আমি শিক্ষকতারও সঙ্গেও কিছুটা যুক্ত। নানান কাজে ব্যস্ত থাকার পরও এই কাজটা আমি ছাড়তে চাই না। এটা আমার অনেক দিনের শখ আর আগ্রহের জায়গা। যখনই সুযোগ পেয়েছি, নিজেকে একটু বদলানোর চেষ্টা করেছি। কখনো অভিনেতা, কখনো কবি, কখনো ঔপন্যাসিক কিংবা কখনো চিত্রকরও হয়েছি। আনন্দ পেয়েছি। তাই আমার পরামর্শ, সুযোগ লুফে নেওয়ার চেষ্টা করো। কোনো না কোনো ফল আসবেই। সেই সঙ্গে মনে রেখো, অন্যের জন্যও কিছু করা উচিত। অন্যকে তার স্বপ্ন ছোঁয়ার চেষ্টায় পাশে দাঁড়ানোর আনন্দ অনেক। বড় বড় সিনেমায় অভিনয়ের সুযোগ, লেডি গাগার জন্মদিনে আমন্ত্রণ কিংবা যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি কলেজে যাওয়ার সুযোগের চেয়েও আমি অন্যের জন্য কিছু করতেই বেশি আনন্দ পাই।
তোমাদের সবাইকে অভিনন্দন। দেশের জন্য তোমরা নিশ্চয়ই দারুণ কিছু করবে।

ইংরেজি থেকে অনুবাদ: জাহিদ হোসাইন খান
সূত্র: মোটো ডট টাইম ডট কম