স্পিডবোটে চড়ে বিদ্যালয়ে...
একে তো দুর্গম এলাকা তার ওপর যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। ঝড়-বৃষ্টি হলে নৌকাও চলাচল করে না। ফলে রাঙামাটি, বিলাইছড়ি ও বরকলের প্রত্যন্ত এলাকার বহু শিশু বিদ্যালয়ে যেতে পারে না। দুর্গম এসব এলাকার শতভাগ শিশুকে বিদ্যালয়ে হাজির করতে একটি প্রকল্পের আওতায় এবার স্পিডবোট সরবরাহ করার উদ্যোগ নিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।গত রোববার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সভাকক্ষে ‘কাপ্তাই হ্রদ এলাকায় শিশুবান্ধব বিদ্যালয়’ শীর্ষক এই প্রকল্পের উদ্বোধন করা হয়। ইউনিসেফের সহায়তায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এ প্রকল্প পরিচালনা করছে ।তিন বছর মেয়াদের এ প্রকল্পের শুরুতে আপাতত ছয়টি বিদ্যালয়ের জন্য ছয়টি উন্নতমানের স্পিডবোট (ফাইবার ইঞ্জিন বোট) দেওয়া হয়। তবে পর্যায়ক্রমে প্রকল্পের আওতাভুক্ত সব বিদ্যালয়ে এ সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়।ইউনিসেফের কর্মসূচি কর্মকর্তা উম্মে হাবিবা জানান, রাঙামাটি সদর উপজেলার ১১টি এবং বরকল ও বিলাইছড়ি উপজেলার তিনটি করে বিদ্যালয়ে এই প্রকল্প পরিচালিত হবে। পরে ক্রমান্বয়ে তিন হাজারের বেশি পরিবারের শিশুদের এ প্রকল্পের আওতায় আনা হবে। প্রকল্পের মাধ্যমে শিশুদের মানসম্পন্ন শিক্ষাদানের পাশাপাশি, নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন ব্যবস্থা, তথ্যপ্রযুক্তি এবং সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হবে। উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড ও ইউনিসেফের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, এ প্রকল্প কাপ্তাই হ্রদ তীরবর্তী এলাকার দরিদ্র ও অবহেলিত শিশুদের শিক্ষার আওতায় আনার পাশাপাশি সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে সরকারকে সহায়তা করবে।