লেখা: মাসউদ ফোরকান আঁকা : রোমেল বড়ুয়া

টম হ্যাঙ্কস, ডেনিয়েল ডে লুইস, লিওনার্দো ডিক্যাপ্রিওর পর স্টিভেন স্পিলবার্গের সিনেমায় কাজ করার সুযোগ পেলেন ব্রাজিলের ফুটবল তারকা নেইমার জুনিয়র। শিগগিরই সিনেমাটির কাজ শুরু হবে বলে জানিয়েছেন স্পিলবার্গ। তাঁর মতো প্রখ্যাত ও প্রভাবশালী পরিচালকের সিনেমায় অভিনয় করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত নেইমার।
নেইমার জানিয়েছেন, বার্সেলোনা, পিএসজির মতো বড় ক্লাবে খেলার পর স্পিলবার্গের সিনেমায় কাজ করার সুযোগ পাওয়া স্বপ্নের মতো মনে হচ্ছে তাঁর কাছে। অভিনয়ে দক্ষ এই ফুটবলার বলেন, ‘ছোটবেলায় অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল কিন্তু ফুটবলের দেশে জন্মেছি; তাই ফুটবলই বেছে নিতে হয়েছে। কিন্তু এখন সেই স্বপ্নটাও পূরণ হতে যাচ্ছে ভেবে আমি আনন্দিত। প্রথম যখন খবর পেলাম, তখন আনন্দের চোটে কাঁদতে কাঁদতে পড়ে গিয়েছিলাম!’
নেইমারকে পরবর্তী সিনেমায় নেওয়ার প্রসঙ্গে স্পিলবার্গ বলেন, ‘আপনারা হয়তো একটু অবাক হয়েছেন, তবে আমি চাইছিলাম পরবর্তী সিনেমায় চ্যালেঞ্জিং কাউকে নিতে। রাশিয়ায় কথায় কথায় ওর পড়ে যাওয়ার অভিনয়গুলো দেখে খুব মুগ্ধ হয়েছি। একদম শিল্প। পরবর্তী সিনেমাটা হবে অ্যাকশনধর্মী। ওতে নেইমারের বিকল্প আমার মাথায় আসেনি।’
এদিকে শোনা যাচ্ছে, সিনেমায় অভিনয়ের প্রস্তুতি হিসেবে রাশিয়া বিশ্বকাপেই আরও নিখুঁতভাবে পড়ে যাওয়ার অনুশীলন করছেন নেইমার। যদিও অনেকে এটা খেলার অংশ বলে ভাবছেন।