স্ব-উদ্যোগে বাঁধ নির্মাণ গ্রামবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শঙ্খ নদীর ভয়াবহ ভাঙন থেকে রক্ষা পেতে ম্যাইঙ্গাপাড়ার বাসিন্দারা নিজ উদ্যোগে বেড়িবাঁধ নির্মাণ করছেন। জানা যায়, সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ম্যাইঙ্গাপাড়া গ্রামে শঙ্খ নদীতে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলে প্রবল ভাঙনের মুখে বিলীন হয়ে যাচ্ছে শত শত ঘরবাড়ি। পানি উন্নয়ন বোর্ড থেকে উপজেলার কাটগড় মৌজা থেকে উত্তর কালিয়াইশ সীমান্ত পর্যন্ত ৬০০ ফুট পাথর স্ল্যাব ও ৫৫০ ফুট সিসি ব্লক দিয়ে বেঁড়িবাধ নির্মাণ করেছে। কিন্তু উজানের দিকে আরও প্রায় দুই হাজার ৩০০ ফুট এলাকা প্রবল ভাঙনের মুখে রয়েছে। প্রতিবছর বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তীব্র ভাঙনে মুখে পড়ে বিলীন হয়ে গেছে এ এলাকার ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বহু ঘরবাড়ি। এলাকাবাসী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বহু তদবির করে কোনো সাড়া না পেয়ে নিজ উদ্যোগে ইট-সুরকি ও সিমেন্ট মিশ্রিত বালির বস্তা দিয়ে বেঁড়িবাধ নির্মাণ করছেন বলে জানালেন বেঁড়িবাধ নির্মাণকাজ পরিচালনাকারী ছগির আহমদ। এ ছাড়া ম্যাইঙ্গাপাড়া ও আলমগীর সীমান্তে অনুরূপভাবে আরও একটি বেড়িবাঁধ নির্মাণ করেছে বলেও তারা জানান। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ২০ জন শ্রমিক বাঁধ নির্মাণের কাজ করছেন। এলাকার বাসিন্দা মাস্টার ছিদ্দিক আহমদ, দেলোয়ার হোসেন, মুন্সি মিয়া ও মালেক খান প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ব্যয় হয়েছে চার লাখ টাকা। তাঁরা আরও জানান, স্থানীয় সাংসদ চার টন গম বাবদ ৬০ হাজার টাকা ও স্থানীয় চেয়ারম্যান এক লাখ ৫০ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন। ৬০ ফুট দৈর্ঘ্য ও ৪০ ফুট প্রস্থ এ বাঁধে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। অনুদানে প্রাপ্ত অর্থ ছাড়া বাকি কাজের ব্যয় এলাকাবাসীর চাঁদা দিয়েই নির্বাহ করা হবে । কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান সব্বির আহমদ ওসমানী প্রথম আলোকে বলেন, এভাবে স্রোতের গতিমুখ দেখে আরও চার-পাঁচটি বাঁধ নির্মাণ করা গেলে এ এলাকায় নদীর ভাঙন অনেকটা রোধ করা সম্ভব হবে। তিনি আরও বলেন, ‘আমি এ বাঁধ নির্মাণে দেড় লাখ টাকা প্রদানের ঘোষণা দিলেও এলজিএসপি, থোক বরাদ্দ ও কর্মসৃজন খাত থেকে দুই লক্ষাধিক টাকা প্রদান করেছি। অবশ্য বাঁধ নির্মাণকাজের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চেয়ারম্যানের কাছ থেকে তাঁরা পেয়েছেন মাত্র এক লাখ টাকা। বাকি এক লাখ টাকার ব্যাপারে তাঁরা কিছুই জানেন না। এ ব্যাপারে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আজাদ ছাল্লালের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বেড়িবাঁধের নির্মান কাজ উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের সামনে কালিয়াইশ ইউনিয়নের চেয়ারম্যান ১ লক্ষ ৫০ হাজার টাকার প্রদানের আশ্বাস দেয়ার কথা জানি, পরবর্তীতে উক্ত বেড়িবাঁধ নির্মাণে কত টাকা দেয়া হয়েছে তা আমার জানা নেই।