স্বচালিত ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

গাড়ির নাম ওটো। চালক ছাড়াই নিজে নিজে চলতে পারে। চলতি বছরের শেষের দিকে এটি পরীক্ষামূলকভাবে নামবে বড় রাস্তায়। গাড়িটির নির্মাতারা সম্প্রতি এ খবর দিয়েছেন।
গুগল মোটরগাড়ি ও মানচিত্র প্রকল্পের প্রযুক্তিবিদ অ্যান্থনি লেভান্দোওস্কি এবং লায়র রোন এই ওটো প্রকল্পে কাজ করছেন। তাঁদের যুক্তরাষ্ট্রের নর্দার্ন ক্যালিফোর্নিয়া অঞ্চলে গোমেন্টাম স্টেশন নামের একটি সুবিশাল মাঠ রয়েছে। সেখানে স্বচালিত গাড়িচালনার পরীক্ষা চালানো হয়। লেভান্দোওস্কি ও রোন আগামী কয়েক সপ্তাহের মধ্যে গোমেন্টাম স্টেশনে পাঁচটি ভলভো ট্রাক নামাবেন। আর এ বছরের শেষ নাগাদ ওটো নামের স্বচালিত গাড়ির যাত্রা শুরু হবে সান ফ্রান্সিসকোর উত্তরে, কনকর্ডে।
প্রতিষ্ঠানটি ২০১৭ সালের মধ্যে এ রকম আরও বহু গাড়ি রাস্তায় নামাতে চায়। তবে ওটো বাজারে বিক্রির দিনক্ষণ এখনো ঘোষণা করা হয়নি।
কী আছে ওটো গাড়িতে? নির্মাতারা বলছেন, দূরপাল্লার গাড়ির সর্বোচ্চ কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন তাঁরা। তাই রাস্তার দিকে বেশি নজর দিতে হয়েছে। ওটো ট্রাকে যুক্ত রয়েছে বহু সেন্সর বা সংবেদী যন্ত্র এবং মানচিত্র তৈরির প্রযুক্তি। এগুলো ব্যবহার করে গাড়িটি নিজে নিজেই দিক বা গতিপথ নির্ণয় করে এবং প্রয়োজনীয় পরিবর্তনের তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে পারে।
গাড়িটির পরীক্ষা কীভাবে চালানো হবে, তা জানানো হয়নি। বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, স্বচালিত গাড়ির প্রযুক্তিটি যাত্রীবাহী মোটরগাড়ির পরিবর্তে প্রথমে ট্রাকের ক্ষেত্রে চালু করতে হবে। তাহলে সেগুলো মহাসড়কে চলবে। ফলে দুর্ঘটনার আশঙ্কা কম থাকবে।