>

চলতি বছরের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হন আ জ ম নাছির উদ্দীন। মেয়রের দায়িত্ব গ্রহণ করেন ২৬ জুলাই। ২ নভেম্বর পার করেছেন ১০০ দিন। এ নিয়ে গত ৩০ অক্টোবর দুপুরে তাঁর কার্যালয়ে প্রথম আলোর মুখোমুখি হন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন সুজন ঘোষ
প্রথম আলো: আপনার দৃষ্টিতে দায়িত্ব গ্রহণের ১০০ দিনের মূল্যায়ন?
আ জ ম নাছির উদ্দীন: পাঁচ বছর মেয়াদের প্রথম ১০০ দিন আসলে পর্যাপ্ত সময় নয়। এ সময় সিটি করপোরেশনের অভ্যন্তরীণ অবস্থা বুঝতে কিছু সময় লেগেছে। যে পরিস্থিতি দেখেছি, তাতে আমি হতবাক। একটি সেবাধর্মী প্রতিষ্ঠান এ রকম নাজুক হতে পারে না। করপোরেশনের অভ্যন্তরে অনিয়ম-দুর্নীতি ও প্রশাসনিক বিশৃঙ্খলা নিত্যনৈমিত্তিক হয়ে পড়েছে। তাই দায়িত্ব নেওয়ার পর প্রধান চ্যালেঞ্জ ছিল প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনা। এ জন্য অনেক ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে।
প্রথম আলো: প্রশাসনিক শৃঙ্খলা ফিরিতে আনতে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন?
আ জ ম নাছির উদ্দীন: সিটি করপোরেশনের সব কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার চেষ্টা করছি। কর্মকর্তা-কর্মচারীরা যাতে প্রতিটি কাজে আন্তরিক হন, সে জন্য তাঁদের উৎসাহ দিচ্ছি। তাঁদের সঙ্গে নিয়মিত বৈঠক করছি। এরপরও অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। ইতিমধ্যে কিছু ব্যবস্থা নিয়েছি।
প্রথম আলো: এবার আসি নির্বাচনী প্রতিশ্রুতিতে। প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি জলাবদ্ধতা নিরসনে কত দূর এগোলেন?
আ জ ম নাছির উদ্দীন: সময়োপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় এই সমস্যা এখন প্রকট ও ব্যাপক আকার ধারণ করেছে। সিটি করপোরেশনের একার পক্ষে এই সমস্যা সমাধান করা কখনো সম্ভব নয়। এ জন্য স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিতে হবে। বর্ষা মৌসুম শেষ হচ্ছে। নগরের খাল, নালা-নর্দমা খনন ও সংস্কার করার জন্য দরপত্র বিজ্ঞপ্তি দেওয়া হবে। আর অনুমোদন পাওয়া নতুন খাল খননে অর্থ ছাড়ের প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এখানে ভূমি অধিগ্রহণ করতে হবে। যা জটিল ও কঠিন কাজ। তাই সংশ্লিষ্ট ব
্যক্তিদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আলোচনার মাধ্যমে তাড়াতাড়ি এই কাজটি শেষ করতে চাই। আর বিষয়টি নিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, ওয়াসা ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বৈঠক করেছি।
প্রথম আলো: অন্যান্য নাগরিক সেবা নিশ্চিত করার ব্যাপারে আপনি কী করছেন?
আ জ ম নাছির উদ্দীন: সিটি করপোরেশন প্রধানত রাস্তাঘাট সংস্কার, বর্জ্য পরিষ্কার ও সড়ক আলোকিত—এই তিনটি সেবা দিয়ে থাকে। চট্টগ্রাম সিটি করপোরেশন এই তিনটি ছাড়াও স্বাস্থ্য ও শিক্ষা খাতে সেবা দিচ্ছে। পাঁচটি কাজেরই আঙ্গিক বিশাল। কিন্তু এসব সেবা দেওয়ার জন্য যে রকম পরিকল্পনা ও দক্ষ জনবল থাকা প্রয়োজন, তা নেই। এখন সমস্যা চিহ্নিত করে প্রয়োজনীয় দক্ষ জনবল নিয়োগ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। এ ব্যাপারে মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন আছে।
এখন রাতে বর্জ্য অপসারণ করা হচ্ছে। এর ফলে দিনে ময়লা-আবর্জনার দুর্গন্ধ নেই। নগরের রাস্তাঘাট সংস্কারের ব্যাপারে আমার একটি পরিকল্পনা আছে। আমার মেয়াদের পাঁচ বছরের মধ্যে নগরের সব কটি সড়ক পিচঢালাই করা হবে। প্রতিটি ওয়ার্ডকে নাগরিক সুযোগ-সুবিধার আওতায় নিয়ে আসা হবে। সততা, স্বচ্ছতা, আন্তরিকতা ও জবাবদিহির মাধ্যমে দায়িত্ব পালন করে চট্টগ্রামকে একটি ক্লিন ও গ্রিন সিটিতে রূপান্তর করব।
প্রথম আলো: সিটি করপোরেশনের কর আদায়ে বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এ ছাড়া কর প্রদানপদ্ধতি সহজ করতে কী পরিকল্পনা আছে?
আ জ ম নাছির উদ্দীন: করপোরেশনের আয়ের মূল উৎস হচ্ছে পৌরকর। যে হারে কর আদায় হওয়ার কথা, তা হয় না। কর আদায়ের ক্ষেত্রে অনিয়ম-দুর্নীতি রয়েছে। অনেক ক্ষেত্রে কর আদায়কারীরা করদাতাদের যোগসাজশে সর্বোচ্চ ছাড় দেন। আমি সমস্যাগুলো চিহ্নিত করেছি। এখন কয়েকটি ওয়ার্ডে নতুনভাবে অ্যাসেসমেন্ট শুরু হবে। জনগণকে সম্পৃক্ত করে এবং স্বচ্ছ প্রক্রিয়ায় কর নির্ধারণ করা হবে।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।
আ জ ম নাছির উদ্দীন: আপনাদেরও ধন্যবাদ।