স্বজনদের চোখে শুধুই অন্ধকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্বৃত্তদের হাতে খুন হওয়া বার আউলিয়া কলেজের ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমানের মায়ের কান্না যেন থামছে না  প্রথম আলো
দুর্বৃত্তদের হাতে খুন হওয়া বার আউলিয়া কলেজের ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমানের মায়ের কান্না যেন থামছে না প্রথম আলো

‘আমার বাপ্পী তো কারও ক্ষতি করেনি। পাঁচ বছর আগে ওর বাবা মারা যাওয়ার পর অল্প বয়সেই সে সংসারের দায়িত্ব নেয়। টিউশনি করে নিজের খরচ জোগাড়ের পাশাপাশি সংসারেও সাহায্য করত। আজ আমাকে কে দেখবে, কীভাবে সংসার চলবে কিছুই বুঝতে পারছি না। আমার ভাইয়েরা কিছু সাহায্য করে। জানি না এভাবে কত দিন চলবে।’
বলতে বলতে দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছিল জেসমিন আকতারের। তিনি গত বছর ১১ নভেম্বর দুর্বৃত্তের হাতে নিহত লোহাগাড়া বার আউলিয়া কলেজের ছাত্রলীগ সভাপতি মাহবুবুর রহমান ওরফে বাপ্পীর মা। ওই দিন রাত সাড়ে ১১টায় তিন বন্ধুসহ নিজ বাড়িতে যাওয়ার পথে দুর্বৃত্তরা বাপ্পীকে জবাই করে হত্যা করে।
জেসমিন আকতার জানান, ঘটনার আড়াই মাস পরও আসামিরা ধরা পড়েনি। এ ব্যাপারে পুলিশের সহায়তাও মিলছে না। গরিব বলে ছেলে হত্যার বিচার পাবেন না বলে আশঙ্কা করেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের শেষের দিকে জামায়াত-শিবিরের সহিংস তাণ্ডবের সময় বাপ্পীসহ পর পর তিনটি হত্যাকাণ্ড ঘটে লোহাগাড়ায়। এসব ঘটনার শিকার প্রতিটি পরিবার তাদের উপার্জনক্ষম ব্যক্তিদের হারিয়ে অভাব-অনটনে পড়ে অসহায় জীবনযাপন করছে। হত্যাকাণ্ডের শিকার অন্য দুজন হলেন পদুয়া ফরিয়াদিকুলের হানিফারচর জামে মসজিদের ইমাম আবদুল মান্নান এবং সুখছড়ি দরবার শরিফ বাজারের নৈশপ্রহরী সুদর্শন নাথ। নিহত ব্যক্তিদের স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের অনেকে এলাকায় থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। পুলিশের তদন্তের অগ্রগতিও সন্তোষজনক নয়।
জানা যায়, বাপ্পী নিহত হওয়ার পর তাঁর মা জেসমিন জামায়াত-শিবিরের ১২ নেতা-কর্মীকে আসামি করে মামলা দায়ের করেন। পুলিশ এ পর্যন্ত এজাহারনামীয় আসামি আরিফুর রহমান এবং সন্দেহভাজন আসামি মো. রুবেলকে গ্রেপ্তার করলেও মূল হোতাদের ধরতে পারেনি।
গত বছর ১৮ নভেম্বর ভোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন পদুয়া ফরিয়াদিকুলের হানিফারচর জামে মসজিদের ইমাম আবদুল মান্নান। তাঁর স্ত্রী আয়েশা বেগম জানান, তাঁদের কোনো বাইরের শত্রু নেই। জায়গা-জমির বিরোধকে কেন্দ্র করে মান্নানকে হত্যা করা হয়েছে। এ ব্যাপারে ছয়জনকে আসামি করে থানায় মামলা করা হলেও কেউ গ্রেপ্তার হয়নি। তবে পুলিশ এ ঘটনায় মো. টিপু ও সজল দাশ নামে দুই ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে বলে জানা গেছে।
আয়েশা বেগম বলেন, ‘আমার স্বামী মাত্র তিন হাজার টাকা বেতনে চাকরি করতেন। তাঁর মৃত্যুর পর থেকে দুই সন্তানকে নিয়ে খুবই কষ্টের মধ্যে দিন কাটাচ্ছি। মাঝেমধ্যে ভাইয়েরা সাহায্য করেন। সামনের দিনগুলোতে কীভাবে চলব কিছুই ভাবতে পারছি না।’
সর্বশেষ গত বছর ৩ ডিসেম্বর রাতে সুখছড়ি দরবার শরিফ বাজারের নৈশপ্রহরী সুদর্শন নাথকে খুন করে দুর্বৃত্তরা। পরদিন সকালে স্থানীয় দোকানিরা দোকান খুলতে গিয়ে পার্শ্ববর্তী পরিত্যক্ত জমিতে সুদর্শনের লাশ দেখতে পান।
সুদর্শনের স্ত্রী অঞ্জলী বালা দেবী বলেন, ‘স্বামীর মৃত্যুর পর চার মেয়ে এক ছেলের এক বেলা খাবার জোটে আবার অন্য বেলা উপোষ থাকতে হয়। প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিরা কিছু সাহায্য করার আশ্বাস দিলেও এখনো কিছুই পাইনি। বাধ্য হয়ে দুই মেয়েকে পোশাক কারখানায় চাকরিতে পাঠিয়ে দিয়েছি।’
অঞ্জলীর মতে, পুলিশসহ এলাকার অনেকে জানেন সুদর্শনকে কারা, কী কারণে হত্যা করেছে। কিন্ত এ ঘটনার তদন্তে পুলিশের তেমন গরজ নেই। সুদর্শনের ভাই সুজিত মোহন নাথ কারও নাম উল্লেখ না করে মামলা দায়ের করেন। এ ঘটনায় শিবির ক্যাডার নেসার উদ্দিন ও সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করে পুলিশ।
জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, দীর্ঘদিন লোহাগাড়া উপজেলায় রাজনৈতিক সহিংসতা চলার কারণে তদন্তে অগ্রগতি হয়নি।
তবে এখন পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক হওয়ায় মামলার মূল আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তদন্তে কারও গাফিলতি থাকলে অবশ্যই তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি মন্তব্য করে।