স্বজনদের দুঃসহ প্রতীক্ষা
বান্দরবানে নাইক্ষ্যংছড়ির আশারতলী গ্রামের আমেনা খাতুনের নির্ঘুম রাত কাটে নানা দুর্ভাবনায়। সারা দিন কান খাড়া করে রাখেন দরজায় কড়া নাড়ার শব্দ শোনার প্রতীক্ষায়। এক মাসেরও বেশি সময় পার হয়ে গেছে স্বামীর কোনো খবর পাননি। জীবিত আছেন কি না, সেটাই জানেন না। সংসারের চাকা ঘুরছে না। ছেলেমেয়েদের লেখাপড়াও বন্ধ হওয়ার পথে। তবু ভালো একটা খবর শোনার আশায় আছেন তিনি।
১১ জানুয়ারি বিকেলে বান্দরবানের আশারতলী গ্রামের আমেনা খাতুনের সঙ্গে কথা হয়। স্বামী ছৈয়দ আলমের (৪০) জন্য তাঁর অপেক্ষা যেন শেষ হচ্ছে না। তিনি বলেন, গত ১৫ ডিসেম্বর সকালে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ৪৬-৬৭ নম্বর পিলারের মাঝেরঝড়া এলাকা থেকে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) তাঁর স্বামীকে ধরে নিয়ে যায়। এর আগের দিন গ্রামের আরেক বাসিন্দা জয়নাল আবেদিন অপহৃত হলে ছৈয়দ আলম তাঁর খোঁজ নিতে গিয়েছিলেন সীমান্তে। ২৩ জানুয়ারি এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছৈয়দ আলমের খোঁজ পাননি পরিবারের সদস্যরা।
১৪ ডিসেম্বর একই এলাকা থেকে অপহৃত হওয়া জয়নাল আবেদিনেরও (২০) খোঁজ পাননি তাঁর পরিবার। আশারতলী গ্রামের এই বাসিন্দাকেও বিজিপি ধরে নিয়ে গেছে বলে দাবি স্বজনদের। অপহরণের আগে জয়নালকে গুলিও করা হয়েছিল বলে জানান তাঁর পরিবারের সদস্যরা।
নিখোঁজ ছৈয়দ আলম ও জয়নালের স্বজনদের দিন কাটছে স্বজনদের কোনো একটা খবর শোনার আশায়। কিন্তু সে আশা পূরণ হচ্ছে না। বিজিপি এ ব্যাপারে এখনো কোনো তথ্য দেয়নি।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সূত্রে জানা গেছে, পরদিন ১৫ ডিসেম্বর বাংলাদেশি দুই নাগরিককে ফেরত চেয়ে বিজিপির কাছে চিঠি পাঠায় বিজিবি কর্তৃপক্ষ। এরপর ১৮ ডিসেম্বর মিয়ানমারের রাষ্ট্রদূত মিও মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ বিষয়ে তীব্র নিন্দা জানানো হয় এবং দুই বাংলাদেশি নাগরিককে ফিরিয়ে দেওয়া আহ্বান জানানো হয়।
বিষয়টি নিয়ে ২৩ ডিসেম্বর ও চলতি মাসের ৫ তারিখ নাইক্ষ্যংছড়ির লেম্বুছড়ি ও ঘুমধুম সীমান্তে বিজিবি ও বিজিপির মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পৃথক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে নিখোঁজ দুই বাংলাদেশিকে ফিরিয়ে দেওয়ার দাবি করা হয়। কিন্তু বিজিপি এ ব্যাপারে কোনো তথ্য দিচ্ছে না।
১০ জানুয়ারি বিকেলে আশারতলী গ্রামের নিখোঁজ দুই ব্যক্তির বাড়িতে গিয়ে শোকাবহ পরিবেশ দেখা গেছে। ছৈয়দ আলমের স্ত্রী আমেনা খাতুন বলেন, ‘আমার স্বামী ছৈয়দ আলম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য হলেও এলাকায় দিনমজুরি করে সংসার চালাতেন। মিয়ানমারে তিনি জীবিত আছেন নাকি মারা গেছেন, তাও জানতে পারছি না।’
ছৈয়দ আলমের সাত ছেলেমেয়ের মধ্যে রহিমা বেগম, সাইফুল ইসলাম, ইয়াছমিন আক্তার ও সেলিনা আক্তার আশারতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে। বড় ছেলে ইকবাল হোসেন চট্টগ্রাম শহরের একটি দোকানে কাজ করেন। বাবার খোঁজে তিনিও গ্রামে এসেছেন।
নিখোঁজ জয়নাল আবেদিনের বাড়িতে গিয়ে তাঁর বাবা মোহাম্মদ হোসেন ও মা ফাতেমা খাতুনকে কান্নাকাটি করতে দেখা গেছে। ফাতেমা খাতুন বলেন, ‘আমার ছেলেকে ওরা গুলি করে ধরে নিয়ে গেছে। এখন তাকে জীবিত দেখতে চাই।’
জয়নালের বড় ভাই আলী হোছেন জানান, চার ভাই তিন বোনের মধ্যে সপ্তম জয়নাল আবেদিন। লেখাপড়া করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। কৃষিকাজ করতেন তিনি। নিখোঁজ হওয়ার এক মাস পরই তাঁর বিয়ে হওয়ার কথা ছিল।
আশারতলী গ্রামের সাবেক ইউপি সদস্য নূর হোসেন বলেন, সম্প্রতি মিয়ানমারের এক বিজিপি সদস্য বাংলাদেশে আটক হন। পরবর্তী সময়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি তাঁকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়েছে। অথচ দেশটি দুই বাংলাদেশির ব্যাপারে মিয়ানমার কোনো তথ্য দিচ্ছে না।
এ প্রসঙ্গে নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসান মোরশেদ বলেন, ‘দুই বাংলাদেশির সন্ধান জানতে বিজিবি মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে। ইতিমধ্যে দুবার পতাকা বৈঠক হয়েছে। বৈঠকে বিজিপি জানিয়েছে, দুই বাংলাদেশির ব্যাপারে তারা কিছুই জানে না। আমরা দুই বাংলাদেশিকে জীবিত অথবা মৃত ফেরত চেয়েছি। আগামী ফেব্রুয়ারি মাসে মিয়ানমারে অনুষ্ঠিত হবে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে আরেকটি পতাকা বৈঠক। তার আগেই এ বিষয়ে মিয়ানমারের বক্তব্য আশা করছি আমরা।’