স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধন
প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতন–কাঠামো পুনর্নির্ধারণ, সিলেকশন গ্রেড প্রদান ও স্বতন্ত্র পে-স্কেলের দাবিতে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সাইন্সেস বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি মানববন্ধন করেছে। গত ২৭ জুন বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের জাকির হোসেন সড়কে শিক্ষকেরা মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
শিক্ষকনেতারা প্রস্তাবিত জাতীয় বেতন–কাঠামো প্রত্যাখ্যান করে তা পুনর্নির্ধারণ ও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে–স্কেল প্রবর্তনের দাবি জানান।
সমিতির সভাপতি মো. মাসুদুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কবিরুল ইসলাম খানের পরিচালনায় মানববন্ধন–পরবর্তী সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকেরা অংশ নেন। বক্তব্য দেন অধ্যাপক নুরুল আবছার খান, খন্দকার নুরুল ইসলাম, রায়হান ফারুক, মো. আলমগীর হোসেন, গৌতম কুমার দেবনাথ, গৌরাঙ্গ চন্দ্র প্রমুখ। বিজ্ঞপ্তি।