স্বদেশ পল্লির উদ্বোধন করলেন বিবি রাসেল
৬ জুলাই সন্ধ্যা ছয়টায় চট্টগ্রামের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুজ্জীবিত করার প্রত্যয়ে মুরাদপুরে স্বদেশ পল্লির উদ্বোধন করেন বিশ্বখ্যাত ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল। লোকজ সংস্কৃতি ও ফ্যাশন-জগতের নবতর ভাবনা নিয়ে স্বদেশ পল্লির যাত্রা। প্রান্তিক মানুষের নির্মিত কারুশিল্পের সামগ্রী, তাঁত ও জামদানি শাড়ি, ব্লকসহ নানা দেশজ শিল্পের সমাহার থাকবে এই প্রতিষ্ঠানে। উদ্বোধনের সময় প্রধান অতিথি বিবি রাসেল বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে বিপ্লবতীর্থ। সামাজিক সৃজনশীল কর্মে চট্টগ্রাম যুগে যুগে আলোর পথ দেখিয়েছে। হরিকেল থেকে চট্টগ্রাম—প্রাচ্যের গর্বিত রানি, বারো আউলিয়ার পুণ্যভূমি, স্বদেশ সংগ্রাম থেকে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ পর্যন্ত এ জনপদের রয়েছে অগ্রণী ভূমিকা। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে তৃণমূল মানুষের উৎপাদিত সামগ্রী ও সেবার অঙ্গীকার নিয়ে আজ থেকে যাত্রা শুরু করল স্বদেশ পল্লি। এটি আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন জায়গায় আমাদের লোকজ ভান্ডার ও সংস্কৃতিকে আলোকিত করবে।’ স্বাগত বক্তব্যে স্বদেশ পল্লির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শহীদ উদ্দীন জানান, কর্মসংস্থান ও নারীদের ক্ষমতায়নে নিজস্ব উৎপাদনকেন্দ্রে উৎপাদিত সামগ্রী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া আমাদের লক্ষ্য। এতে গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, বিভিন্ন দেশের দূতাবাস প্রতিনিধি উদ্বোধনী ও ফ্যাশন শোতে উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর ছিল শিল্পী উত্তম ঘোষের নির্দেশানায় এক বর্ণাঢ্য ফ্যাশন শো। অনুষ্ঠান পরিচালনায় ও সার্বিক দায়িত্ব পালন করেন লোকশিল্পী রঘুনাথ চক্রবর্তী।